বাংলাদেশের সৌজন্যে ১৪০ বছরে যা দ্বিতীয়বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরাজের আলিঙ্গনে রাজ্জাক। এই দুজন বোলিং উদ্বোধন করে গড়েছেন ইতিহাস। ছবি: শামসুল হক
মিরাজের আলিঙ্গনে রাজ্জাক। এই দুজন বোলিং উদ্বোধন করে গড়েছেন ইতিহাস। ছবি: শামসুল হক
>
  • টেস্টে প্রথমবারের মতো বাংলাদেশ প্রথম দিনের প্রথম সেশন শুরু করল দুই স্পিনার দিয়ে।
  • টেস্ট ইতিহাসের ১৪০ বছরে এ নিয়ে দ্বিতীয়বার দুই প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে ম্যাচ শুরু হয়েছে।

স্বর্গলোকে বসে দৃশ্যটা কি দেখেছেন এমএল জয়সিমহা? জীবনের গোধূলিতে এসে পৌঁছা সেলিম দুরানি সকালে চকিতে টিভিতে চোখ রেখেছিলেন কি না কে জানে! নিখাদ টেস্ট রোমান্টিক হিসেবে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টে চোখ রাখলেও রাখতে পারেন। তাঁদেরই একটি রেকর্ডের আজ পুনরাবৃত্তি করলেন মেহেদী হাসান মিরাজ ও আবদুর রাজ্জাক।

দুই স্পিন দিয়ে ইনিংস শুরু বাংলাদেশ আগেও করেছে। ঢাকাতেই ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুই প্রান্ত থেকে আক্রমণ শুরু করেছিল সাকিব আল হাসান-মেহেদী হাসান মিরাজ। সেটি ম্যাচের দ্বিতীয় ইনিংসে। প্রথমবারের মতো দুই প্রান্ত থেকে দুই স্পিনার দিয়ে ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। টেস্ট ইতিহাসের ১৪০ বছরে এ নিয়ে দ্বিতীয়বার। প্রথমটি ১৯৬৪ সালের ফেব্রুয়ারিতে কানপুরে ভারত-ইংল্যান্ড টেস্টে। জয়সিমহা-দুরানি কেন প্রাসঙ্গিক হয়ে উঠলেন বুঝতেই পারছেন।

মিলটাও দেখুন, ৫৪ বছর আগে কানপুরে ইংলিশদের বিপক্ষে টেস্টের প্রথম ওভারটা করেছিলেন অফস্পিনার জয়সিমহা। দ্বিতীয় ওভার বাঁহাতি স্পিনার দুরানি। আজ মিরপুরেও তা-ই, শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওভারটা করলেন অফস্পিনার মেহেদী হাসান মিরাজ, পরেরটি বাঁহাতি স্পিনার রাজ্জাক।

ব্যতিক্রম বলতে, কানপুরের ওই টেস্টে স্পিনাররা রাজত্ব দেখাতে পারেননি। কিন্তু ঢাকা টেস্টে প্রথম দিনেই ছড়ি ঘুরাচ্ছেন স্পিনাররা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার আট উইকেট স্পিনারদের দখলে। চারটি করে নিয়েছেন রাজ্জাক-তাইজুল ইসলাম। যদিও যাঁর হাত ধরে দিনের শুরু, মিরাজ উইকেটশূন্য থেকে গেছেন।

স্পিন-সহায়ক উইকেটে স্পিনাররা সফল হবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু যাঁকে খেলতে সবচেয়ে ‘কষ্ট’ হয়েছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের, তিনি স্পিনার নন—পেসার! কাটারে নাকাল করা মোস্তাফিজুর রহমান ১১ ওভারে মাত্র ১৭ রান খরচে পেয়েছেন ২ উইকেট।