বাংলাদেশের 'মিশন অস্ট্রেলিয়া' শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ যাত্রার সময় মুশফিক-নাসিরদের তোলা সেলফি ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
বিশ্বকাপ যাত্রার সময় মুশফিক-নাসিরদের তোলা সেলফি ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

বিশ্বকাপ স্বপ্ন নিয়ে বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়ার পথে দেশ ছেড়েছিল শনিবার রাতে। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে তারা ব্রিসবেনে পৌঁছে গেছে গতকালই। আজকের দিনটা বিশ্রাম নিয়ে কাল থেকেই শুরু হচ্ছে মাশরাফি-মুশফিকদের বিশ্বকাপ প্রস্তুতির অস্ট্রেলিয়া পর্ব।

বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, আজ সোমবার ছুটি কাটিয়ে আগামীকাল মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করবেন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম দিন হালকা অনুশীলন করে বুধবার থেকেই শুরু হবে তাদের ব্যাট-বলের প্রস্তুতি।

এদিকে জাতীয় দলের সঙ্গে আজই যোগ দিয়েছেন সাকিব আল হাসান। মেলবোর্ন রেনেগেডসের হয়ে বিগ ব্যাশ খেলতে বেশ কিছু দিন আগেই অস্ট্রেলিয়ায় পা রেখেছিলেন তিনি। বিগব্যাশে বল হাতে অসাধারণ পারফর্ম করা সাকিব অবশ্য ব্যাট হাতে ছিলেন কিছুটা নিষ্প্রভই।

জাতীয় দলের সঙ্গে যেতে না পারলেও এক দিন পর উড়াল দিয়ে মেলবোর্ন পৌঁছেছেন আঘাতের সঙ্গে লড়তে থাকা তামিম ইকবাল। প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে তিনি ২৮ জানুয়ারি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি থেকে তামিম দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন।
বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের সঙ্গে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে দল। ১৮ ফেব্রুয়ারি ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।