দুই অধিনায়কের অন্য রকম সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল র্যাড়ডিসনে ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও জস বাটলার l সৌজন্য ছবি
হোটেল র্যাড়ডিসনে ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও জস বাটলার l সৌজন্য ছবি

বৃষ্টির কারণে কাল মাঠে অনুশীলনই করতে পারেনি বাংলাদেশ দল। ইনডোরেই সারতে হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে আজ শুরু ওয়ানডে সিরিজের প্রস্তুতি। তবে বিসিবি একাডেমি মাঠে ইংলিশদের অনুশীলনটা হয়েছে নিবিড়। বহুল আলোচিত এই সিরিজ দুই দলের কাছেই নানা দিক থেকে তাৎপর্যপূর্ণ। তবে ভিন্ন কারণে দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও জস বাটলারের কাছে হতে যাচ্ছে এটি অন্য রকম এক সিরিজ।

সেই মাশরাফি এই মাশরাফি

মাশরাফির সামনে দুটি আয়না। একটি অতীতের, আরেকটি বর্তমানের।  অতীতের আয়নায় দেখা যাবে এক ‘অভিমানী’ মাশরাফিকে, আরেকটিতে দৃঢ়প্রত্যয়ী এক সফল অধিনায়ক।

মাশরাফি নিশ্চয় চাইবেন না ছয় বছর আগের সেই সময়ে ফিরে যেতে। কিন্তু অতীত যে পিছু ছাড়ে না। নানা মুহূর্তে, নানা উপলক্ষে তা ফিরে ফিরে আসে। এবারও যেমন আসছে। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটে পড়লেন, ফিরে আসার সংগ্রাম শেষে আট মাস পর এই ইংল্যান্ডের বিপক্ষেই হোম সিরিজে ফিরলেন দলে। তবে ফেরাটা সুখকর হয়নি। সিরিজের প্রথম ওয়ানডে খেলেই হঠাৎ জানিয়ে দেন, ‘আমি আর এই সিরিজে খেলছি না’—ইংল্যান্ড সিরিজ মাথা থেকে ঝেড়ে মাশরাফি সিদ্ধান্ত নিলেন আইপিএল খেলবেন। টিম ম্যানেজমেন্টের আচরণে ক্ষুব্ধ হয়েই যে তাঁর এই সিদ্ধান্ত, সেটি আর গোপন থাকেনি।

জাতীয় দলে খেলাটাই যাঁর কাছে সব, সেই মাশরাফি কিনা সিরিজ অর্ধসমাপ্ত রেখেই দল ছাড়লেন! কতটা যন্ত্রণাকাতর হয়ে এমন সিদ্ধান্ত, না বোঝার কারণ নেই। এমনও শঙ্কা জেগেছিল, অভিমানে দেশের ক্রিকেট থেকেই সরে যাচ্ছেন না তো মাশরাফি! ঝঞ্ঝাবিক্ষুব্ধ সময় পেরিয়ে সেই যোদ্ধা এখন বাংলাদেশ ক্রিকেটের নতুন দিনের স্বপ্নসারথি। ইংল্যান্ডের বিপক্ষে আরেকটি হোম সিরিজে তাঁর কাঁধেই সওয়ার বাংলাদেশ দল।

ভাগ্য মাশরাফিকে নিয়ে কীভাবে খেলেছে, তা এত দিনে কমবেশি সবারই জানা। বারবার চোটে পড়ে ফিরে এসেছেন মাশরাফির মতোই। তবে সব বাধা জয় করে ২০১০ সালের জুলাইয়ে ইংল্যান্ড সফরে যখন ফিরলেন, আবারও তাঁর কাঁধেই নেতৃত্বভার। ইংলিশদের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়টা কিন্তু মাশরাফির অধিনায়কত্বেই। স্নায়ুচাপের মুহূর্তে দুর্দান্ত অধিনায়কত্ব ও বোলিংয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।

ইংল্যান্ডের সঙ্গে বাংলাদেশ খেলেছে ১৬টি ওয়ানডে। চারটিতে নেতৃত্ব দিয়ে মাশরাফি জিতেছেন দুটি। সর্বশেষটি ২০১৫ বিশ্বকাপে, অ্যাডিলেডে যে জয় বাংলাদেশকে নিয়ে যায় প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। অবশ্য দেশের মাটিতে কখনো ইংলিশদের বিপক্ষে নেতৃত্ব দেওয়া হয়নি মাশরাফির। আজই তা দিতে যাচ্ছেন। ছয় বছর আগের স্মৃতি ভুলে এবার ইংল্যান্ড সিরিজটা স্মরণীয় করে রাখার সুযোগ তাঁর সামনে। যদিও এটিকে আলাদা করে দেখছেন না অধিনায়ক, ‘আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আলাদা করে দেখছি না। আরেকটি নতুন সিরিজ, আমরা সবাই খুব রোমাঞ্চিত। যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি, তবে ভালো লাগবে। এই আরকি!’

কুকের মতো বাটলারও

অ্যান্ড্রু স্ট্রাউস ২০০৯ সালে বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিলেন। ইংল্যান্ড দলের নেতৃত্ব তখন তাঁর কাঁধে। হঠাৎ অধিনায়কের চেয়ারে বসলেন অ্যালিস্টার কুক। ২০১০ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই ইংলিশ ওপেনারের অধিনায়ক-জীবন শুরু। সেটিও তাঁর কাছে হয়ে আছে স্মরণীয়। বেশ কয়েকটি অনভিজ্ঞ মুখ নিয়ে এসেছিলেন, এখানকার আবহাওয়া ও উইকেটও একটু বিপক্ষে ছিল ইংল্যান্ডের। তবু ৩-০ ব্যবধানে জয়। সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রানও এল কুকের ব্যাটে—প্রথম মিশনেই ইংলিশ অধিনায়ক দারুণ সফল।

কুকের মতো একই অভিজ্ঞতা হয়েছে বাটলারেরও। নিয়মিত অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ সফরকে ‘না’ বলে দেওয়ায় পাল্টে গেল দৃশ্যপট। ইংল্যান্ড ওয়ানডে দলের নেতৃত্ব পেলেন ২৬ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান বাটলার। কুকের মতো তাঁর অধিনায়ক-পর্বটাও শুরু হচ্ছে বাংলাদেশে। বাটলারেরও সঙ্গী নতুন কিছু মুখ।

তবে কুককে যেসব চ্যালেঞ্জের সামনে পড়তে হয়নি, এবার তা কিছু হলেও অপেক্ষা করছে বাটলারের জন্য। গত দুই বছর ওয়ানডেতে দেশের মাটিতে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। সব চ্যালেঞ্জ উতরে বাটলার পারবেন কুকের সাফল্যের পুনরাবৃত্তি করতে?

সংবাদ সম্মেলনে প্রশ্নটা করতেই ইংলিশ অধিনায়ক আবার জানতে চাইলেন, ‘তাঁর (কুক) সাফল্যের পুনরাবৃত্তি করতে পারব কি না?’ নিশ্চিত হয়ে বাটলারের কণ্ঠে প্রত্যয়, ‘আশা করছি পারব। অধিনায়ক হওয়াটা আমার জন্য বিরাট সম্মানের।’ তবে এই দায়িত্বটা যে সাময়িক, মনে করিয়ে দিলেন সেটিও, ‘এউইন মরগানের বিকল্প হিসেবেই নিজেকে দেখছি। এরপর এটি আবার তাকে হস্তান্তর করতে চাই। বাংলাদেশের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজের নেতৃত্ব দিচ্ছি আমি।’

মাশরাফি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৩১ ওয়ানডেতে। বাটলারের সেখানে মাত্রই শুরু। দুই অধিনায়ক অবশ্য এই সিরিজে মিলে যাচ্ছেন এক মোহনায়। তবে মাশরাফি চাইবেন সিরিজ শেষে হাসিটা শুধু তাঁর মুখেই থাকুক!