বাঙালি নয় বাংলাদেশি: সাংবাদিককে সতর্ক করলেন সরফরাজ

>বাঙালি আর বাংলাদেশি শব্দের পার্থক্যটা অনেকেই গুলিয়ে ফেলেন। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফিদের বাঙালি বলে সেই ভুলটাই করে বসলেন এক সাংবাদিক। সঙ্গে সঙ্গে সাংবাদিককে শুধরে দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক
বাংলাদেশি ও বাঙালি, দুটি পরিচয় খুবই ভিন্ন। দেশ ও ভাষার মধ্যে অনেকেই তফাত করতে পারেন না। বাংলাদেশের ভাষা বাংলা, বিশ্বের একমাত্র দেশ হিসেবে ভাষার জন্য জীবন দিয়েছে বাংলাদেশিরা।
ওদিকে পশ্চিম বাংলার মানুষও বাংলায় কথা বলেন। তাই বলে তো আর তাদের বাংলাদেশি বলা যায় না। মাশরাফিদের পরিচয় তাই শুধুই বাঙালি হবে কেন? বাংলাদেশিদের শুধুই বাঙালি বলা যে আপত্তিকর, ব্যাপারটা পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদও বেশ ভালো করেই জানেন। কিন্তু ভুল করে বসেছেন এক সাংবাদিক। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে মাশরাফিদের বাঙালি বলে সরফরাজের কাছে রীতিমতো লজ্জাই পেয়ে গেলেন ওই সাংবাদিক।
গত ৫ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। দুঃখজনক হলেও পাকিস্তানের হয়ে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পাননি এই অলরাউন্ডার। ম্যাচ শেষে অবশ্য মালিককে বিদায়ী অভ্যর্থনা দিতে ভুল করেননি সরফরাজরা। তবে বাংলাদেশের বিপক্ষে কেন তাঁকে খেলানো হলো না? প্রায় বিশ বছর দেশের জন্য খেলেছেন, একটা বিদায়ী ম্যাচ হয়তো তাঁর পাওনাই ছিল।
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর এক সাংবাদিক সরফরাজকে এই প্রশ্নটাই করতে গিয়ে বিপাকে পড়েন। সাংবাদিকের প্রশ্নটা ছিল, ‘আপনার কি মনে হয় না বাঙালিদের বিপক্ষে শোয়েব মালিক খেলার দাবি রাখে?’ সমস্যাটা ‘বাঙালি’ শব্দটা নিয়ে। প্রশ্ন শুনেই পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলে উঠেছেন, ‘ওদের বাঙালি বলবেন না, ওরা বাংলাদেশি। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই পড়ে যেতে পারে। আপনি কিন্তু আপত্তিকর শব্দ ব্যবহার করছেন। এর জন্য আপনি নিষিদ্ধ হতে পারেন।’
এ অবস্থায় সরফরাজের মুখের হাসি ছিল, কিন্তু পাকিস্তান অধিনায়ক যে এসব ব্যাপারে কতটা সতর্ক সেটা সংবাদ সম্মেলনে আরেকটি প্রশ্নেই বোঝা গেছে। পাকিস্তানকে আটকাতে ইংল্যান্ডের বিপক্ষে ভারত ইচ্ছে করেই হেরে গেছে, এমন সন্দেহের কথা তোলার পর সবাইকে সতর্ক করেছেন। বলেছেন, ‘এসব বলা ঠিক নয়। আমি মনে করি না আমাদের জন্য ভারত হেরেছে। ইংল্যান্ড ভালো খেলেই জিতেছে।’