বাংলাদেশের সিরিজেই নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াইটা একতরফা হয়ে যাচ্ছিল দিন দিন। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটিংবান্ধব সব নিয়মের কারণে যেন কিছুটা অসহায় হয়ে পড়েছিলেন বোলাররা। অবশেষে একতরফা সেই লড়াইয়ে কিছুটা ভারসাম্য আনার পদক্ষেপ নিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। ওয়ানডে ক্রিকেটে আর থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে। আগের নিয়মে ১৫ থেকে ৪০ ওভারের মধ্যে বাধ্যতামূলকভাবে ৫ ওভার ব্যাটিং পাওয়ার প্লে নিতে হতো। এই সময়ে ৩০ গজি বৃত্তের বাইরে থাকত মাত্র তিনজন ফিল্ডার। নতুন নিয়মে ব্যাটিং পাওয়ার প্লে-ই বাদ।
ব্যাট ও বলের লড়াইয়ে ভারসাম্য আনতে আরও কিছু নিয়ম বদলেছে আইসিসি। সীমিত ওভারের ক্রিকেটে ব্যাটসম্যানরা এখন বোলারদের চেয়ে অনেক বেশি সুবিধা পান উল্লেখ করে আইসিসির ক্রিকেট কমিটি বেশ কিছু নিয়ম পরিবর্তনের সুপারিশ করেছিল। গত শুক্রবার বারবাডোজে আইসিসির বার্ষিক সভায় তা অনুমোদিত হয়। আগামী ৫ জুলাই থেকে এই নতুন নিয়মগুলো কার্যকর হবে বলে জানানো হয়েছে আইসিসির পক্ষ থেকে। তার মানে আগামী ৫ জুলাই বাংলাদেশে শুরু বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজেই খেলা হবে নতুন নিয়মে।
ব্যাটিং পাওয়ার প্লে বাদ হয়ে যাওয়ার পাশাপাশি প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় ১৫ গজি বৃত্তের মধ্যে ক্যাচ নেওয়ার জন্য বাধ্যতামূলক দুজন ফিল্ডার রাখার নিয়মও প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া শেষ ১০ ওভারে ৩০ গজের বাইরে আগে যেখানে সর্বোচ্চ চারজন ফিল্ডার রাখা যেত, এখন রাখা যাবে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার। ফলে এখন থেকে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুজন খেলোয়াড় ৩০ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচজন ৩০ গজের বাইরে থাকতে পারবেন।
এ ছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ধরনের ক্রিকেটেই সব ধরনের নো বলের জন্য ফ্রি-হিটের নিয়ম চালু করেছে আইসিসি। আগে শুধু ওভার স্টেপিংয়ের কারণে নো বল হলে ব্যাটসম্যানরা পেতেন ফ্রি-হিটের সুবিধা।
নতুন এই নিয়মগুলোর কথা জানিয়ে এক বিবৃতিতে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘খুবই সফল একটা বিশ্বকাপের পর আমরা এক দিনের ক্রিকেটের ফরম্যাটটা ভালোভাবে পর্যালোচনা করেছি। প্রাণবন্ত ও জনপ্রিয় এই ফরম্যাটে আমূল পরিবর্তন আনার প্রয়োজন আছে বলে আমাদের মনে হয়নি। কিন্তু ফরম্যাটটিকে মানুষের কাছে আরও সহজ করতে ও বল ব্যাটের মধ্যে ভারসাম্য আনতেই এই নতুন নিয়ম চালু করা হচ্ছে।’ এএফপি, রয়টার্স।