বাংলাদেশের 'সিনিয়র'দের সমীহ মরগানের

ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান বাংলাদেশকে হুমকি মনে করছেন। তাঁর সবচেয়ে বেশি সমীহ বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের অভিজ্ঞতাকে
তুমুল বৃষ্টি, অঝোরে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি, ইলশেগুঁড়ি বৃষ্টি— ইংল্যান্ডে বৃষ্টির যে ধরন আরও নতুন কিছু শব্দ ব্যবহার খুব জরুরি হয়ে পড়েছে! একই শব্দ ব্যবহারে ব্যবহারে যে বড় ক্লিশে হয়ে গেছে। কাল দুপুরে কার্ডিফে পা রাখতেই ঝমঝমিয়ে বৃষ্টি। ঘণ্টাখানেক পর সেই বৃষ্টি উধাও! বিকেলে সোনালি রোদ্দুর দেখে কে ভেবেছিল, সেটি আবার ফিরে তুমুল বর্ষণ হয়ে ফিরে আসবে আজ সকালে।
কার্ডিফের বৃষ্টি আজ মাঠে অনুশীলন করতে দেয়নি ইংল্যান্ডকে। ইংলিশরা ঝালিয়ে নিয়েছে ইনডোরে। বাংলাদেশ দলের আসার কথা ছিল সোয়া ১টায়। ‘বাজে আবহাওয়া’র কারণ দেখিয়ে সেটি পিছিয়ে দেওয়া হয়েছে আরও ৪৫ মিনিট। আজ বৃষ্টি দেখে প্রথম যে প্রশ্নটা মনে আসবে, কাল খেলা হবে তো? বিবিসি কিংবা নির্ভরযোগ্য ওয়েবসাইটগুলোর পূর্বাভাস বলছে, কাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম। মেঘ-রোদ্দুরের খেলা চলতে পারে, থাকতে পারে বাতাস। তবে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ। স্বস্তির খবর হচ্ছে, সকালে যে বৃষ্টির দাপট দেখা গেল আজ, স্থানীয় সময় বিকেল ২টা ৪০ মিনিটে সেটি একেবারেই নেই!
কাল বৃষ্টি নয়, ইংল্যান্ড হুমকি মানছে আসলে বাংলাদেশকে। ইংলিশ অধিনায়ক এউইন মরগান সংবাদ সম্মেলনে সরাসরিই বললেন, ‘কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তারা ভালো দল। আমার মনে হয় অনেকে ওদের খাটো করে দেখে। আমরা করি না। তারা অনেক ক্রিকেট খেলছে। বিশেষ করে ওদের সিনিয়র খেলোয়াড়দের অনেক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এমনকি আমাদের সিনিয়র খেলোয়াড়দের চেয়ে ওদের সিনিয়ররা বেশি ম্যাচ (ওয়ানডে) খেলেছে। কাজেই বাংলাদেশ আমাদের হুমকি। তবে আশা করি আমরা ভালো খেলে এ বাধা টপকে যাব।’
২০১১, ২০১৫—টানা দুটি বিশ্বকাপে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়েছে। গত বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরেই তো বিদায়ঘণ্টা বেজে গেল ইংলিশদের। আবার যে মাঠে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড, কার্ডিফের এই সোফিয়া গার্ডেনে লাল-সবুজের জয়গান হয়েছে বারবার। এ মাঠে কখনো আন্তর্জাতিক ম্যাচ হারেনি বাংলাদেশ! দুটি জয়ই এসেছে জুন মাসে। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে নিজেদের প্রথম দুটি ম্যাচে দুর্দান্ত খেলেছেন মাশরাফিরা। পরিসংখ্যান-রেকর্ড বাংলাদেশের পক্ষে আছে বলেই নয়, বাংলাদেশকে কেন হুমকি মানছেন সেটি আরও সুনির্দিষ্টভাবে বললেন ইংলিশ অধিনায়ক মরগান, ‘তাদের অনেক শক্তির জায়গা আছে। ব্যাটিংয়ে অনেক ভালো। টপ অর্ডারটা অনেক শক্তিশালী। ভালো স্পিনার আছে। ভালো পেসার আছে। অবশ্যই তারা ভালো দল। ’
শুধু ক্রিকেটীয় সৌজন্য থেকে কথাগুলো বলছেন কিনা, সেটি পরিষ্কার হতে এক ইংলিশ সাংবাদিক জানতে চাইলেন, লম্বা সময় বাংলাদেশ খেলেছে ‘আন্ডারডগ’ হয়ে, সাম্প্রতিক সময়ে তাদের যে উন্নতি, তারা কি শিরোপা জিততে পারে? মরগান এবার বেশ কূটনৈতিক, ‘টুর্নামেন্ট এখনো শুরুর দিকে। এখনই কিছু বলা কঠিন। তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছে। নিউজিল্যান্ডকে ভীষণ চাপে রেখেছে। ওদের অনেক সম্ভাবনা আছে। যদি আরও পেছনে তাকান, ২০০৫ সালে (কার্ডিফেই) অস্ট্রেলিয়াকে প্রায় ধরিয়ে দিয়েছিল বা জিতেছিল। এর পর তো ওরা অনেক ভালো খেলেছে এবং ভালো দলে পরিণত হয়েছে, বিশেষ করে ঘরের মাঠে।’
বোঝাই যাচ্ছে বাংলাদেশ নিয়ে ইংলিশদের ধারণা অনেকটা বদলেছে। যদি মাশরাফিরা কাল আরেকটি কাব্যগাথা লিখতে পারের এই কার্ডিফে, নিশ্চিত ইংলিশদের ধারণা আরও বদলে যাবে।