বাংলাদেশের স্পিন কোচ হতে যাচ্ছেন ম্যাকগিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব-মিরাজদের কোচ হতে যাচ্ছেন ম্যাকগিল? ফাইল ছবি
সাকিব-মিরাজদের কোচ হতে যাচ্ছেন ম্যাকগিল? ফাইল ছবি

গত এক বছরে টেস্টে বাংলাদেশের দুটি সাফল্যই এসেছে স্পিনারদের সুবাদে। অথচ পেস বোলারদের জন্য কোর্টনি ওয়ালশ থাকলেও স্পিনারদের দেখভালের জন্য বর্তমানে কেউ নেই। এ নিয়ে চিন্তিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। দ্রুত একজন স্পিন কোচ নিয়োগ দিতে চায় বোর্ড, আর পছন্দের তালিকায় সবার আগে আছেন স্টুয়ার্ট ম্যাকগিল। 

আজ বিকেলে বোর্ডের পরিচালনা পরিষদের সভা শেষে এমনটাই জানালেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। রুয়ান কালপাগের বিদায়ের পর থেকেই একজন স্পিন কোচের সন্ধানে বোর্ড। বোর্ডের সংক্ষিপ্ত তালিকায় যে কজন আছেন, তাঁদের মধ্যে সবচেয়ে এগিয়ে সাবেক অস্ট্রেলিয়ান লেগ স্পিনার ম্যাকগিল। তবে ম্যাকগিল নিজে এ কাজে আগ্রহী কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি রাজি হলেও তাঁকে দীর্ঘ সময়ের জন্য পাবে না বাংলাদেশ। প্রাথমিকভাবে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে স্পিন কোচকে।
তবে এইচপি দলের জন্য পেস বোলিং কোচ হিসেবে যিনিই নিয়োগ পান না কেন, তাঁকে দুই বছরের চুক্তিতেই আনা হবে। এ ক্ষেত্রে বোর্ডের প্রথম পছন্দ জাতীয় দলের সঙ্গে আগে কাজ করে যাওয়া চম্পাকা রামানায়েক। বোর্ড সভায় অবশ্য সুখবর পেয়েছেন দলের নির্বাচকেরা। বর্তমান নির্বাচক কমিটির সবার মেয়াদ আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সভাপতি।