বাংলাদেশের ১০ উইকেট-আক্ষেপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউকে ১০ উইকেটের ব্যবধানে এখনো হারায়নি বাংলাদেশ। ছবি: এএফপি।
কাউকে ১০ উইকেটের ব্যবধানে এখনো হারায়নি বাংলাদেশ। ছবি: এএফপি।

ইশ! সৌম্য যদি আর অল্প কিছু সময় মাঠে কাটিয়ে দিতে পারতেন!
চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতে অসাধারণ এক জয় থেকে বাংলাদেশ তখন মাত্র ১৬ রান দূরে। ৯০ রান নিয়ে ব্যাট করছিলেন সৌম্য সরকার। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইমরান তাহিরের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাচের সেরা এই ব্যাটসম্যান। সৌম্য যদি ওই সময় আউট না হতেন, তাহলে বাংলাদেশ ঢুকে যেত ক্রিকেটের এক বনেদি দলে। সৌম্যর অসময়ের ফেরায় ইতিহাসে প্রথমবারের মতো কোনো দলকে ১০ উইকেটে হারানোর কৃতিত্বটা অল্পের জন্য অধরাই থেকে গেছে বাংলাদেশের কাছে।

কোনো প্রতিপক্ষকে ১০ উইকেটে বধ করার ব্যাপারটি অনির্বচনীয় আনন্দ আর গর্বের উৎসই হয়ে থাকে। এই একটি জায়গায় বাংলাদেশের কেন যেন কোনো দিনই পা রাখা হয়নি। ৯ উইকেটের জয়ের রেকর্ড আছে তিনবার। কিন্তু সবগুলো উইকেট হাতে রেখে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার অভিযানটা অন্য রকমই। সেটা এখনো আক্ষেপই হয়ে আছে বাংলাদেশের ক্রিকেটে।
ওয়ানডে ক্রিকেটে ১০ উইকেটে জয়ের রেকর্ড যে ভূরি ভূরি তা অবশ্য বলা যাবে না। এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৬৭৪ ওয়ানডের মধ্যে ১০ উইকেটে জেতার ঘটনাই আছে মাত্র ৪৭ টি। শতাংশের বিচারে তা অতিসামান্য। বোঝাই যাচ্ছে, কাজটা কত কঠিন!
কঠিন এই কাজটি করতে কেন যেন সিদ্ধহস্ত ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ইতিহাসে ক্যারিবীয়রা প্রতিপক্ষকে ১০ উইকেটে হারিয়েছে মোট ১১ বার। এর ঠিক পরেই আছে নিউজিল্যান্ড। কিউইরা প্রতিপক্ষকে ১০ উইকেটে হারিয়েছে সাতবার। এমনকি কেনিয়ারও একবার ১০ উইকেটে জয়ের অনুপম অভিজ্ঞতা আছে। প্রতিপক্ষ ছিল বারমুডা। তবে প্রতিপক্ষ যে-ই হোক, কেনিয়ার কৃতিত্ব যে তারা এই বনেদি পরিবারের সদস্য হতে পেরেছে। বাংলাদেশের কাছে যা এখনো দূর-দিগন্তের স্বপ্নই।
১০ উইকেট-সংক্রান্ত আরেকটি রেকর্ড অবশ্য ভুলেই যেতে চাইবে বাংলাদেশ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশই প্রতিপক্ষের কাছে সবচেয়ে বেশিবার ১০ উইকেটে হার মেনেছে। এই লজ্জার সঙ্গে বাংলাদেশের পরিচয় মোট ১০ বারের। শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দুবার করে বাংলাদেশকে হারিয়েছে সব উইকেট হাতে রেখে। ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান হারিয়েছে একবার করে।
এ তালিকায় বাংলাদেশের পরই আছে জিম্বাবুয়ে—ছয়বার। ইংল্যান্ড ১০ উইকেটে হেরেছে পাঁচবার। এমন ব্যবধানে হারের রেকর্ড সবচেয়ে কম অস্ট্রেলিয়া, বরমুডা ও পূর্ব আফ্রিকার। অবশ্য মোট ম্যাচ খেলার হিসেবের বিচারে অস্ট্রেলিয়ার সঙ্গে তুলনীয় নয় আইসিসির সহযোগী সদস্য-দেশ বারমুডা আর অধুনালুপ্ত ক্রিকেট দল পূর্ব আফ্রিকা।