বাউন্সারেই হিউজ-স্মরণ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোকের ছায়া থাকবে অ্যাডিলেডের আকাশে। সতীর্থ এবং বন্ধু ফিল হিউজের সঙ্গে দুর্দান্ত সময়গুলোর স্মৃতি থাকবে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের মনে। কিন্তু মাঠের লড়াইয়ে সেটির প্রভাব পড়ছে না একটুও। সেখানে চিরায়ত অস্ট্রেলিয়া, যারা প্রতিপক্ষকে ছিঁড়েখুঁড়ে ফেলতে প্রস্তুত। অন্তত আগের দিন সংবাদ সম্মেলনে এসে সেই আভাসই দিলেন মিচেল জনসন। একটা বাউন্সার কেড়ে নিয়েছে তাঁদের সতীর্থ হিউজের জীবন। কিন্তু সেই শোককে শক্তিতে রূপ দিয়ে ওই বাউন্সারেই ভারতকে প্রথম টেস্টে স্বাগত জানাতে চান জনসন, ‘আমরা সব সময় যে রকম ক্রিকেট খেলি, সেটাই খেলব। সেটা হচ্ছে আক্রমণাত্মক ক্রিকেট। কন্ডিশন কেমন সেটা দেখতে হচ্ছে, কিন্তু তাতে আমাদের মানসিকতা বদলাবে না।’
হিউজের মৃত্যু অস্ট্রেলিয়ান ক্রিকেটে যে গুমোট পরিবেশ তৈরি করেছে সেটা স্বাভাবিক করতে হলে অ্যাডিলেডেই বাউন্সারের ঝড় তুলতে হবে—বলেছিলেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার মার্ভ হিউজ। কাল ক্রিকইনফোতে লেখা কলামে তাঁর সঙ্গে সুর মেলালেন সাবেক অধিনায়ক রিকি পন্টিংও, ‘মিচেল জনসন এই টেস্টের প্রথম বলেই বাউন্সার দিচ্ছেন, এটা দেখতেই আমার ভালো লাগবে। তবে আমি কাউকে আঘাত পেতে দেখতে চাই না। কিন্তু বাউন্সারটা খেলারই একটা অঙ্গ। তাই ওরা যদি আক্রমণাত্মক ঢঙে না খেলে, তাহলে টেস্ট ম্যাচের সুরটাই থাকবে না।’ দুই পূর্বসূরিকে নিরাশ করতে চান না জনসনও, ‘আমি ১৮ মাস ধরে খুবই আক্রমণাত্মক বোলিং করে আসছি। এখানে সেটা একটুও বদলাব না।’ কিন্তু সেই বাউন্সারে যদি চোট পান কোনো ভারতীয় ব্যাটসম্যান, তখন কেমন লাগবে? জনসনের জবাব, ‘এখন পর্যন্ত আমার বলে কেউ চোট পায়নি। তাই আমি জানি না কেমন লাগবে।’ এএফপি, ক্রিকইনফো।