বাংলাদেশের স্পিন নিয়ে এবার আর চিন্তিত নয় অস্ট্রেলিয়া

ঢাকার স্পিন–ভীতি আমিরাতে নেই অস্ট্রেলিয়ারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগস্টে বাংলাদেশে খেলতে এসে কী নাকালটাই না হলো অস্ট্রেলিয়া! টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের কাছে ৪-১-এ হার! যদিও অস্ট্রেলিয়ার সে দলে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা ছিলেন না, ছিলেন না প্যাট কামিন্সের মতো তারকাও। দ্বিতীয় সারির সেই অস্ট্রেলিয়ান দলের বিপক্ষে বাংলাদেশের সেই সিরিজ জয় সমালোচনার ঝড় তুলেছিল অস্ট্রেলীয় ক্রিকেটে। ঢাকায় ম্যাথু ওয়েডের নেতৃত্বাধীন সেই অস্ট্রেলীয় দলের পারফরম্যান্সকে সাধারণ মানদণ্ডেরও নিচে দেখছিলেন অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন সাবেক তারকা।

সেই সিরিজের দুঃসহ স্মৃতি বুকে নিয়েই আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে অস্ট্রেলিয়া। ঢাকায় খেলে যাওয়া ওয়েডের অস্ট্রেলিয়ার সঙ্গে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া দলের অনেক পার্থক্য। সেরা তারকাদের সবাই এবার দলে আছেন। তবে এ ম্যাচে বাংলাদেশি স্পিনাররা অস্ট্রেলীয় দলে কোনো আতঙ্ক ছড়াচ্ছে না বলেই জানিয়ে দিয়েছেন অ্যাশটন অ্যাগার।

অ্যাগার মনে করেন পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া বাংলাদেশ সফর করা অস্ট্রেলীয় দলের চেয়ে আলাদা
ফাইল ছবি

অস্ট্রেলিয়া আগস্টের সফরে পাঁচটি ম্যাচই খেলেছিল ঢাকার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচের উইকেট ছিল পুরোপুরি স্পিন-সহায়ক। ঘূর্ণি পিচে বাংলাদেশের স্পিনাররা ছড়ি ঘুরিয়েছিলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের ওপর। ব্যাটসম্যানদের ব্যর্থতা অস্ট্রেলীয় ক্রিকেটের অহমে বড় ধরনের আঘাতই করেছিল। কিন্তু আগামীকালের ম্যাচের আগে আগস্টের সেই সিরিজটির কি কোনো প্রভাব নেই অস্ট্রেলিয়া দলে? অ্যাগারের সাফ জবাব, ‘বাংলাদেশের চেয়ে আরব আমিরাতের কন্ডিশন সম্পূর্ণ আলাদা।’

পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া যে বাংলাদেশের স্পিনারদের নিয়ে ভীত নয়, সেটিও বলেছেন অস্ট্রেলীয় স্পিনার, ‘খুব সম্ভবত আমরা সবাই অমন কন্ডিশনে প্রথমবারের মতো খেলেছি। বাংলাদেশের উইকেটে খেলাটা আমাদের কাছে খুবই কঠিন মনে হয়েছিল। বাংলাদেশ নিজেদের মাটিতে খেলেছিল দুর্দান্ত। বাংলাদেশের ওই পারফরম্যান্সে আমরা মোটেও অবাক হইনি তখন। তবে আমিরাতের কন্ডিশন সম্পূর্ণ আলাদা। আমাদের দলও আলাদা।’

বাংলাদেশের স্পিনাররা ঢাকায় ভুগিয়েছিল অস্ট্রেলিয়াকে
ছবি: প্রথম আলো

বাংলাদেশ সফরে চারবার ১৩০ রানের নিচে ছিল অস্ট্রেলিয়ার সংগ্রহ। বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের সঙ্গে সাকিব আল হাসান, মেহেদী হাসান আর নাসুম আহমেদদের একেবারেই খেলতে পারেননি অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা।

এবার আর মোস্তাফিজ কিংবা সাকিব-নাসুমদের নিয়ে অস্ট্রেলিয়া সেভাবে শঙ্কায় না থাকারই কথা। বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের চারটিতেই হেরে বাংলাদেশের বিদায় তো নিশ্চিত হয়েই গেছে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ বাদ দিলে বাকি তিন ম্যাচের কোনোটিতেই বল হাতে প্রতিপক্ষকে ভোগাতে পারেনি বাংলাদেশ দল। ব্যাট হাতেও যা কিছু করার শুধু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচেই করতে পেরেছিলেন মুশফিকরা।