‘বাংলাদেশেরও বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় আছে’

নিউজিল্যান্ড অনূর্ধ্ব–১৯ দলের হয়ে এর আগে বাংলাদেশে এসেছেন রচিন রবীন্দ্রফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রচিন রবীন্দ্রর এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।

তবে বাংলাদেশও তাঁর জন্য নতুন জায়গা নয়, নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এর আগে বাংলাদেশে এসেছিলেন তিনি। বাংলাদেশের কন্ডিশন নিয়েও বেশ ভালোই ধারণা থাকার কথা তাঁর।

ভারতীয় মা–বাবার কোলে জন্ম নেওয়া এই ক্রিকেটার প্রাক্‌-মৌসুমে ভারতে গিয়ে খেলছেন কয়েক বছর ধরেই। ভারত ও বাংলাদেশের কন্ডিশনে পার্থক্য তো কমই।

ঘরের মাঠে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ কেমন খেলতে পারে, সেটা কমবেশি সবাই জানেন। রচিন রবীন্দ্ররও তা অজানা নয়।

তবে শুধু কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া নয়, বাংলাদেশের কিছু বিশ্বমানের খেলোয়াড় আছেন বলেও মনে করেন ২১ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটসম্যান, ‘তারা খুব ভালো দল। বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে—সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকুর, মোস্তাফিজুর। এই কন্ডিশনে তারা কীভাবে মানিয়ে নেয়, সেটা দেখেও শেখার আছে।’

বাংলাদেশের কন্ডিশনে ভালো করতে চান রচিন রবীন্দ্র। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিনও ভালো পারেন তিনি
ফাইল ছবি: আইসিসি টুইটার

সম্প্রতি বাংলাদেশের কন্ডিশন ও উইকেট নিয়ে আলোচনাটা আগের চেয়ে বেশি হচ্ছে। শুষ্ক ও গরমভাবাপন্ন কন্ডিশনে মন্থর ও স্পিনবান্ধব উইকেটে এর আগে অস্ট্রেলিয়া ভুগেছে। নিউজিল্যান্ড পুরো শক্তির দল পাঠায়নি। তবে অভিজ্ঞতা কম হলেও নিউজিল্যান্ড ও বাংলাদেশের কন্ডিশনের পার্থক্যে মূল সুরটা ধরতে পারছেন রচিন রবীন্দ্র, ‘নিউজিল্যান্ডে আমরা যা দেখি, এখানে তার চেয়ে আলাদা। গরম বেশি, উইকেটেও বল থেমে আসে, সোজা ব্যাটে খেলাটা নিরাপদ।’

এই উইকেটে রান তোলার জন্য কিছু বল ‘ডট’ খেললেও সেটা স্বাভাবিক বলেই মনে করছেন রচিন রবীন্দ্র, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের স্কোর দেখে প্রত্যাশাটা ঠিক করতে হবে। কিছু বল ডট গেলে সমস্যা নেই। উইকেটে থাকলে পুষিয়ে নেওয়া যাবে।’

বাংলাদেশে আসার পর তিন দিনের হোটেল কোয়ারেন্টিন শেষে কাল শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে নিউজিল্যান্ড দল। শেরেবাংলার উইকেটের সঙ্গে নিউজিল্যান্ডের উইকেটে রান তোলার পার্থক্যটাও বললেন রচিন রবীন্দ্র, ‘এখানে প্রতি ওভারে ৬ রান তোলা হয়তো ভালো, কিন্তু নিউজিল্যান্ডে স্পিনারদের বিপক্ষে ওভারে ৮-১০ রান তোলা ভালো মনে করা হয়।’

বাংলাদেশের কন্ডিশনে মানিয়ে নিতে অনুশীলন করছেন রচিন রবীন্দ্র
ছবি: ইনস্টাগ্রাম

বাংলাদেশের গরমভাবাপন্ন কন্ডিশন নিয়েও কথা বললেন তিনি। অনেকটা কৌতুকের সুরেই বললেন, ‘অনেক গরম। প্রথম অনুশীলনটা খুব কঠিন ছিল। আগামী কয়েক দিনে হয়তো আমরা বুঝতে পারব, কী পরিমাণ পানি পান করতে হবে।’