বাঘে-সিংহে লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুজনের জুটিটা জমে উঠেছে, চা-বিরতিতে যাওয়ার সময় মুশফিক-সাব্বিরের মুখে তাই মৃদু হাসি। ষষ্ঠ উইকেটে তাঁদের ১০৫ রানের অসাধারণ জুটিতেই বাংলাদেশ দল বেঁচেছে বিপর্যয় থেকে। কাল চট্টগ্রামে l শামসুল হক
দুজনের জুটিটা জমে উঠেছে, চা-বিরতিতে যাওয়ার সময় মুশফিক-সাব্বিরের মুখে তাই মৃদু হাসি। ষষ্ঠ উইকেটে তাঁদের ১০৫ রানের অসাধারণ জুটিতেই বাংলাদেশ দল বেঁচেছে বিপর্যয় থেকে। কাল চট্টগ্রামে l শামসুল হক

খেলাটা তাহলে বাঘে-সিংহেই হচ্ছে!

তা-ই যদি হয়, তাহলে তো এটাও বলতে হচ্ছে, লড়াইটা অসম।

‘বাঘ’ মানে পুরো বাংলাদেশ দল। আর ‘সিংহ’ এখানে শুধুই একজন। যেটিকে আক্ষরিক অর্থেও নিতে পারেন—লায়ন। নাথান লায়ন।

চট্টগ্রাম টেস্টের প্রথম ঘণ্টা আড়াই খুব মজার খেলা হলো। একের পর এক বাঁহাতি ব্যাটসম্যান নামছেন আর তাঁদের এলবিডব্লু করে ফেরত পাঠাচ্ছেন লায়ন। একটা নতুন রেকর্ডও হয়ে গেল এতে। টেস্ট ক্রিকেটে প্রথম চার ব্যাটসম্যানকেই কোনো বোলারের এলবিডব্লুর ফাঁদে ফেলা এই প্রথম।

এক থেকে পাঁচ পর্যন্ত বাঁহাতি ব্যাটসম্যান পাঠিয়ে রেকর্ড একটা বাংলাদেশও করে ফেলেছে। বলা ভালো, রেকর্ড ছুঁয়েছে। কারণ, এর আগেও দুবার এটি দেখেছে টেস্ট ক্রিকেট। প্রথম যেবার, সেটি বাংলাদেশেরই বিপক্ষে (২০০২ সালে শ্রীলঙ্কা)।

নতুন বলে বোলিং করছেন এক অফ স্পিনার। উইকেটও যা নেওয়ার তিনিই নিচ্ছেন। তারপরও বাংলাদেশ যে ব্যাটিং অর্ডারের পাঁচ বাঁহাতিকেই একের পর এক নামিয়ে গেল, এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। প্রথম চারজন না হয় টপ অর্ডার ব্যাটসম্যান, কিন্তু পাঁচে তো সাকিবের বদলে মুশফিক নামতেই পারতেন। লায়নের এতে সুবিধাই হলো। এক লাইনেই টানা বোলিং করে যেতে পারলেন। যদিও কাল একমাত্র সাকিবের উইকেটটিই তাঁর নয়। সেটি নিয়েছেন বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগার।

প্রথম দিনের নায়ক কে, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। হিউ ট্রাম্বলকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ান অফ স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার দিনই সতীর্থরা মজা করে যাঁর নাম দিয়ে দিয়েছেন ‘G.O.A.T.’। ভুল বুঝবেন না। এখানে ‘G.O.A.T.’ মানে ‘গ্রেটেস্ট অব অল টাইম’। যা বললে লায়ন একটু লজ্জাই পান। সর্বকালের সেরাদের মধ্যে অবশ্যই থাকবেন না। তবে শেন ওয়ার্ন-উত্তর অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণের সংশয়াতীত নেতা তিনি অনেক দিন ধরেই। প্রথম চার বাঁহাতির সঙ্গে ডানহাতি সাব্বিরকেও শিকার বানিয়ে টানা তৃতীয় টেস্টে তাঁর ৫ উইকেট। ৬৯ টেস্টের ক্যারিয়ারে যা এই প্রথম।

খেলা দেখে না থাকলে এটুকু পড়ে কারও মনে হতেই পারে, চট্টগ্রামেও বল কী টার্নই না করছে! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও নিশ্চয়ই তৈরি করা হয়েছে আরেকটি ‘মিরপুর’। শুধু মিরপুরের কথাই-বা কেন, গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে এই মাঠেই তো ‘ডিজাইনার পিচে’ বাংলাদেশের অভিষেক। দেশের মাটিতে টানা তিনটি টেস্টে টার্নিং উইকেট বানিয়ে ফল পাওয়ার পরও (দুটিতে জয়, একটিতে জিততে জিততে হার) সেই রণকৌশল থেকে সরে আসাটা রহস্যই বটে। ভোজবাজির মতো রং পাল্টে ফেললে ভিন্ন কথা, নইলে টেস্টের প্রথম দিনের উইকেট যে রূপে দেখা দিল, সেটি চট্টগ্রামের সেই চিরন্তন উইকেট। যেটি যতই সময় যায়, বিস্ময়করভাবে ব্যাটিংয়ের জন্য আরও ভালো হয়।

টেস্ট ক্রিকেটে জয়-পরাজয় নিয়ে ভাবাটা বিলাসিতা বলে বিবেচিত হওয়ার দিনগুলোতে ম্যাচ লম্বা করার জন্য বাংলাদেশে এমন উইকেটই বানানো হতো। তাতে যে খুব একটা কাজ হতো, ইতিহাস তা বলে না। ঐতিহাসিক এক সিরিজ জেতার সম্ভাবনা জাগানো টেস্টে রক্ষণাত্মক যদি না-ও বলেন, এমন ‘নিরাপদ’ পথে হাঁটার কারণ কি তাহলে আবহাওয়ার পূর্বাভাস? যেটি টেস্টের শেষ চার দিনই বৃষ্টির প্রবল সম্ভাবনার কথা বলছে। বাংলাদেশের ইতিহাস গড়তে এই টেস্ট ড্র হলেই তো হয়! বৃষ্টির সঙ্গে ব্যাটিং উইকেট যেটির আদর্শ রেসিপি।

তা এমন ব্যাটিং উইকেটই যদি হয়ে থাকে, তাহলে লায়নের ‘সিংহ’ হয়ে ওঠার রহস্য কী? রহস্য লাইন-লেংথের ওপর নিয়ন্ত্রণ, গতির বৈচিত্র্য আর বুদ্ধি খাটানোয়। আসল উত্তর বোধ হয় এটিও নয়। বাংলাদেশের ব্যাটসম্যানদের তো আসলে বনের বাঘে নয়, মনের বাঘে খেয়েছে। লায়নের পাঁচ উইকেটের একটিও টার্নিং বলে নয়। টার্নের জন্য খেলতে গিয়ে সোজা বা ভেতরে ঢোকা বলে ধোঁকা খেয়েছেন প্রথম চারজনই।

সাব্বিরের আউটটা ব্যতিক্রম। বলটা ইচ্ছা করেই লেগ সাইডে করে থাকলে লায়নের বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে আউটটিতে সাব্বিরের দুর্ভাগ্যের ভূমিকাই বড়। পুল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। চোখের পলকে বেল ফেলে দিয়েছেন উইকেটকিপার ম্যাথু ওয়েড। টিভি রিপ্লে জানাল, মিলিমিটার-মিলিসেকেন্ডের এদিক-ওদিক হলেই সাব্বিরের দুর্দান্ত ইনিংসটির এমন অপমৃত্যু হয় না।

উইকেট ব্যাটিংয়ের জন্য কতটা ভালো, তা বুঝতে সাব্বিরের ৬৬ রানের ইনিংসটির হাইলাইটস দেখলেই চলছে। দিনের সেরা শটগুলোর তালিকা করলে সেখানে বারবার আসবেন সাব্বির। তাই বলে মুশফিকের অপরাজিত ৬২ রানের ইনিংসটির মহিমা একটুও কম নয়। ২১ রানে ২ উইকেট পড়ার পর সৌম্য আর দলে ফেরা মুমিনুলের ব্যাটে একটু প্রতিরোধ। লাঞ্চের আগে-পরে দুজন আউট। দেখার মতো দুটি চারে ইনিংস শুরু করা সাকিবের বিদায়ে ৫ উইকেটে ১১৭ হয়ে যাওয়ার পর সাব্বিরের সঙ্গে অধিনায়কের ১০৫ রানের জুটিতেই প্রথম দিনটি মোটামুটি সমতায় শেষ হলো। উইকেটের কথা ভাবলে অবশ্য মনে হতেই পারে, অস্ট্রেলিয়াই বোধ হয় একটু এগিয়ে। বাংলাদেশের একটি-দুটি উইকেট কি বেশিই পড়ে গেল!

শেষ ৪ উইকেটে বাংলাদেশকে তাই একটু লম্বা পথই পাড়ি দিতে হবে। সাকিবের যেমন মনে হচ্ছে, এটি সাড়ে চার শ-পাঁচ শ রানের উইকেট, স্মিথ-ওয়ার্নারদেরও তা মনে না হওয়ার কোনো কারণ নেই।

মিরপুর-দুঃস্বপ্ন তাড়িয়ে বেড়াচ্ছিল বলেই হয়তো উইকেট বুঝতে অস্ট্রেলিয়ানরাও ভুল করেছে। ২০০৬ সালে এই চট্টগ্রামেই তিন স্পিনার খেলিয়েছিল অস্ট্রেলিয়া। এগারো বছর পর আবার অস্ট্রেলিয়া তিন স্পিনারের দল। ফাস্ট বোলার মাত্র একজন। সেই প্যাট কামিন্স প্রথম স্পেলে গতি আর সুইংয়ের মিশেলে দুর্বিষহ করে তুলেছেন তামিমের জীবন। স্লিপে ম্যাক্সওয়েল ক্যাচ ফেলে না দিলে তামিমের উইকেটটিও তিনিই পান।

দ্বিতীয় নতুন বলে অবশ্য সেই কামিন্সের আর দেখা মেলেনি। কয়েক দিনের টানা বৃষ্টির পর কাল সারা দিন প্রখর রোদ। প্রচণ্ড গরমের সঙ্গে যোগ হওয়া আর্দ্রতায় কাহিল কামিন্স শেষ সেশনের প্রথম আধঘণ্টা ড্রেসিংরুমেই বসে থেকেছেন। সাকিব যখন ব্যাটিং করছেন, হ্যান্ডসকম্ব তাঁকে জিজ্ঞেস করেছেন, ‘শুধু কি আমাদেরই গরম লাগছে, নাকি এটা তোমাদের জন্যও গরম?’ সাকিব হেসে উত্তর দিয়েছেন, ‘এটা আমাদের জন্যও গরম।’

আজ মুশফিক-নাসিররা সেই গরমে অস্ট্রেলিয়ানদের যত বেশি সময় ‘সেদ্ধ’ করতে পারবেন, ততই ভালো!