বাঘ থেকে কাঁকড়া!

শিবনারায়ণ চন্দরপল ৪১ বছরে পা দিল গত পরশু। প্রায় দুই দশক ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের মেরুদণ্ড হয়ে ছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি; রান সংগ্রহে অবস্থান ব্রায়ান লারার পরেই। বৈচিত্র্যপূর্ণ দীর্ঘ ক্যারিয়ারে চন্দরপলকে নিয়ে রয়েছে বহু মজার তথ্য। তার কটা জেনে নিন এ রচনায়।
নাম তাঁর বাঘ
চন্দরপলের শুরুটা হয়েছিল কিংবদন্তি ব্যাটসম্যান রোহান কানহাইয়ের কাছে। কানহাইকে ডাকা হতো ‘পোর্ট মরান্টের বাঘ’ বলে। কানহাই তাঁর ছাত্রকেও এ নামেই ডাকা শুরু করেন। গুরুর দেওয়া নামটি পরে সেঁটে গিয়েছিল চন্দরপলের সঙ্গে।
দুই দশকের ক্যারিয়ার
চন্দরপলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৯৪ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলে সেবা দেওয়ার ব্রতে ৪১ বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন ক্রিকেট। ক্যারিয়ারে চোটের কাছে হার মানেননি একবারও। তাঁর মতো দুই দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন, এ গর্ব করতে পারেন কেবল মাত্র ১৫ ক্রিকেটার।
সব্যসাচী
২২ গজে ঠান্ডা মাথায় বোলারদের খুন করায় বেশ ‘সুনাম’ চন্দরপলের। টেস্টে অধিকাংশ সময় স্ট্রাইক রেট থেকেছে ৩০-৪০ এর মধ্যে। একবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ১১৪০ বল খেলেছিলেন একবারও আউট না হয়ে। টেস্টে চন্দরপল মানেই অলস সৌন্দর্য। টেস্ট ক্যারিয়ারে ২৬৬ ইনিংসে মাত্র একবার স্ট্যাম্পিংয়ের শিকার হওয়া তাঁর ঠান্ডা মাথার পরিচয়ই দেয়। তবে দলের প্রয়োজনে এই চন্দরপল ভয়ংকর হয়ে উঠেছেন কখনো কখনো। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ৬৯ বলে শতক হাঁকানো তারই একটি উদাহরণ। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে একবার শেষ দুই বলে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ১০ রান। এক চার ও এক ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন চন্দরপলই।
বন্ধু চন্দরপল
দীর্ঘ ক্যারিয়ারে ব্যাট করতে নেমেছেন প্রায় তিনশবার। ব্যাটিংয়ে নতুন নতুন সঙ্গী পেয়েছেন অসংখ্য খেলোয়াড়কে। টেস্ট ইতিহাসে বিভিন্ন সঙ্গীর সঙ্গে মোট ৭৫০টি জুটি গড়েছেন। নিঃসন্দেহে বিশ্ব রেকর্ড। এখানেই শেষ নয়। মোট ৮২জন ভিন্ন ভিন্ন সতীর্থের সঙ্গে ব্যাট করেছেন তিনি। তাঁর উল্টোদিকে ৫০০ ব্যাটসম্যানকে আউট হতে দেখেছেন।
বাবা ছেলের জুটি
দুই দশকের ক্যারিয়ার। ঘটনাটি ঘটার সম্ভাবনা ছিলই। ২০১৩ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছেন শিবনারায়ণ চন্দরপলের ছেলে ত্যাগনারায়ণ চন্দরপল। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপও খেলেছেন তিনি। কিছুদিন আগে গায়ানা দলের হয়ে খেলতে নেমেছিলেন বাপ-ব্যাটা এক সঙ্গে। নিজের ছেলেকে সঙ্গী করে শতরানের জুটিও গড়েছিলেন চন্দরপল।
‘মুলার’ চন্দরপল
গত এক দশক ধরে চন্দরপলের চোখের নিচের লেখাটি নিশ্চয় সবার নজরে কেড়েছে। চোখের নিচে লেখা ‘মুলার’। জার্মান এ শব্দের অর্থ ‘শস্য ভাঙান যিনি। চোখের নিচের এ লেখা মূলত সবাইকে নিজের ধর্মবিশ্বাস জানাতেই।
নিঃসঙ্গ শেরপা
সোনালি গৌরব হারিয়ে বিশ্ব ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্ষীণ শক্তির দলে পরিণত হয়েছে মূলত ২০০০ সালের পর। এই সময়ে টেস্টে মাত্র চারজন ক্যারিবীয় ব্যাটসম্যান ৫০০০-এর বেশি রান করেছেন। ৯৬৩৩ রান নিয়ে সবার শীর্ষে চন্দরপল। দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেইল পিছিয়ে ২০০০ রানে।
লড়াকু মানসিকতা
অভিমান ভরা কণ্ঠে বলতেই পারেন, দলের হয়ে তাঁর এত সব অবদানের প্রতিদানে এই ছিল পাওনা! গত বছর ইংল্যান্ড সিরিজের পর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবুও দমার পাত্র নন। এখনো দলে ফেরার আশায় লড়াই চালিয়ে যাচ্ছেন এ লড়াকু ক্রিকেটার।
কাঁকড়া
চন্দরপলের ব্যাটিংয়ে শুনলেই কোনো দৃশ্য ভেসে ওঠে চোখে? অবশ্যই তাঁর অদ্ভুত ব্যাটিং ভঙ্গি। ব্যাটিংয়ের সময় চন্দরপলের ব্যাট ধরার ভঙ্গি দেখে মনে হবে বোলার বুঝি স্কয়ার লেগ থেকে দৌড়ে আসছেন। তাঁর এই ভঙ্গিকে অনেকেই কাঁকড়ার সঙ্গে তুলনা করেন! এক সাক্ষাৎকারে এর ব্যাখ্যা হিসেবে চন্দরপল বলেছিলেন, কৈশোরে দ্রুত গতির বোলারদের হাত থেকে শরীর রক্ষা করতে এ ভঙ্গিতে দাঁড়ানো। এই ব্যাটিং ভঙ্গিই তাঁকে আর সবার চেয়ে আলাদা করেছিল।
‘বাঘ’ তকমা নিয়ে ক্যারিয়ার শুরু। ব্যতিক্রমী ব্যাটিং ভঙ্গির কারণে জুটেছে কাঁকড়া উপাধিও! এখনো হার না মানা মানসিকতায় কাঁকড়ার মতোই আঁকড়ে ধরে আছেন ক্রিকেটকে। হয়তো নিজের ছেলের সঙ্গে এক দলে টেস্ট খেলার বাসনা জিইয়ে রেখেছেন মনে। ক্যারিয়ারের এ গোধূলিতে সে বাসনা পূরণ হবে চন্দরপলের? এএফপি অবলম্বনে