বাউন্সারেই ফেরা অ্যাবটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ আগে জীবনের ভয়ালতম দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিলেন যেখানে, সেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে কাল শুরু হলো নতুন স্বপ্নের পথচলা। অ্যাডিলেডে যখন মাঠে নামছেন ওয়ার্নার-ক্লার্করা, সিডনিতে তখন শেফিল্ড শিল্ডের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরলেন শন অ্যাবট। মানসিক ধাক্কার অনেকটাই যে কাটিয়ে উঠেছেন, সেটার প্রমাণও দিয়েছেন নেমেই। প্রথম ওভারের পঞ্চম বলেই করেছিলেন বাউন্সার, ‘ডাক’ করেন ব্যাটসম্যান জো বার্নস। কুইন্সল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দিনে ২ উইকেট নিয়েছেন অ্যাবট।
২৫ নভেম্বর এই অ্যাবটের বাউন্সারে হুক করতে গিয়েই আঘাত পেয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিউজ। মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হার মানেন দুদিন পর। অনেকেই ধারণা করেছিলেন, ওই মানসিক চোটে আর হয়তো ক্রিকেটেই ফিরতে পারবেন না নিউ সাউথ ওয়েলসের তরুণ পেসার। অ্যাবটের ফেরার দিনে নিউ সাউথ ওয়েলসও স্মরণ করেছে তাঁদের ঘরের সন্তান হিউজকে। বাহুতে কালো ফিতা বেঁধেছিলেন ক্রিকেটাররা, পোশাকে লেখা ছিল ‘PJH 707’। নিউ সাউথ ওয়েলসের ৭০৭ নম্বর ক্রিকেটার ছিলেন ফিলিপ জোয়েল হিউজ। পরে চলে গিয়েছিলেন সাউথ অস্ট্রেলিয়ায়। এএফপি, ক্রিকইনফো।