বাকি তিন ম্যাচে তিন সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহজ জয় দিয়েই ইমার্জিং টিমস এশিয়া কাপ শুরু হয়েছে বাংলাদেশের। দিনের অন্য ম্যাচগুলোতেও লেখা হয়েছে প্রায় একই চিত্রনাট্য। তিন ম্যাচেই অনুমিতভাবে জিতেছে ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। বাংলাদেশের সঙ্গে একটাই পার্থক্য—এই তিন ম্যাচেই সেঞ্চুরি পেয়েছেন জয়ী দলের ব্যাটসম্যান।
দিনের একমাত্র বড় ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত ও শ্রীলঙ্কা। অধিনায়ক বাবা অপরাজিতের ৯১ বলে ১০০ রানের ইনিংসে ২৮৮ রান তোলে ভারত। তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে অলআউট হয়ে শ্রীলঙ্কা হেরেছে ৩৫ রানে। এমএ আজিজ স্টেডিয়ামে আহত অবসর হওয়ার আগে ইহসান জানাত করেছিলেন ১০৮ রান। তাঁর দল আফগানিস্তানও পায় ২৮৪ রানের বড় স্কোর। তাড়া করতে নেমে ৩৮ রানে ৫ উইকেট হারানো মালয়েশিয়া শেষ পর্যন্ত অলআউট হয়েছে ১২৯ রানে।
কক্সবাজারে বাংলাদেশের গ্রুপের অন্য ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ১৮০ রান তাড়া করতে নামা পাকিস্তানের পক্ষে ১০৫ রানে অপরাজিত ছিলেন ওপেনার ইমাম-উল-হক। সূত্র: এসিসি।