বাংলাদেশের 'ভাস-বিভীষিকা' মনে করিয়ে দিলেন জো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্য রেকর্ড গড়লেন জো লিচ। ফাইল ছবি
অনন্য রেকর্ড গড়লেন জো লিচ। ফাইল ছবি

২০০৩ বিশ্বকাপটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে বিভীষিকা হয়েই এসেছিল। কানাডার কাছে দুঃসহ হার দিয়ে শুরু; শেষটাও হয়েছিল কেনিয়ার কাছে দুঃখজনক হার দিয়ে। হতাশার সেই বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে হয়েছিল এক বিশ্ব রেকর্ড। পিটারমারিজবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথম ওভারেই বাংলাদেশের ব্যাটসম্যানরা চামিন্ডা ভাসকে উপহার দিয়েছিলেন হ্যাটট্রিক। শুধু তা-ই নয়, ভাস হ্যাটট্রিকটি করেছিলেন তাঁর প্রথম তিন বলেই। খেলার প্রথম তিন বলেই হ্যাটট্রিকের ঘটনা ইতিহাসে ওটাই প্রথম।
এক যুগ পুরোনো সেই স্মৃতি আবারও মনে করিয়ে দিলেন ইংলিশ সীমার জো লিচ। গতকাল রয়্যাল লন্ডন কাপের খেলায় উস্টারশায়ারের হয়ে বল হতে নিয়েই ভাসের কীর্তির পুনরাবৃত্তি ঘটান এই বোলার। নর্দাম্পটনশায়ারের বিপক্ষে ম্যাচের প্রথম তিন বলেই রিচার্ড লেভি, রব ফিক ও বেন ডাকেটকে সাজঘরে ফেরত পাঠান লিচ। লেভি ও ফিক ক্যাচ দেন উইকেটরক্ষক বেন কক্সকে। বেন ডাকেটের ক্যাচ নেন জ্যাক সেন্ট্রি।
মজার ব্যাপার হচ্ছে, এমন কীর্তির পরেও জো লিচের স্থান হয়েছে পরাজিত দলেই। নর্দাম্পটনশায়ারকে ১২৭ রানে অলআউট করে নিজেরা ১০৫ রানে অলআউট হয়ে গেছে তাঁর দল উস্টারশায়ার। সে কারণে কীর্তিটাকে খুব একটা উপভোগ করতে পারছেন না তিনি। তবে তিনি নিজের জবানিতেই জানিয়েছেন, প্রথম তিন বলে উইকেট পাওয়ার ব্যাপারটি রীতিমতো হতবাক করেছে তাঁকে, ‘অনুভূতিটা সত্যিই অসাধারণ। আমি এমন কিছু সত্যিই কোনো দিন ভাবিনি। শেষ বলটি ছিল বাজে ধরনের শর্টবল, ওটাতেও আমি উইকেট পেয়ে গেলাম! ’
ইনিংসের প্রথম তিন বলে হ্যাটট্রিকের ঘটনা দুটো। টেস্টে অবশ্য প্রথম তিন বলে না হলেও প্রথম ওভারের ছয় বলের মধ্যে হ্যাটট্রিকের কীর্তি আছে। ২০০৬ সালের করাচি টেস্টে ইনিংসের চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বলে হ্যাটট্রিক করেছিলেন ইরফান। কাকতালীয়ভাবে সেই টেস্টেও হেরেছিল ইরফানের দল। কীর্তি গড়েও পরাজিত দলে থাকার ক্ষেত্রে ইরফানকে সঙ্গী হিসেবে পাচ্ছেন এই জো লিচ।