বাংলাদেশের ১০০তম টেস্ট: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের শততম টেস্টের বৃত্তপূরণ করছে বাংলাদেশ। কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষ সিরিজের দ্বিতীয় টেস্টটি মাইলফলক হয়ে থাকছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ইতিহাসের সাক্ষী হতে সবাই চাইবেন এই ম্যাচটা উপভোগ করতে। তবে ব্যস্ততার কারণে সেটি হয়তো পুরোপুরি সম্ভব নয়। প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...

** দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২১৪। ১২৪ রানে পিছিয়ে তারা।

** শ্রীলঙ্কার পক্ষে ৬৫ রানে ৩ উইকেট নিয়েছেন সানদাকান। একটি করে উইকেট পেয়েছেন সুরাঙ্গা লাকমাল ও রঙ্গনা হেরাথ।

** খুব বিপজ্জনকভাবে ব্যাট করছেন সাকিব। দুবার ক্যাচও তুলেছিলেন তিনি। শেষ পর্যন্ত ভাগ্য সহায় হয়েছে তাঁর—১৮ রানে অপরাজিত তিনি। তাঁর সঙ্গী হয়ে আছেন মুশফিকুর রহিম।

** ১৯২ থেকে দলীয় রান ১৯৮ রানে আসতে না আসতেই বাংলাদেশ হারিয়ে বসেছে আরও ২ উইকেট। নাইটওয়াচম্যান তাইজুলের পর ফিরেছেন ৪২ রান করা সাব্বির রহমানও।

** ইমরুল ও সাব্বিরেরর মধ্য গড়ে উঠেছিল ৬২ রানের জুটি। সানদাকানের বলে এলবি হয়ে ফিরেছেন ইমরুল। ৭৮ বলে ৩৪ রান করে আউট হয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ৩ উইকেটে ১৯২।

** বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৫৬। এখনো ১৮৩ রানে পিছিয়ে মুশফিক-বাহিনী।

** আরও একটি জুটি গড়ে উঠছে ইমরুল কায়েস ও সাব্বির রহমানের মধ্যে। এখনো পর্যন্ত এই জুটিতে এসেছে ২৪ রান। ইমরুলের সংগ্রহ ২৪, সাব্বিরের ১৭।

** বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৫। ইমরুল অপরাজিত আছেন ১৫ রানে। নতুন ব্যাটসম্যান সাব্বির রহমান।

** দ্বিতীয় উইকেট জুটিতে ৩৫ রান যোগ করে বিচ্ছিন্ন হলেন ইমরুল-সৌম্য। সানদাকানের বলে বোল্ড হয়ে ফিরেছেন সৌম্য। ৬১ রান করে আউট হয়েছেন তিনি।
** ৯৫ রানে ওপেনিং জুটি ভেঙেছে বাংলাদেশের। রঙ্গনা হেরাথের বলে এলবিডব্লু হওয়ার আগে বাঁহাতি ওপেনার করেছেন ৪৯ রান।

** লাঞ্চের পর ব্যাটিংয়ে নেমেছ বাংলাদেশ। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩১। তামিম ১৯ , সৌম্য ৮ রানে অপরাজিত।

** ৩৩৮ রানে শেষ হয়েছে শ্রীলঙ্কার প্রথম ইনিংস। প্রতিপক্ষকে দ্রুত গুটিয়ে দিতে না পারার হতাশা নিয়েই লাঞ্চের পর ব্যাট হাতে মাঠে নামবে বাংলাদেশ।

** লাকমাল ৪২ বলে ৩৫ রান করে শুভাশিসের বলে থার্ডম্যানে সৌম্য সরকারের হাতে ধরা পড়েছেন তিনি। লক্ষ্মণ সানদাকানের সঙ্গে শেষ উইকেটে তিনি যোগ করেছেন ৩৩ রান। সানদাকান অপরাজিত থাকলেন ৫ রান করে।

** শেষ উইকেট জুটিও হতাশায় পোড়াল বাংলাদেশকে। সুরাঙ্গা লাকমালের ক্যারিয়ার-সেরা টেস্ট ইনিংস শ্রীলঙ্কাকে নিয়ে গেছে ৩৩৮-এ। শেষ ৩ উইকেটে শ্রীলঙ্কা যোগ করেছে ১৪৩ রান। আজ প্রথম সেশনে এসেছে ১০০ রান।

** শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩০৭।

** চান্ডিমাল আউট!!! বাংলাদেশকে পুড়িয়ে অবশেষ ফিরলেন দিনেশ চান্ডিমাল। ৩০০ বল খেল ১৩৮ রান করে মেহেদী হাসানের বলে আউট তিনি। মিড উইকেটে চান্ডিমালের ক্যাচটি নিয়েছেন মোসাদ্দেক হোসেন। ১০ চার ও একটি ছয়ের মার আছে তাঁর ইনিংসে।

** ৩০০ রানের দিকে এগিয়ে চলেছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে তাদের সংগ্রহ ৮ উইকেটে ২৯৬। সুরাঙ্গা লাকমালকে সঙ্গে নিয়ে চান্ডিমাল নবম উইকেটে এখনো পর্যন্ত তুলেছেন ৪৬ রান। বাংলাদেশের বিপক্ষে নবম উইকেটে এটি রেকর্ড জুটি। চান্ডিমাল অপরাজিত ১৩০ রানে।

** শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬১।

** সেঞ্চুরি পূরণ করলেন দিনেশ চান্ডিমাল। কলম্বোর পি সারা মাঠে বাংলাদেশের বোলিংয়ের বিপক্ষে একাই লড়লেন চান্ডিমাল। তাইজুলের বল কভার ও পয়েন্টের মাঝামাঝি জায়গায় ঠেল দিয়েই তুলে নিলেন সেঞ্চুরি। এটি চান্ডিমালের অষ্টম টেস্ট শতক। ১০০ রানের ইনিংসটি খেলেছেন ২৪৪ বলে।

** শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৫০।

** চান্ডিমাল এখনো চোখ রাঙিয়ে যাচ্ছেন। ৯০ রানে অপরাজিত তিনি।

** আউট!!! অবশেষে ভাঙা গেল হুমকি হয়ে ওঠা জুটি। সাকিব আল হাসানের বলে স্লিপে হেরাথের ক্যাচ নিলেন সৌম্য সরকার। ক্যাচটা একবারে হাতে জমেনি সৌম্যর। প্রায় ফেলে দিতে গিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে ইনিংসের তৃতীয় স্লিপ-ক্যাচটি নিলেন সৌম্য।

** শ্রীলঙ্কার সংগ্রহ এই মুহূর্তে ৭ উইকেটে ২৪৯। হেরাথ অপরাজিত ২৪ রানে।

** দিনেশ চান্ডিমাল ৯০ রানে অপরাজিত। ক্যারিয়ারে কখনোই নার্ভাস নাইন্টিজে আউট হননি তিনি। রঙ্গনা হেরাথের সঙ্গে ৫০ রানের জুটিও গড়েছেন তিনি।

** শ্রীলঙ্কাকে ৩০০ রানের নিচে অলআউট করে দেওয়ার লক্ষ্য নিয়ে দ্বিতীয় দিনে বোলিং শুরু করেছে বাংলাদেশ।

** বৃষ্টির কারণে একটু আগেভাগেই শেষ হয়ে গিয়েছিল প্রথম দিনের খেলা। সাকিব দিনের ৮৪তম ওভারে করতে পেরেছিলেন মাত্র ১ বল। আজ সকালে করলেন বাকি ৫ বল।