বাংলাদেশের সেই অবিশ্বাস্য কীর্তি মনে করাচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৫ সালের সেই স্মরণীয় সিরিজে হোয়াটমোরকে জয় এনে দিয়েছিলেন রানা। গত জানুয়ারিতেও রানার বাড়িতে তাঁর মায়ের সঙ্গে দেখা করে এলেন এখনকার জিম্বাবুয়ে কোচ। ছবি: বিসিবি
২০০৫ সালের সেই স্মরণীয় সিরিজে হোয়াটমোরকে জয় এনে দিয়েছিলেন রানা। গত জানুয়ারিতেও রানার বাড়িতে তাঁর মায়ের সঙ্গে দেখা করে এলেন এখনকার জিম্বাবুয়ে কোচ। ছবি: বিসিবি

সিরিজে ২-০তে পিছিয়ে পড়লেই তো খেল খতম। ৩ ম্যাচের সিরিজ হলে তো কথাই নেই। ৫ ম্যাচের সিরিজেও প্রথম দুটি হেরে গেলে আর জেতার আশা না করাই ভালো। ইতিহাসে মাত্র তিনবার এমন ঘটনা ঘটেছে, যেখানে ৫ কিংবা তার বেশি ম্যাচের সিরিজে প্রথম দুটিতে হেরেও সিরিজ জিতেছে কেউ। বাংলাদেশ গর্ব করতে পারে। খুবই বিরল এই কীর্তির মধ্যে যে আছে বাংলাদেশের নামও! দক্ষিণ আফ্রিকা কি বাংলাদেশের কাছ থেকে অনুপ্রেরণা নেবে?

বাংলাদেশের এই কীর্তিটা অনেকেরই মনে থাকার কথা। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের সঙ্গে প্রথম দুই ম্যাচই হেরে গিয়েছিল বাংলাদেশ। টেস্ট সিরিজ হেরে যাওয়ার যন্ত্রণায় জিম্বাবুয়ে যেন চোঁয়াল বেঁধে মাঠে নেমেছিল। কিন্তু ইতিহাসে প্রথম টেস্ট জয়, সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্ষুধা যে তখনো মরেনি!
ঘুরে দাঁড়ানোর শুরুটা চট্টগ্রামে ৪০ রানের জয় দিয়ে। এর পর ঢাকায় ৫৮ রানের আরেকটি জয়ে সিরিজে ফেরায় সমতা। দুইটি জয়েই সামনে থেকে পথ দেখিয়েছিলেন প্রয়াত ক্রিকেটার মানজারুল ইসলাম রানা, হয়েছিলেন ম্যাচ সেরা। তৃতীয় ও চতুর্থ ম্যাচে তাও একটু প্রতিদ্বন্দ্বিতা ছিল, সিরিজ নির্ধারণী ম্যাচে সেটাও হলো না। বাংলাদেশের ৮ উইকেটের জয়ে মোহাম্মদ রফিক-আফতাব আহমেদের সেই তাণ্ডব তো অনেকের স্মৃতিতে এখনো উজ্জ্বল।
২০০৫ সালে বাংলাদেশের এই কীর্তি টাটকা থাকতে থাকতে তা করে দেখায় পাকিস্তান। কয়েক মাস পর সেবার ভারত সফরে গিয়ে প্রথম দুইটি ম্যাচই হেরে গিয়েছিল তারা। পরের চারটি ম্যাচ জিতে পাকিস্তানই শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে নিয়েছে সিরিজ। সেটিই এখন পর্যন্ত ওয়ানডেতে কোনো সিরিজে ২-০তে পিছিয়ে থেকেও সিরিজ জয়ের সর্বশেষ ঘটনা। ১১ বছর পর দক্ষিণ আফ্রিকার সামনে এসেছে আবার সেই সুযোগ।
বাংলাদেশ নয়, প্রেরণার জন্য দক্ষিণ আফ্রিকা নিজেদের ইতিহাসের দিকেই তাকাতে পারে। ২০০৩ সালে পাকিস্তানের সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে লাহোরের প্রথম দুই ম্যাচে হেরে গিয়েছিল প্রোটিয়ারা। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর ঘুরে দাঁড়াতে শুরু করে গ্রায়েম স্মিথের দল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তৃতীয় ওয়ানডে জেতার পর শেষ দুই ম্যাচে জয়টা আসে সহজেই।
কিন্তু দক্ষিণ আফ্রিকা কি আজ পারবে ? আগের ম্যাচটা যেভাবে মুঠো গলে প্রায় বেরিয়ে যাওয়ার পরেও জিতেছে, আত্মবিশ্বাস আর ছন্দ দুটিই তো তাদের দিকে। আজ আর জিতলে হবে আরেক ইতিহাস!