বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট হাইলাইটস: চোখ রাখুন এখানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রশহর গলে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট। আজ ম্যাচের তৃতীয় দিন। ব্যস্ততার কারণে ম্যাচের প্রতিটা মুহূর্তে চোখ রাখতে না পারলেও ক্ষতি নেই। ম্যাচের উল্লেখযোগ্য সব মুহূর্ত এক নজরে মিলবে এখানেই...
** বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে তৃতীয় দিনের শেষ সেশনের খেলা। আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে শ্রীলঙ্কা সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে। আজ সারাদিনে মাত্র ৫১.২ ওভার খেলা হয়েছে।
** শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস শুরু হওয়ার আগেই গলের আকাশ ভেঙে আবারও বৃষ্টি নেমেছ। এই মুহূর্তে বেশ ভারী বৃষ্টিই হচ্ছে গলে।
** বৃষ্টির পর খেলা শুরু হতেই অলআউট বাংলাদেশ। বাংলাদেশকে ৩১২ রানে গুটিয়ে দিয়ে ১৮২ রানে এগিয়ে থাকল শ্রীলঙ্কা। শেষ ব্যাটসম্যান হিসেবে হেরাথের বলে মেন্ডিসের হাতে ধরা পড়েছেন মোস্তাফিজুর রহমান। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন দিলরুয়ান পেরেরা ও রঙ্গনা হেরাথ। সুরাঙ্গা লাকমাল, লাহিরু কুমারা, লক্ষ্মণ সানদাকান—প্রত্যেকেই নিয়েছেন একটি করে উইকেট।
** বৃষ্টির কারণে এই মুহূর্ত বন্ধ আছে খেলা।
** ৮৫ রানে রঙ্গনা হেরাথের বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক। ফলো অন অবশ্য এড়ানো গেছে। বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩১২। শ্রীলঙ্কা এগিয়ে ১৮২ রানে।

** ১০৬ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হলেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ আউট হয়েছেন ৪০ রানে, দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লিউ হয়ে। পরের বলেই এলবি হয়ে গেছেন তাসকিন আহমেদ।
** জুটিটা ৮৬ রানে নিয়ে গেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মিরাজকে অবশ্য মাঝে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার আলিম দার। কিন্তু রিভিউতে দেখা গেল বলটা তাঁর ব্যাটের ভেতরের দিকের কানায় লেগেছে। মুশফিক অপরাজিত ৬১ রানে। মিরাজ ৩৬ রানে। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮।

** দলের বিপর্যয়ের মুখে ৬৪ রানের জুটি গড়ে এখনো অবিচ্ছিন্ন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। মুশফিক অপরাজিত ৫৫ রানে, মিরাজ ২৫। বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬০। এখনো ২৩৪ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

** হায়দরবাদে ১১ ইনিংস পর ফিফটির ইনিংস খেলা মাহমুদউল্লাহ ৮ রান করে ফিরে গেছেন সেই পুরোনো বৃত্তে। স্পেশালিস্ট উইকেটকিপার নাকি বাড়তি একজন ব্যাটসম্যান, এই প্রশ্নকে আরও বড় করে তুলে লিটনও ফিরে এলেন কিছুক্ষণের মধ্যে। মাহমুদউল্লাহর অফ স্টাম্প উপরে দিয়েছেন কুমারা। লিটন স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন রঙ্গনা হেরাথের বলে।

** সৌম্যর পর আউট সাকিব আল হাসানও। ১৯ বলে ২৩ রান করে সানদাকানের একটি ‘রং ওয়ানে’র ফাঁদে সাকিব। একটু তাড়াহুড়োই করছিলেন তিনি। সাকিবের বিদায়ে দল বিপাকেই পড়ে গেল। বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৭৯। উইকেটে ১১ রান নিয়ে ব্যাট করছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সাকিবের পর উইকেটে এসেছেন মাহমুদউল্লাহ। তিনি অপরাজিত ৭ রানে।

** আগের দিনের সংগ্রহের সঙ্গে আর মাত্র ৯ রান যোগ করেই উইকেট হারালো বাংলাদেশ। আউট হয়ে ফিরলেন এখনো পর্যন্ত দলের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলা সৌম্য সরকার। ৭১ রান করে লাকমালের বলে কুমারার হাতে ধরা পড়েন তিনি। লেগ স্টাম্পের ওপর পড়া লাকমালের শর্ট বলটি দোনো মনো হয়ে পড়ে পুল করেই বিপদ ডেকে আনলেন সৌম্য। ফাইন লেগে তাঁর ক্যাচটি নিতে কোনো অসুবিধাই হয়নি কুমারার।

** ২ উইকেটে ১৩৩ রান তুলে দিন শেষ করেছিল বাংলাদেশ। লঙ্কানদের চেয়ে এখনো ৩৬১ রানে পিছিয়ে থেকে কাল তৃতীয় দিনের খেলা শুরু করছে বাংলাদেশ। সৌম্য সরকার অপরাজিত আছেন ৬৬ রানে। ১৩৩ বল খেলে ৭ চার, ১ ছয়ে সাজানো তাঁর ইনিংস। তাঁর সঙ্গী হয়ে আছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১৪ বল খেলে ১ রান করেছেন তিনি।