বাউন্সার নিয়েই নামছেন বোল্টরা

বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রশংসা করতে করতে একটা প্রচ্ছন্ন হুমকিই কি দিয়ে রাখলেন ট্রেন্ট বোল্ট?
নিউজিল্যান্ডে এখন কেন্দ্রীয় ‘চরিত্র’ হয়ে উঠেছে বাউন্সার। ক্রিকেটের আনাচকানাচে একই আলোচনা। সাবেক ক্রিকেটাররা এ নিয়ে দ্বিধাবিভক্ত। সংবাদমাধ্যমে তর্কবিতর্ক। টেস্ট ক্রিকেটের সঙ্গে বাউন্সারের সম্পর্ক সুদূর অতীত থেকেই নিবিড়। তবু সেটি কাউকে আঘাত করে খেলার বাইরে পাঠিয়ে দিলে আলোচনা তো হবেই।
আলোচনায় কাল অংশ নিলেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ট্রেন্ট বোল্টও। তবে একটু অন্যভাবে। নিউজিল্যান্ডের ফাস্ট বোলাররা অনেক বাউন্সার দিলেও সেগুলো বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব ভালো সামলাতে পারছেন, দাবি বোল্টের, ‘চ্যালেঞ্জিং উইকেটেও দুর্দান্ত ব্যাটিং করে তারা প্রথম ইনিংসে ৫৯৫ রান করল। দ্বিতীয় ইনিংসটা হয়তো হতাশাজনক হয়েছে, তবে আমি নিশ্চিত সেখান থেকেও তারা ইতিবাচক দিক খুঁজে পাবে। ওই উইকেটে ব্যাটিং করা কঠিন হলেও তারা খুব ভালো খেলেছে।’
বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের শর্ট পিচ বল খেলার দক্ষতারই বেশি প্রশংসা করলেন এই কিউই ফাস্ট বোলার, ‘একের পর এক শর্ট পিচ বলের মুখোমুখি হওয়া কিছুটা অস্বস্তিকর। তবে তারা এটা খুব ভালোভাবে সামলেছে। শর্ট পিচ বলের সামনে তারা আক্রমণাত্মক ছিল। শট খেলার জন্য সঠিক সময় বেছে নিয়েছে। আমি নিশ্চিত এটার সঙ্গে মানিয়ে নিতে তারাও কিছু পরিকল্পনা করেছে।’
বোল্টের কথাতেই বোঝা যাচ্ছে, ক্রাইস্টচার্চেও ওয়েলিংটনের অস্ত্র নিয়েই আসছেন তাঁরা। তবে তাঁর ধারণা, এবারও বাংলাদেশের ব্যাটসম্যানরা সেটা ভালোভাবে সামলাবেন, ‘আমার ধারণা, আগামী কয়েক দিনও তারা একই রকম ইতিবাচক ক্রিকেট খেলবে। আমরা কোনোভাবেই তাদের হালকাভাবে নেব না।’
হ্যাগলি ওভালে কাল টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনের বেশিটা জুড়েই ছিল বাউন্সার-সংক্রান্ত আলোচনা। প্রতিটি প্রশ্নেই বোল্ট মনে করিয়ে দিতে চেয়েছেন, এটা খেলারই অংশ। আর নিউজিল্যান্ড তা কাজে লাগিয়ে সফলও হচ্ছে। শুধু তা-ই নয়, শর্ট বল দিতে পারাটা তাঁর চোখে একজন বোলারের বিশেষ দক্ষতা, ‘শর্ট বল দিতে পারাটা একজন বোলারের বড় দক্ষতা। আমরা কেন শর্ট বল করি মানুষের সেটা বোঝা উচিত। ব্যাটসম্যানদের ভয় দেখানোর জন্য, ক্রিজে তাদের স্থবির করে রাখার জন্য। শর্ট বলার করার উদ্দেশ্য কখনোই ব্যাটসম্যানকে আঘাত করা নয়। দক্ষতাটা আরও বেশি কার্যকর করতেই এটা করা হয়।’
ক্রাইস্টচার্চের উইকেটে বাউন্সারের দক্ষতাকে আরও বেশি করেই কার্যকর করতে চাইবেন কিউই পেসাররা। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের পরীক্ষাটাও তাই এখানে হয়ে উঠতে পারে আরও কঠিন।