বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রশহর গলে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। আজ ম্যাচের দ্বিতীয় দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...

** ২ উইকেটে ১৩৩ রান তুলে দিন শেষ করল বাংলাদেশ। তামিম-মুমিনুলের উইকেট দুটি বাদ দিলে শ্রীলঙ্কাকে জবাবটা ভালোই দিয়েছে মুশফিকুর রহিমের দল। লঙ্কানদের চেয়ে এখনো ৩৬১ রানে পিছিয়ে থেকে কাল তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ। সৌম্য সরকার অপরাজিত আছেন ৬৬ রানে। ১৩৩ বল খেলে ৭ চার, ১ ছয়ে সাজানো তাঁর ইনিংস। তাঁর সঙ্গী হয়ে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ বল খেলে ১ রান করেছেন তিনি। 

** শেষবেলায় একটু বিপাকেই পড়ে গেল বাংলাদেশ। তামিম ইকবালের পর আউট হয়ে গেলেন মুমিনুল হক। দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু মুমিনুল। বাংলাদেশের সংগ্রহ এই মুহূর্তে ২ উইকেটে ১২৭। সৌম্য অপরাজিত আছেন ৬১ রানে।

** শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ১০০ রানের ওপেনিং জুটি গড়লেন তামিম ও সৌম্য। ৫০ রান নিয়ে অপরাজিত আছেন সৌম্য। ফিফটি করেছেন তামিমও।

** শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। তামিম-সৌম্যর ওপেনিং জুটিতে এখেনা পর্যন্ত এসেছ ৮৩ রান। তামিম ৪৪ রানে অপরাজিত। সৌম্য অপরাজিত ৩৮ রানে।

** ব্যাট করতে নেমে চা বিরতির আগে পর্যন্ত ৩১ রান করেছে বাংলাদেশ। তামিম ১৭ আর সৌম্য অপরাজিত আছেন ১৪ রানে।

** বাংলাদেশের পক্ষে ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬৮ রানে ২ উইকেট মোস্তাফিজের। তাসকিন, শুভাশিস ও সাকিব পেয়েছেন ১টি করে উইকেট।

** দ্বিতীয় দিনে কিছুটা ঘুরেই দাঁড়াল বাংলাদেশ। ৪ উইকেটে ৩৯৮ থেকে ৪৯৪-তে শ্রীলঙ্কাকে অলআউট করে দেওয়াটা খুব মন্দ পারফরম্যান্স নয়। তবে ৪৯৪ রানের জবাবটা বাংলাদেশ কীভাবে দেয়, দেখার বিষয় এটিই।
** ৫০০ রান হলো না শ্রীলঙ্কার। ৪৯৪ রানেই শেষ হলো তাদের প্রথম ইনিংস। সাকিব আল হাসানের বলে ইনসাইড আউট শট খেলতে গিয়ে ক্যাচ তুলে নিলেন লক্ষণ সানদাকান। মিড অফের দিকে অনেকটা দূরত্ব দৌড়ে গিয়ে ডাইভ দিয়ে দারুণ একটা ক্যাচ নিলেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের প্রথম উইকেট। ৩২.১ ওভার বল করে ১০০ রান দিয়ে সাকিব দেখা পেলেন সাফল্যের।

** শ্রীলঙ্কান ৯ নম্বর উইকেটের পতন। মেহেদী মিরাজের বলে এলবিডব্লু হয়ে ফিরলেন দিলরুয়ান পেরেরা। রিভিউ নিয়েছিলেন কিন্তু তাতে কাজ হয়নি। শ্রীলঙ্কা অবশ্য ৫০০ রানের দিকে এগিয়ে চলেছে। এই মুহূর্তে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৪৯৪। মিরাজ তুলে নিলেন তাঁর চতুর্থ উইকেটটি।

** শ্রীলঙ্কার ৮ নম্বর উইকেটটি পড়ল বেশ দৃষ্টিকটুভাবেই। সাকিবের বলে সুরাঙ্গা লাকমাল শর্ট থার্ড ম্যানে ঠেল দিয়ে রান নিতে চেয়েছিলেন। কিন্তু দিলরুয়ান পেরেরা লাকমালের ডাকে সারা দেননি। রান আউট হয়ে গেলেন লাকমাল। পেরেরা অবশ্য তুলে নিয়েছেন দারুণ একটা ফিফটি। তিনি অপরাজিত ৫১ রানে। শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ৪৮৫।

** বাংলাদেশের বোলারদের মধ্যে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২ উইকেট মোস্তাফিজের। একটি করে উইকেট পেয়েছেন তাসকিন ও শুভাশিস।

** দ্বিতীয় উইকেট পেলেন মোস্তাফিজুর রহমান। তাঁর বলে স্লিপে ক্যাচ দিয়েছেন লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। শ্রীলঙ্কার সংগ্রহ ৭ উইকেটে ৪৭০। আউট হওয়ার আগে হেরাথ করেন ৭ রান।

** মেন্ডিসের পর মাহমুদউল্লাহর ক্যাচে ডিকভেলাকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। শ্রীলঙ্কার সংগ্রহ এই মুহূর্তে ৬ উইকেটে ৪৪০। ডিকভেলা আউট হয়েছেন ৭৫ রানে।

** অবশেষে ফেরানো গেল কুশল মেন্ডিসকে। ১৯৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে লং অনে তামিমের দারুণ বুদ্ধিদীপ্ত এক ক্যাচে আউট হলেন তিনি। ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি করতে চেয়েছিলেন। মিরাজের কিছুটা ঝুলিয়ে দেওয়া বলটি বেরিয়ে এসে মারতে চেয়ছিলেন লং অন দিয়ে। তামিম কিছুটা পেছনে হেঁটে বলটি যখন হাতে নিলেন তখন তাঁর পা বাউন্ডারি লাইনের ওপর। উপস্থিত বুদ্ধি খাঁটিয়ে তামিম বলটি ছুঁড়ে মারলেন শূন্যে। বাউন্ডারির ভেতর এসে তা আবার ধরে ফেরালেন ভয়ংকর মেন্ডিসকে। ২৮৫ বলে, ১৯ চার ও ৪ ছয়ে মেন্ডিস খেলেছেন অসাধারণ এই ইনিংসটি।

** দ্বিতীয় দিনে শুরুটা দারুণ করেছ শ্রীলঙ্কা। শুভাশিস রায়ের করা ৮৮.২ ওভারে ৩ রান নিয়েছেন মেন্ডিস। চতুর্থ বলেই তাঁকে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকিয়েছেন ডিকেভলা। দিনের প্রথম দুই ওভারে ৯ রান তুলেছে লঙ্কানরা।

** টেস্টের প্রথম দিন শেষ শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩২১। মোট ৮৮ ওভার খেলা হয়েছে প্রথম দিন। কুশল মেন্ডিস অপরাজিত আছেন ১৬৬ রানে। এখেনা পর্যন্ত ২৪২ বলে, ১৮ চার আর ২ ছয়ে মেন্ডিস খেলে চলেছেন অসাধারণ এই ইনিংসটি। বাংলাদেশের বোলারদের বোলিং পরিসংখ্যান-মোস্তাফিজ ১/৫০, তাসকিন ১/৪৮, শুভাশিস ১/৫৮, মিরাজ ১/৬৬, সাকিব ০/৭১, সৌম্য ০/৯, মাহমুদউল্লাহ ০/১০।