বাংলাদেশের স্বপ্নযাত্রার পথে বাধা যাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের জন্য বরাবরই বিপজ্জনক কোহলি। ছবি: রয়টার্স
বাংলাদেশের জন্য বরাবরই বিপজ্জনক কোহলি। ছবি: রয়টার্স

বিশ্বের অন্যতম সেরা ব্যাটিং লাইন-আপ ভারতের। নিজেদের দিনে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেয় অনায়াসে। যৌক্তিক কারণেই ভারতের ব্যাটিং নিয়েই বেশি ভাবনা বাংলাদেশ দলের। বাংলাদেশকে পেলে ভারতের বর্তমান স্কোয়াডের কারা জ্বলে ওঠে, এক ঝলক দেখে নিন।বাংলাদেশের বিপক্ষে বর্তমান ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বিপজ্জনক বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে ৬ ইনিংসে কোহলির রানটা দেখুন-৯১,১০২ *, ১১,১০০ *, ৬৬,১৩৬। ছয় ইনিংসের দুটি ফিফটি, তিনটি সেঞ্চুরিতে মোট রান ৫০৬। ছয়বারের পাঁচবারই কমপক্ষে ৫০ করেছেন। বাংলাদেশের বিপক্ষে ভারতের হয়ে সর্বোচ্চ ৫৯২ রান করা গৌতম গম্ভীরকে ছাড়িয়ে যেতে কোহলির লাগবে আর ৮৭ রান। গড়টাও চোখ কপালে ওঠার মতো-১২৬.৫! নির্দিষ্ট কোনো প্রতিপক্ষের বিপক্ষে ৫০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় সবচেয়ে বেশি। স্ট্রাইকরেটও দুর্দান্ত—১০০। এ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেও পরে আর ৫০ পেরোনো ইনিংস আসেনি তাঁর ব্যাট থেকে। তবে রান সংগ্রহের দিক দিয়ে আছেন বেশ ওপরেই, বিশ্বকাপে কোহলির রান ৩০১ রান।
ভারতকে পেলে জ্বলে ওঠেন যাঁরাবাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে বর্তমান একাদশে রয়েছেন তিনজন—কোহলি, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনি। ২০০৮ এশিয়া কাপে করাচিতে অলক কাপালির দারুণ শতক মাটি হয়ে গিয়েছিলেন রায়নার সেঞ্চুরিতে। বাংলাদেশের বিপক্ষে ৯ ম্যাচে ১ সেঞ্চুরিতে রান করেছেন ৩০৪, গড় ১০১.৩৩। এই রায়না কিন্তু গত ১৪ মার্চ জিম্বাবুয়ের বিপক্ষেও সেঞ্চুরি করেছেন। ১৫ মার্চ অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। বিশ্বকাপে এখন পর্যন্ত করেছেন ২১২ রান।

ধোনির কথা নতুন করে কীই-বা বলার আছে। আজ সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা বলেছেন, ‘ধোনি অসাধারণ খেলোয়াড় ও আসল ম্যাচ-উইনার। ’ বাংলাদেশের বিপক্ষে ১৩ ম্যাচে এক সেঞ্চুরিতে করেছেন ৩৩৮ রান। গড় ৬৭.৬০। এ ত্রিমূর্তির বাইরে বাংলাদেশের চোখ রাঙানি দিচ্ছেন বর্তমানে ফর্মের তুঙ্গে থাকা শিখর ধাওয়ানও। এখন পর্যন্ত ৩৩৭ রান করা ধাওয়ানও বাংলাদেশের আরেক চ্যালেঞ্জ। তবে এখনো সেভাবে জ্বলে না উঠতে পারলেও রোহিত শর্মা-অজিঙ্কা রাহানেকেও হিসাবের বাইরে রাখার উপায় নেই। কে জানে হয়তো দুজনই সেরা ইনিংসটা জমিয়ে রেখেছেন আগামীকালের ম্যাচের জন্য!
অন্যদিকে বর্তমান স্কোয়াডের অধিকাংশ ভারতীয় বোলারই বাংলাদেশের কাছে ‘অপরিচিত’। এ বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি (১৫ টি) মোহাম্মদ সামি বাংলাদেশের বিপক্ষে ১ ম্যাচ খেলে পেয়েছেন ৪ উইকেট। চলতি বিশ্বকাপে ১২ উইকেট নেওয়া রবিচন্দ্রন অশ্বিন বাংলাদেশের বিপক্ষে ২ ম্যাচ খেলে পেয়েছেন মাত্র ২ উইকেট। ফর্মে থাকা আরেক ভারতীয় পেসার মোহিত শর্মা ৩ ম্যাচে পেয়েছেন ৪ উইকেট। গত বছর জুনে ঘরের মাঠে ভারতের দেওয়া ১০৬ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যে ৫৮ রানে গুটিয়ে গিয়েছিল তা মূলত স্টুয়ার্ট বিনি আর মোহিত শর্মার তোপে। ওই ম্যাচে মোহিত নিয়েছিলেন ৪ উইকেট বাকি ৬টি বিনির দখলে। কাল হয়তো একাদশে মোহিত থাকবেন, তবে বিনির সম্ভাবনা ক্ষীণ।