বাংলাদেশের সুইং-স্পিনে চাপে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেমিফাইনালে টসের সময় দুই দলের অধিনায়ক। ছবি: ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুইটার পেজ
সেমিফাইনালে টসের সময় দুই দলের অধিনায়ক। ছবি: ক্রিকেট ওয়ার্ল্ড কাপ টুইটার পেজ
পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ


হোক না ছোটদের, তবু তো বিশ্বকাপের সেমিফাইনাল। পুরোপুরি ‘ছোট’ও বলা যায় না, জাতীয় দলে ঢোকার আগের ধাপটাই তো অনূর্ধ্ব-১৯। যেহেতু বয়সভিত্তিক এ দল থেকে অনেকেই সরাসরি উঠে আসেন জাতীয় দলে। শরিফুল ইসলাম কি সে পথেই হাঁটছেন? পচেফস্ট্রুমে আজ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের গতি ও সুইংয়ে নাকানি-চুবানি খাইয়েছেন বাঁহাতি এ পেসার।

টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ওভার থেকেই ভেতরে-বাইরে সুইং পেয়েছেন শরিফুল। সঙ্গে ছিল ভালো লেংথ থেকে বুক সমান উচ্চতায় ওঠা বাউন্স। নিউজিল্যান্ডের দুই ওপেনার রিস মারিউ ও ওলি হোয়াইট তাকে প্রায় ছেড়ে খেলেছেন। মানে, বল একদম স্টাম্পে না থাকলে ব্যাটে খেলার চেষ্টা করেছেন খুব কমই। শরিফুল এক প্রান্ত থেকে দুর্দান্ত বল করে ব্যাটসম্যানদের চাপে ফেলার সুফল তুলে নেন স্পিনার শামীম হোসেন।

দ্বিতীয় ওভারে মারিউকে (১) স্লিপে ক্যাচে পরিণত করেন এ অফ স্পিনার। ১২তম ওভারে হোয়াইটকে (১৮) তুলে নেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান। উইকেটরক্ষক ও অধিনায়ক আকবর আলীকে ক্যাচ দেন হোয়াইট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভারে ২ উইকেটে ৪৭ রান তুলেছে নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। নিজের প্রথম স্পেলে ৪ ওভারে ২ মেডেন নিয়ে মাত্র ৭ রান দিয়েছেন শরিফুল। শুরু থেকেই আজ দারুণ ছন্দে ছিলেন তিনি। দুর্ভাগ্য যে এখনো উইকেটের দেখা পাননি। শরিফুল ও শামীমের (৩-১-১৪-১) স্পেল শেষে স্পিনার রাকিবুল এবং অন্য প্রান্ত থেকে পেসার তানজীম হাসানকে বোলিংয়ে এনেছেন অধিনায়ক আকবর আলী। রাকিবুল এ পর্যন্ত ৫ ওভারে ৩ মেডেন নিয়ে ৮ রানে ১ উইকেট নিয়েছেন।