বাংলাদেশের ১০০তম টেস্ট: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নিজেদের শততম টেস্টের বৃত্তপূরণ করছে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজের দ্বিতীয় টেস্টটি মাইলফলক হয়ে থাকছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ইতিহাসের সাক্ষী হতে সবাই চাইবেন এই ম্যাচটা উপভোগ করতে। তবে ব্যস্ততার কারণে সেটি হয়তো পুরোপুরি সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। বাংলাদেশের শততম টেস্ট ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...

** বাংলাদেশের বোলারদের বোলিং পরিসংখ্যান—মোস্তাফিজুর রহমান ২/৩২, শুভাশিস ১/৪৭, মিরাজ ২/৫৮, তাইজুল ১/৩৪. সাকিব ১/৪৩। বোলিংয়ে ব্যবহৃত হয়েছেন অভিষিক্ত মোসাদ্দেকও। ৪ ওভার বল করে ১১ রান দিয়ে উইকেটশূন্য তিনি।

** প্রথম দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২৩৮।

** অষ্টম উইকেট জুটিটা আর ভাঙাই গেল না। দিন শেষে ৪৩ রানে অবিচ্ছিন্ন চান্ডিমাল ও হেরাথ। চান্ডিমাল ২১০ বল খেল ৮৬ রানে অপরাজিত রইলেন। হেরাথ অপরাজিত ১৮ রানে।

** অষ্টম উইকেট জুটিতে রঙ্গনা হেরাথকে সঙ্গে নিয়ে ২৭ রান যোগ করেছেন চান্ডিমাল। এই মুহূর্তে শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ২২৫। চান্ডিমাল অপরাজিত আছেন ৮০ রানে। হেরাথ অপরাজিত ১২ রানে।

** শ্রীলঙ্কার সংগ্রহ এই মুহূর্তে ৭ উইকেটে ১৯৫। চান্ডিমাল অপরাজিত ৬৬ রানে।

** আউট!!! মোস্তাফিজের বলে স্লিপে দিলরুয়ান পেরেরার দারুণ এক ক্যাচ নিলেন সৌম্য সরকার। পেরেরা আউট হয়েছেন ৯ রানে।

** চান্ডিমাল অপরাজিত আছেন ৬৪ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৬৮।

** আউট!!! উইকেট পেলেন সাকিব আল হাসান। ৩৪ রানে ডিকভেলাকে বোল্ড করেছেন তিনি।

** বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মেহেদী হাসান মিরাজ ৪৭ রান দিয়ে তিনি নিয়েছেন ২ উইকেট। শুভাশিস, তাইজুল ও মোস্তাফিজ একটি করে উইকেট নিয়েছেন যথাক্রমে ২৪, ১৯ ও ২৬ রান দিয়ে। ১০ ওভারে ২৫ রান দিলেও এখনো কোনো উইকেট পাননি সাকিব আল হাসান।

** ৫ উইকেটে ১৪৯ রান তুলে চা বিরতিতে গেছে শ্রীলঙ্কা। চান্ডিমাল অপরাজিত আছেন ৫৪ রান নিয়ে। ডিকভেলা অপরাজিত ১১ রানে।

** দ্বিতীয় সেশনটা নিজেদের দাবি করতেই পারে শ্রীলঙ্কা। সকালের সেশনে ৭০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা লঙ্কানরা এই সেশনে তুলেছেন ৭৯ রান। বাংলাদেশ নিয়েছে ১ উইকেট।

** শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১৩৬! ডি সিলভার পর উইকেটে এসেছেন নিরোশান ডিকভেলা।

** আউট! অবশেষে সেই তাইজুলই ভাঙলেন চান্ডিমাল-ডি সিলভার জুটি। ৬৬ রানে। বোল্ড করলেন তাইজুল। তিনি আউট হয়েছেন ৩৪ রানে।

** চান্ডিমাল-ডি সিলভা জুটি এখনো পর্যন্ত ৬২ রানে অবিচ্ছিন্ন। ৫০ রানে অপরাজিত আছেন চান্ডিমাল। ডি সিলভা অপরাজিত ৩৪ রানে। তাইজুলের বল বড় বাঁচা বেঁচে গেছেন চান্ডিমাল। একটি বলে সুইপ করেছিলেন। টপ এজ হয়ে বল চলে গিয়েছিল ডিপ ফাইন লেগে। সেখানে মিরাজ ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নিয়েছিলেন। কিন্তু টেলিভিশন আম্পায়ার বেশ কয়েকবার দেখে চান্ডিমালকে ‘নট আউট’ ঘোষণা করেন। বেনিফিট অব ডাউট আর কি! সন্দেহ সব সময়ই ব্যাটসম্যানদের পক্ষে যায়। ভাগ্যও যেন সঙ্গে থাকছে না বাংলাদেশের। আম্পায়ার আউট দেওয়ার পরেও দুটি রিভিউ নিয়ে সফল লঙ্কানরা। ফিফটি-ফিফটি ব্যাপারগুলো পক্ষে আসছে না বাংলাদেশের।


** ১০০ রান পূরণ হলো শ্রীলঙ্কার। দিনেশ চান্ডিমাল ও ধনঞ্জয়া ডি সিলভার জুটি কিছুটা চোখ রাঙাচ্ছে বাংলাদেশকে। এখনো পর্যন্ত এই জুটি যোগ করেছ ৩৪ রান। শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ১০৪। চান্ডিমাল ২৮, ডি সিলভা ১৮ রানে অপরাজিত আছেন।

** বাংলাদেশের পক্ষে ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট মোস্তাফিজুর রহমান ও শুভাশিস রায়ের।

** লাঞ্চের আগে পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৭০। ২৭ রানে অপরাজিত আছেন দিনেশ চান্ডিমাল।

** প্রথম সেশনের ঠিক শেষ বলটিতে শুভাশিসের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন আসেলা গুনারত্নে।

** দারুণ একটা সেশন বাংলাদেশের। কলম্বো টেস্টের প্রথম দিন লাঞ্চের আগেই শ্রীলঙ্কার ৪ উইকেট তুলে নিয়েছে মুশফিকুর রহিমের দল।

** ১১.৫ ওভার: আরও একটি উইকেটের পতন! মিরাজের বলে স্টাম্পিংয়ের ফাঁদে কুশল মেন্ডিস। উইকেটের পেছনে ফিরেই সাফল্য মুশফিকের। মেন্ডিস নিচে নেমে খেলতে চেয়েছিলেন। বলের লাইন মিস করেছেন। তাঁকে আর নিরাপদে ফেরার সুযোগ দেননি মুশফিক। শ্রীলঙ্কা ২৪/২।

** মোস্তাফিজের পরের ওভারটিও ঘটনাবহুল। আম্পায়ার এলবিডব্লু ঘোষণা করলেও রিভিউ নিয়ে বেঁচে গেছেন থারাঙ্গা। ডিআরএসে দেখা গেছে বল লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যেত। ফলে দ্বিতীয় উইকেট পেতে পেতেও পেল না বাংলাদেশ। পরে বলে জেগেছিল রান আউটের সম্ভাবনাও।

** ১৫.২ ওভার: আবারও মেহেদী মিরাজের আঘাত। মিরাজের বলে স্লিপে থারাঙ্গার ক্যাচ নিয়েছেন সৌম্য সরকার। শ্রীলঙ্কা ৩৫/৩

** ৮.৪ ওভার: নবম ওভারে প্রথম সাফল্য বাংলাদেশের। আঘাত হানলেন মোস্তাফিজ। তাঁর বলে মেহেদী মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন করুণারত্নে। শ্রীলঙ্কা ১৩/১।

** ৮ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ বিনা উইকেটে ১৩।

** তৃতীয় বোলার হিসেবে বল করছেন মেহেদী হাসান মিরাজ।

** মোস্তাফিজের বলে দিমুথ করুণারত্নের বিপক্ষে এলবিডব্লুর আবেদন হয়েছিল। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

** শততম টেস্টের শুরুতেই দারুণ এক রেকর্ড গড়েছেন বাংলাদেশর দুই বোলার মোস্তাফিজ ও শুভাশিস রায়। এই প্রথম বাংলাদেশ কোনো টেস্ট শুরু করল পরপর তিন মেডেন দিয়ে।

** বাংলাদেশের পক্ষে বোলিং শুরু করেছেন মোস্তাফিজুর রহমান।

** টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ।

** নিজেদের শততম টেস্টে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। দেশের ৮৬তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের।

লিটন দাস অনুশীলনের সময় পাঁজরে আঘাত পাওয়ায় খেলছেন না। এই টেস্টে উইকেটের পেছনে আবারও ফিরছেন মুশফিকুর রহিম। লিটনের জায়গায় দলে আবারও ঢুকেছেন সাব্বির রহমান।

বাজে ফর্মের কারণে বাদ পড়েছেন মুমিনুল হক। তাঁর জায়গায় খেলছেন চোট কাটিয়ে দেশ থেকে উড়ে যাওয়া ইমরুল কায়েস। তাসকিনকে বসিয়ে দলে নেওয়া হয়েছে একজন স্পিনার-তাইজুল ইসলাম।