বাংলাদেশের সেই দুঃসহ স্মৃতি!

ক্যালেন্ডারের পাতা ২৯ আগস্ট তারিখটা মুছে দিতে পারলে হয়তো সবচেয়ে বেশি খুশি হতেন বাংলাদেশের সাবেক কয়েকজন ক্রিকেটার। নাঈমুর রহমান, আমিনুল ইসলাম, হাবিবুল বাশার কিংবা জাভেদ ওমর, হাসিবুল হোসেনদের কাছে ২৯ আগস্ট তারিখটা বিভীষিকার মতোই। আজ থেকে ১৫ বছর আগে ২০০১ সালের এই দিনে মুলতানে শুরু হওয়া এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের একটি টেস্টে প্রতিপক্ষের ৫ ব্যাটসম্যানের দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁদের। টেস্টের ইতিহাসে এক ইনিংসে ৫ সেঞ্চুরি হওয়ার দ্বিতীয় ও এখনো পর্যন্ত শেষ ঘটনা ছিল সেটি।
২০০১ সালের ২৯ আগস্ট। টেস্ট মর্যাদা পাওয়ার পর এক বছরও পার হয়নি। এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলার সুযোগ হয়েছিল বাংলাদেশের। দুটিই ছিল প্রতিপক্ষের অজানা, অচেনা ভেন্যুতে। একটি মুলতান, অন্যটি কলম্বো। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজ খেলার আগেই এই দুটি টেস্ট ক্রিকেটের কঠিনতম পরীক্ষার স্বাদ দিয়েছিল বাংলাদেশকে। মুলতানে পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ ব্যাটসম্যানের সেঞ্চুরি বাংলাদেশকে বুঝিয়ে দিয়েছিল, টেস্ট খেলা কখনো কখনো সাগরে সাঁতারানোর সমান!
প্রথম টেস্ট খেলার ১৬ বছর পূর্তি আজ। এই তো কিছুদিন আগেই ঢাকা টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্টটায় জিতে গেলে অন্য উচ্চতাতেই চলে যেত বাংলাদেশের ক্রিকেট। কিন্তু টেস্ট ক্রিকেটে পথচলার শুরুর দিনগুলো যে কত কঠিন ছিল, কতটা সংগ্রামমুখর ছিল, মুলতানের সেই টেস্টটির দিকে চোখ ফেরালেই অনুভব করা যাবে।
ওয়ানডেতে বাংলাদেশ এখন এক শক্তি। টেস্ট ক্রিকেটেও দুঃসহ কঠিন দিনগুলোকে অতীত বানিয়ে এগিয়ে চলেছে ভালোভাবেই। এমন সময়ে অতীতে চোখ ফেরানোটা যেন আয়নায় নিজেদের দেখাই। বিশেষ করে রাজকোট টেস্টে এক ইনিংসে ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান সেঞ্চুরির পর অনেকের মনে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে—এক ইনিংসে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডটা কোন দলের? কার বিপক্ষে হয়েছিল?
২০০১ সালে মুলতানে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের সেই ম্যাচটি বাংলাদেশ হেরেছিল ইনিংস ও ২৬৪ রানে। টসে জিতে ব্যাট করতে নেমে ওয়াকার ইউনিস ও দানিশ কানেরিয়ার বোলিংয়ে ১৩৪ রানেই অলআউট হয়ে যায় নাঈমুর রহমানের দল। মেহরাব হোসেন করেন সর্বোচ্চ ১৯ রান। ওয়াকার ৪টি আর কানেরিয়া নেন ৬ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে পাকিস্তান। সেঞ্চুরি করেন সাঈদ আনোয়ার, তৌফিক উমর, ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ (তখনকার ইউসুফ ইয়োহানা) ও আবদুল রাজ্জাক। ইনজামাম ১০৫ রান করে মাঠ থেকে উঠে যান। পাকিস্তানের ৩ উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশ। মোহাম্মদ শরীফ ১১০ রানে নিয়েছিলেন ২ উইকেট, হাসিবুল একটি উইকেট পেয়েছিলেন ১৪৫ রান খরচ করে। পাকিস্তানের ৬ ব্যাটসম্যান ব্যাট করতে নেমেছিলেন। সেঞ্চুরি পাননি কেবল ফয়সাল ইকবাল; মিয়াঁদাদের ভাগনে পরিচয়টার প্রতি যিনি পরেও সুবিচার করতে পারেননি।
টেস্ট ইতিহাসেই এমন ঘটনা আর একবারই ঘটেছিল। সেটিও ১৯৫৫ সালে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার পাঁচ ব্যাটসম্যান। এক ইনিংসে চার ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা অবশ্য ঘটেছে ১৮ বার। এই যন্ত্রণাও বাংলাদেশকে সহ্য করতে হয়েছে দুবার। দুটি টেস্টই হয়েছিল এক মাসের ব্যবধানে, ২০০৭ সালের মে ও জুন মাসে।
প্রথমে ঢাকায় ভারতের ৬১০ রানের ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শচীন টেন্ডুলকার, দিনেশ কার্তিক, ওয়াসিম জাফর ও রাহুল দ্রাবিড়। পরের মাসেই কলম্বোয় একটি টেস্টে মাইকেল ভ্যানডর্ট, মাহেলা জয়াবর্ধনে, প্রসন্ন জয়াবর্ধনে ও চামিন্ডা ভাসের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছিল শ্রীলঙ্কা। কী দিনগুলোই না গেছে বাংলাদেশের ক্রিকেটে!
তবে এক ইনিংসে চার ব্যাটসম্যানের সেঞ্চুরি সবচেয়ে বেশি হয়েছে ভারতের বিপক্ষে—সাতবার! কঠিন সময় আসলে কম-বেশি পার করেছে সব দলই।