বাংলাদেশের স্পিন 'ভয়ংকর'

টেস্ট ম্যাচের পরদিনই গোটা দলের অনুশীলন ইদানীং দেখাই যায় না। কাল বেলা ১১টাতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে এল পুরো জিম্বাবুয়ে দল। শুরুতে ঘণ্টা খানেক চলল রানিং সেশন। আগের দিন শেষ হওয়া টেস্টে দলের বোলিং ভার বয়ে চলা পানিয়াঙ্গারা-চাতারাদের ফাঁকি দেওয়ার জো নেই। জিম্বাবুয়ে কোচ স্টিভেন ম্যাঙ্গোঙ্গোর কোচিং দর্শনই এটা। পরিশ্রম আর শৃঙ্খলার সঙ্গে আপস নয়।
রানিং শেষে ইনডোরে ব্যাটিং-বোলিং। মিরপুর টেস্টে চূড়ান্ত ব্যর্থ হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে সবার আগে নেটে গেলেন একাদশে ফেরার লাইনে থাকা রিচমন্ড মুতুম্বামি। অনুশীলন শুরু করিয়ে দিয়ে হাসিমুখে ইনডোর থেকে বেরিয়ে এলেন ম্যাঙ্গোঙ্গো। কুশলাদি জিজ্ঞেস করতেই আরও চওড়া হলো হাসি, ‘গুড, ভেরি গুড। খুব ভালো আছি, সব ঠিকঠাক।’ হারের গ্লানি নেই চেহারায়। থাকবেই বা কেন! এমন ‘ভয়ংকর’ স্পিন আক্রমণের বিপক্ষে তো হারারই কথা!
ফতুল্লায় গা গরমের ম্যাচের সময় যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, বাংলাদেশের ক্রিকেটারদের ‘টাইগার্স’, বাংলাদেশকে ‘বাঘের ডেরা’, এসব বলে নজর কেড়েছিলেন জিম্বাবুয়ে কোচ। কালও নাটুকে কণ্ঠে বললেন, ‘ভয়ংকর স্পিন আক্রমণ বাংলাদেশের। আগে শুধু সাকিব ছিল, এখন আরও দুজন আছে। বিশ্বের যেকোনো দলের বিপক্ষেই এত উইকেট নিতে পারে। ভয়ানক স্পিন আক্রমণ।’ ম্যাঙ্গোঙ্গোর মতে, ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে বাংলাদেশের স্পিন আক্রমণই, ‘বাংলাদেশ আমাদের চেয়ে ভালো ছিল, কারণ ওদের স্পিনাররা ভালো বোলিং করেছে। স্পিনাররাই ম্যাচ জিতিয়েছে। আমাদের চেয়ে ওদের স্পিনারদের স্কিল ছিল ভালো, আমাদের ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দিয়েছে। এটাই ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে। বাংলাদেশ শ্রেয়তর দল হিসেবেই জিতেছে।’
শুধু বাংলাদেশের স্পিন আক্রমণই নয়, জিম্বাবুয়েকে হারানোয় ভূমিকা আছে নাকি দর্শকেরও। মিরপুরে তিন দিনই গড়ে দর্শক হয়েছে হাজার ১০-১২। জিম্বাবুয়ের কোচের দাবি, স্বাগতিক দর্শকেরাও ভড়কে দিয়েছিল তাঁর ব্যাটসম্যানদের, ‘স্পিন খেলার জন্য ভালো টেকনিক যেমন থাকতে হয়, মানসিকভাবেও শক্ত হতে হয়। আর বাংলাদেশের মতো এত সমর্থন যখন থাকে, মানসিক ব্যাপারটা তখন আরও বেশি এসে যায়। আমার দলের বেশির ভাগই এত দর্শকের সামনে কখনো খেলেনি। প্রতিপক্ষে এত দর্শক থাকলে চাপ সামলানো কঠিনই হয়। তবে টেকনিক্যালি আঁটোসাঁটো থাকাটাই সবচেয়ে জরুরি।’
অথচ বাংলাদেশে পা রেখেই জিম্বাবুয়ের কোচ-অধিনায়ক বলে আসছিলেন দেশ থেকে দারুণ প্রস্তুতি নিয়ে আসার কথা। স্পিন খেলার জন্য আলাদা স্পিন ক্যাম্পও করে এসেছিলেন টেলররা। কিন্তু ক্যাম্প আর মাঠের খেলা যে এক নয়, সেটার প্রমাণ হয়ে গেছে মিরপুর টেস্টে। জিম্বাবুয়ে কোচের উপলব্ধি, ‘ছেলেরা সবাই হতাশ। কোচরা হতাশ। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। তবে পেশাদার দল হিসেবে আমাদের দায়িত্ব উন্নতি করা। সেটা করতে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। ট্রেনিংয়ে আমরা ভুলগুলো শুধরে ফেলতে চাই। ব্যাপারটা হলো, টার্নিং বল খেলা শিখতে হবে আমাদের। ইনডোরে আমরা বোলিং মেশিনে টার্নিং বল খেলব।’
কিন্তু বোলিং মেশিনে কি আর ‘মানব মেশিন’ খেলার অনুশীলন পুরোপুরি হয়! মানব মেশিনের মতো মাথা খাটিয়ে বোলিং করার ব্যাপারও তো নেই বোলিং মেশিনের। দ্বিতীয় টেস্টের আগে অনুশীলন সেশনই পাওয়া যাচ্ছে মাত্র চার-পাঁচটি। স্পিন সামলানোর পাঠ কি হয়ে যাবে এই সময়েই? প্রশ্ন শুনে চোখ-মুখ পাকিয়ে নাটকীয় একটা ভঙ্গি করলেন জিম্বাবুয়ে কোচ। এরপর চোখ সরু করে আস্তে আস্তে বললেন, ‘রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে! আমরা চেষ্টা করছি শিখতে, উন্নতি করতে। এই সফরও সেই শিক্ষার অংশ।’
জিম্বাবুয়ে শিখতে থাকুক, বাংলাদেশ শিক্ষা দিতে থাকুক। এই সিরিজটা ৩-০ তে জেতা যে জরুরি। তাতে টেস্ট র্যাঙ্কিংয়ের নয়ে উঠে জায়গাটা সুরক্ষিত রাখতে পারবে বাংলাদেশ!