বাউন্সার-শঙ্কা-স্বস্তি!

বাউন্সার ছুড়ে বোলারকেই ভড়কে যেতে দেখেছেন কখনো? শঙ্কা আর ভয়ে খানিকটা কুঁকড়ে যেতে? কয়েক দিন আগেও এটি ছিল অভাবনীয়। বাউন্সার ছুড়ে বোলার বরং অনেক সময় আরও তেড়েফুঁড়ে যেতেন, দাঁড়াতেন গিয়ে ঘাড়ের ওপর কিংবা আগুনে চোখের চাহনি! কিন্তু একজন ফিল হিউজ বদলে দিয়েছেন ক্রিকেটের চিরন্তন সেই দৃশ্য। কাল বিরাট কোহলিকে বাউন্সার ছুড়ে উল্টো ভেঙে পড়ার দশা যেমন বোলার মিচেল জনসনেরই!
অ্যাডিলেড ওভালের বড় ঘড়ির কাঁটা তখন দুপুর ১টা ছুঁই-ছুঁই। প্রথম বলেই কোহলিকে স্বাগত জানালেন জনসন শরীর তাক করা বাউন্সারে। কোহলি পজিশনে যেতে পারেননি ঠিকমতো, শেষ মুহূর্তে চোখ সরিয়ে নিয়ে ‘ডাক’ করতে চাইলেন। কিন্তু প্রায় ৯০ মাইল গতির বলটি সটান লাগল তাঁর হেলমেটে, কপালের ওপর হেলমেটের ঠিক লোগো আঁকা জায়গাটায়। মুহূর্তেই ক্ষণিকের পিনপতন নীরবতা। জনসন এগিয়ে গেলেন, মাথা এক দিকে বাঁকিয়ে নিচু হয়ে চেষ্টা করছিলেন হেলমেটের ভেতর কোহলির মুখটা দেখার। স্লিপ, গালি, চারপাশ থেকে ছুটে এলেন আরও কয়েকজন উদ্বিগ্ন অস্ট্রেলিয়ান ফিল্ডার। কোহলি ঠায় দাঁড়িয়ে ছিলেন। কিছু হয়নি, সবাই দেখে পিঠ-কাঁধ চাপড়ে দিলেন। বোলিং মার্কে ফেরার পথে অপরাধী মুখ জনসনের, এমনভাবে মাথা চুলকাচ্ছিলেন যেন বড় ভুল করে ফেলেছেন!
হিউজের ঘটনার দিন মাঠে থাকা ওয়ার্নার, লায়ন, ওয়াটসন ও হাডিন কালও ছিলেন মাঠে। তেমন কিছুর ভয় পেয়ে বসেছিল মুহূর্তের জন্য, দিন শেষে জানালেন নাথান লায়ন, ‘মনে হলো যেন হৃৎস্পন্দন মিস হলো একবার, বিশেষ করে আমরা যে চারজন সেদিনও ছিলাম মাঠে। সবাইকে গিয়ে জিজ্ঞেস করলাম সব ঠিক আছে কি না। কারণ এমন কিছু আমরা আর কখনো দেখতে চাই না। আজকের (কাল) ঘটনা ফিলের মতোই ছিল। এ জন্যই আমরা দ্রুত ছুটে গিয়ে দেখলাম বিরাট ঠিক আছে কি না। ফিলের মতো কিছু আর কখনো আমরা দেখতে চাই না।’
একটু পরই অবশ্য সব ঠিক হয়ে যায়, জনসনকে পিঠ চাপড়ে সাহস জোগান ক্লার্ক। কোহলি পরে সেঞ্চুরি করেন, জনসনও ছুড়েছেন আরও বাউন্সার। তবে কালকের ঘটনাটিই আরেকবার প্রমাণ করল, হিউজকে হারানোর পর ক্রিকেট আর আগের মতো নেই! স্টার স্পোর্টস, ক্রিকইনফো।