বাকিদের তো লজ্জাই দিলেন কামরুল-তাসকিন

১১৫ রানে ৮ উইকেট নেই। বাংলাদেশ এগিয়ে ৫০ রানে। দিনের খেলা বাকি প্রায় ৩০ ওভার। তৃতীয় দিন বৃষ্টিতে ধুয়ে যাওয়ার পরও বাংলাদেশ হারের শঙ্কায়, সেটিও চতুর্থ দিনেই। এই পরিস্থিতিতে তাসকিন আহমেদ-কামরুল ইসলাম যে ব্যাটিংটা করলেন, দলের শীর্ষ ব্যাটসম্যানদের লজ্জা পাওয়ার কথা।
এটা ঠিক, টেলএন্ডার হিসেবে তাসকিন-কামরুলের সব শটই ব্যাকরণসিদ্ধ নয়। তাঁদের কাছে সেটি আশা করাও ঠিক নয়। তবু কামরুল-তাসকিনের ব্যাটিংয়ের সৌজন্যে যা একটু লড়াই হলো। দুজনের নবম উইকেটে তোলা ৪৮ বলে ৫১ রান হলো এ ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি! ট্রেন্ট বোল্টের দুর্দান্ত এক ইয়র্কারে বোল্ড হওয়ার আগে তাসকিন করেছেন ৩০ বলে ৩৩ রান। ছক্কা মেরেছেন দুটি আর বাউন্ডারি একটি। টেস্ট ক্যারিয়ার এটিই তাসকিনের সর্বোচ্চ।
প্রথম ইনিংসে ৬৩ বলে ২ রান করে বাংলাদেশের হয়ে মন্থরতম ইনিংসের এক রেকর্ড গড়েছিলেন কামরুল। তিনি যে চালিয়েও খেলতে জানেন, সেটি বোঝালেন আজ। তিন চার ও এক ছক্কায় ২৫ রান (২৯ বলে) করে অপরাজিত ছিলেন, যেটি তাঁরও ক্যারিয়ার-সর্বোচ্চ।
লেজের দিকের এ দুই ব্যাটসম্যানের সামান্য লড়াইয়ের সুবাদে সব কটি উইকেট হারিয়ে বাংলাদেশের রান ১৭৩। কিন্তু ক্রাইস্টচার্চে যে তামিমরা আরেকটি হতাশার দিনলিপি লিখতে যাচ্ছেন অনুমান করা কঠিন কিছু নয়। ১০৯ রানের লক্ষ্যটা হয়তো চতুর্থ দিনেই পেরিয়ে যাবে নিউজিল্যান্ড। আর বাংলাদেশ দেশে ফিরবে শূন্য হাতে।
ক্রিকেট জুটিরই খেলা। ক্রিকেট সেই খেলা, সেখানে স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানের রানের জন্য দৌড়াতে হয় অন্যজনকেও। এর থেকে বন্ধুতা, সহযোগিতা কিংবা সৌভ্রাতৃত্বের দার্শনিক দিকগুলো নাই–বা শেখা হলো, নিখাদ ক্রিকেটীয় ব্যাকরণ তো শিখবেন। কিন্তু বাংলাদেশের পুরো ইনিংসে ৪১ রান ছাড়া আর একটা ২০ রানের জুটিও হলো না! ৫১ রানের এই নবম উইকেটের জুটি বাকিদের আরও এ কারণে লজ্জা দেবে, পুরো সিরিজে এটি বাংলাদেশের মাত্র পঞ্চম ৫০ বা এর বেশি রানের জুটি। মোট ৪০টি জুটি হয়েছিল এই সিরিজে বাংলাদেশের। ১৪টি জুটি শেষ হয়েছে এক অঙ্কে। ১৩টি জুটি হয়েছে ২০ রানের কমে। ৮টি জুটি হয়েছে ৫০-এর নিচে। বাকি ৫টি জুটির দুটি ১০০ পেরিয়েছে। এর মধ্যে মুশফিক-সাকিবের ৩৯৯ রানের সেই জুটিটাই যা ছিল গর্বের। এ ছাড়া? মোট ৪০ জুটির ৩৮টিই ১০০–র কমে আটকে গেছে!
এই সফরে বাংলাদেশের জুটি
| জুটি | সংখ্যা |
| ১ থেকে ৯ রানের জুটি | ১৪টি |
| ১০ থেকে ২০ রানের জুটি | ১৩টি |
| ২১ থেকে ৪৯ রানের জুটি | ০৮টি |
| ৫০ থেকে ৯৯ রানের জুটি | ০৩টি |
| ১০০ থেকে ১৯৯ রানের জুটি | ০১টি |
| ২০০ থেকে ২৯৯ রানের জুটি | ০০টি |
| ৩০০ থেকে ৩৯৯ রানের জুটি | ০১টি |
* ৪০ জুটির ৩৮টিতেই বাংলাদেশ ১০০ যোগ করতে পারেনি