বাংলাদেশের ১০০ টেস্ট
মার্চে
বাংলাদেশের মতো অন্য নয়টি টেস্ট খেলুড়ে দেশের চারটিই শততম টেস্ট খেলেছে মার্চ মাসে।
সবচেয়ে কম সময়ে
অভিষেকের পর ১০০ টেস্ট খেলতে সবচেয়ে কম সময় (১৬ বছর ৪ মাস ৬ দিন) লাগছে বাংলাদেশের। এর আগে সবচেয়ে কম সময়ে শততম টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা (১৮ বছর ৩ মাস ২৯ দিন)।
সবচেয়ে বেশি সময়ে
শততম টেস্ট খেলতে সবচেয়ে বেশি সময় (৫৯ বছর ১১ মাস ২২ দিন) লেগেছে দক্ষিণ আফ্রিকার। ১৮৮৯ সালে অভিষেকের পর ১৯৪৯ সালে ১০০তম টেস্ট খেলে প্রোটিয়ারা।
১০০ ও ২০০০
দেশের প্রথম ১০০ টেস্টে শুধু দক্ষিণ আফ্রিকার কোনো বোলারই ১০০ উইকেট পাননি। ২০০০ রান ছিল না শুধু ইংল্যান্ডের কোনো ব্যাটসম্যানের।
৮৮
দেশের প্রথম ১০০ টেস্টের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা (৮৮)। সবচেয়ে বেশি রান ও উইকেটও দুই শ্রীলঙ্কানের—অরবিন্দ ডি সিলভা (৫৬৭০ রান), মুত্তিয়া মুরালিধরন (২৬১ উইকেট)।
শুধু তিনি
দেশের অভিষেক ও শততম টেস্ট দুটিতেই খেলেছেন শুধু শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা।
১৭১
প্রথম ১০০ টেস্টে সবচেয়ে বেশি খেলোয়াড় খেলেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে। প্রথম ১০০ টেস্ট খেলতে সবচেয়ে বেশি সময় নেওয়া প্রোটিয়াদের হয়ে খেলেছেন ১৭১ জন। প্রথম ৯৯ ম্যাচে বাংলাদেশের হয়ে খেলেছেন ৮৫ জন। প্রথম ৯৯ ম্যাচে বাংলাদেশের চেয়ে কম খেলোয়াড় খেলেছেন শুধু পাকিস্তান (৮০) ও শ্রীলঙ্কার (৮১) হয়ে।