বাঘের ডেরায় বলেই ভয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো
স্টিভেন ম্যাঙ্গোঙ্গো

এমনিতে কড়া হেডমাস্টার ধরনের একটা পরিচিতি আছে তাঁর। খুব কঠিন চরিত্র, বেশ বদমেজাজি বলেও শোনা যায়। মাঠের ভেতরে-বাইরে ঢিলেমি একটুও বরদাশত করেন না, শিষ্যরাও নাকি তটস্থ থাকেন গুরুর ভয়ে। তবে কাল ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ শেষে দেখা গেল অন্য এক স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে। জিম্বাবুয়ে কোচ হাসলেন, হাসালেন। মজা করলেন। হয়তো বিদেশি সংবাদমাধ্যমে উজ্জ্বল ভাবমূর্তি তুলে ধরতে, কিংবা চরিত্রের আরেকটি দিকও এটি!
বাংলাদেশকে সমীহ দেখাতে গিয়ে টেনে আনলেন দারুণ উপমা। এমনিতে বাংলাদেশের ক্রিকেটারদেরও ডাকা হয় ‘টাইগারস’ নামে। বিসিবির লোগোতে বাঘের ছবি। অফিশিয়াল ওয়েবসাইটও ‘টাইগারক্রিকেট।’ এ বছরের পারফরম্যান্সে বাংলাদেশ দলকে যদিও আপাতত বলা যায় ‘নখদন্তহীন বাঘ’। তবে ম্যাঙ্গোঙ্গো তো জানেন, তাঁর দল তুলনামূলক সহজ শিকার। ‘বাঘ’রা এই সহজ শিকারকে পাচ্ছেও নিজের ডেরায়। বছরজুড়ে আত্মপরিচয় খুঁজে ফেরা বাঘদেরও তাই ভয় জিম্বাবুয়ে কোচের!
মুখের হাসি যদিও এটিকে কৌতুক হিসেবে একটা বিভ্রান্তি ছড়াতে পারে, ম্যাঙ্গোঙ্গোর কথার সুরে তা মনে হওয়ার কোনো কারণ নেই, ‘বাংলাদেশকে আমরা সমীহ করি। দেশের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। খুব গর্বিত একটি দল ওরা। ওদের বলা হয় টাইগারস। আর বাঘ ভয়ংকর এক প্রাণী। বাঘের সঙ্গে ছেলেখেলা করতে গেলে খুন করে ছাড়বে। বাঘদের তাই সমীহ করতেই হবে, বিশেষ করে তাদের নিজেদের বনে।’
বাঘের গুহায় বাঘদের কাবু করতে প্রস্তুতিটা নাকি দারুণ নিয়ে এসেছে জিম্বাবুয়ে। ফতুল্লায় প্রস্তুতি ম্যাচের প্রথম দিন শেষেই ওয়ানডে অধিনায়ক এলটন চিগুম্বুরা বলেছেন, ‘আসল প্রস্তুতিটা আমরা দেশেই নিয়ে এসেছি।’ কাল কোচ সেই প্রস্তুতি সম্পর্কে জানালেন, ‘এখানে আসার আগে এক মাস আমরা কঠোর পরিশ্রম করেছি। শুরুতে ফিটনেস নিয়ে কাজ হয়েছে। পরে নিজেদের মধ্যে কিছু ম্যাচ খেলেছি। প্রতিযোগিতামূলক আবহের জন্য তিনটি প্রথম শ্রেণির ম্যাচও আয়োজন করেছিলাম। এর বাইরে নেটে ঘাম ঝরানো তো ছিলই, তিন সপ্তাহ স্কিল নিয়ে কাজ করেছি আমরা।’
তিন দিনের গা গরমের ম্যাচে ব্যাটিংটা ভালো না হলেও বোলিংয়ে কাল খারাপ করেননি দুই তরুণ লেগ স্পিনার নাতসাই মুশাঙ্গুয়ে ও তাফাদজাওয়া কামুনগোজি। ৬টি করে ওয়ানডে খেললেও টেস্ট অভিষেক হয়নি কারও। কাল ৪ উইকেট নেওয়া মুশাঙ্গুয়ে এখন টেস্ট ক্যাপটাকে চোখের সামনে দেখতেই পারেন। কামুনগোজিও খারাপ করেননি (২০ ওভারে ৩৮ রানে ১ উইকেট)। কোচ যদিও টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন আরেক তরুণ, বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজাকে, ‘আমার মনে হয় ওয়েলিংটনই হবে টেস্টে আমাদের মূল স্পিনার। কিছুদিন আগে “এ” দলের হয়ে পারফর্ম করে গেছে, এখানের কন্ডিশন ভালো জানে। লেগ স্পিন অনেক কঠিন একটা শিল্প, আমাদের দুই লেগ স্পিনারই অনেক তরুণ। আস্তে আস্তে ওরা এটা আয়ত্ত করুক। ওদের ব্যাপারে আমরা কিছুটা সময় নিতে চাই।’
কিন্তু বাংলাদেশের কন্ডিশনে দুই স্পিনার নিয়ে খেলার সম্ভাবনাই বেশি হওয়ার কথা। সে ক্ষেত্রে ওয়েলিংটনের সঙ্গে মুশাঙ্গুয়েকে দেখা যেতে পারে টেস্টে। হয়তো ইচ্ছা করেই একটু ধোঁয়াশা রাখতে চাইলেন জিম্বাবুয়ে কোচ। সিরিজের সম্ভাব্য ফল নিয়েও যেমন আশ্রয় নিলেন কূটনীতির, ‘সম্ভাব্য ফল অনুমান করা কঠিন। দেশের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। আমরাও আমাদের সামর্থ্যের সবটা ঢেলে দিতে চাই। আশা করি, সেরা দলটাই সিরিজ জিতবে।’
চাপটা কমাতেই কি সরাসরি জয়ের কথা না বলা? প্রশ্নটা শুনে ম্যাঙ্গোঙ্গো উপহার দিলেন আকর্ণ বিস্তৃত হাসি।