বাংলাদেশের সেরা মাশরাফি, মাশরাফির সেরা সৌরভ-কোহলি...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফির চোখে বর্তমান সময়ের সেরা অধিনায়ক বিরাট কোহলি। ছবি: প্রথম আলো
মাশরাফির চোখে বর্তমান সময়ের সেরা অধিনায়ক বিরাট কোহলি। ছবি: প্রথম আলো

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক তিনিই। যিনি সফল তিনিই সেরা—বাংলাদেশের অধিনায়কদের সাফল্যের বিচারে মাশরাফি বিন মুর্তজা যে সবার ওপরে থাকবেন, সেটি নতুন করে বলার নেই। বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি। কিন্তু মাশরাফির চোখে সেরা অধিনায়ক কে?

২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত বাংলাদেশের অধিনায়ক বইয়ে এ প্রশ্নের সবিস্তারিত উত্তর দিয়েছেন মাশরাফি। বাংলাদেশের সফল অধিনায়কের চোখে কে কেন সেরা, আজ তাঁর বিদায়ী ম্যাচে সেটির বিশ্লেষণ দেখে নেয়া যেতে পারে আরেকবার—

বর্তমান সময়ে কোহলি
‘বর্তমান সময়ে বিরাট কোহলি। পুরো ভারতীয় জাতিকে সে বদলে দিয়েছে। শুধু ক্রিকেট না, পুরো স্পোর্টসকে যে বদলানো সম্ভব, সেটি সে দেখিয়েছে তার দৃঢ়তা, আত্মনিবেদন, কথাবার্তা দিয়ে। সে বলে ১৫০ কোটি মানুষের আমি একজন। আমি নিজে যদি না বদলাই আমার অধিকার নেই আরেকজনকে বদলানোর কথা বলা। ফিটনেস নিয়ে তার যে ভাবনা। এখন যদি দেখেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত যেভাবে খেলছে, সেটি সম্ভব হয়েছে কোহলি অধিনায়ক বলে।’

পুরো ক্রিকেটে সৌরভ–রানাতুঙ্গা
‘আগের কথার বললে সৌরভ গাঙ্গুলী ও অর্জুনা রানাতুঙ্গা। ১৯৯৯ সালে ভারতীয় ক্রিকেট যখন বিরাট সমস্যায়, যখন আজহার উদ্দিনকে বাদ দেওয়া হলো, অজয় জাদেজা যখন বাদ পড়ল তখন গাঙ্গুলী শূন্য থেকে শুরু করল। তখন সে কিছু তরুণ খেলোয়াড়কে দলে টানল যেমন হরভজন সিং, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, বীরেন্দর শেবাগ। ওই দলটাকে দাঁড় করানো এবং বিদেশের মাটিতে যেভাবে খেলেছে তাতে গাঙ্গুলীকে কৃতিত্ব দিতেই হবে। রানাতুঙ্গাও একই। অরবিন্দ ডি সিলভা, গুরুসিনহা, হাসান তিলকরত্নের মতো সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে মুত্তিয়া মুরালিধরন, চামিন্ডা ভাস, রাসেল আরনল্ড, উপুল চন্দনার মতো তরুণদের মিশ্রণ। সনাৎ জয়াসুরিয়ার সঙ্গে কালুবিথারানাকে দিয়ে ওপেন করানো, প্রথম পাওয়ার প্লেটা কাজে লাগানো—এই চিন্তাগুলোর কারণে রানাতুঙ্গাকে ভালো লাগে। তবে এই গ্রেট ক্যাপ্টেনদের সঙ্গে ব্রাকেটে রাখব রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, ইমরান খান ও মহেন্দ্র সিং ধোনিকে। ধোনি তার জীবনে যা অর্জনের সবই সে করেছে। আইসিসির তিনটা টুর্নামেন্ট সে জিতেছে।’

আর বাংলাদেশের সেরা...
‘বাংলাদেশ যদি এখনো বিশ্বকাপ জেতে তবুও বলব আমার চোখে হাবিবুল বাশার বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক। তিনি সাফল্যের ভিতটা গড়ে দিয়েছেন। অনেকে পূর্বসূরিদের কথা ভুলে যায়। আমার চোখে বাংলাদেশের সেরা অধিনায়ক সুমন ভাই (হাবিবুল)।’