বাজপাখির ক্ষিপ্রতায় মিরাজের অবিশ্বাস্য ক্যাচ
এক্সট্রা কাভারে দাঁড়িয়ে ছিলেন। কিছুটা ঝুঁকে। যেন শিকারের ওপর ঝাঁপিয়ে পড়তে থাকার অপেক্ষায় ওত পেতে থাকা বাঘ। কিন্তু যেভাবে উড়ুক্কু ভঙ্গিতে দুর্দান্ত ক্ষিপ্রতায় ডাইভ দিয়ে ক্যাচটা লুফে নিলেন, মেহেদী হাসান মিরাজকে মনে হলো বাজপাখি যেন! অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন বাংলাদেশের যুবা অধিনায়ক।
দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়টাকে একটা শব্দে বর্ণনা করা যায়—ঘুমপাড়ানি। তবে প্রচণ্ড ধীর গতির, রক্ষণাত্মক ইনিংসটাকে পুরোপুরি ঘুমের ট্যাবলেট করে দেওয়ার প্রোটিয়াদের যে চেষ্টা, তাতে হয়তো দর্শকদেরও হাই উঠছিল। কিন্তু মিরাজ হঠাৎই তুললেন আলোড়ন।
পুরোদস্তুর অলরাউন্ডার তিনি। ব্যাট হাতে আজ খুব বেশি কিছু করতে পারেননি, মাত্র ২৩ রান করেই আউট হয়ে গেছেন। তবে দলীয় সংগ্রহে বড় ভূমিকা রেখেছে ইনিংসটি। অফ স্পিনার হয়েও প্রথম ওভারটিই করেছেন।
নিয়েছেন মেডেনও। প্রথম উইকেটটিও তুলে নিয়েছেন। এরপর ফিল্ডিংয়ে এমন অবিশ্বাস্য একটা ক্যাচে ফেরালেন লিয়াম স্মিথকে। অনেকক্ষণ ধরে খুট খুট ব্যাটিং করে সেঞ্চুরি পর্যন্ত ইনিংসটা টেনে নিয়ে গলার কাঁটা হয়ে ছিলেন স্মিথ। যেটা চার হয়ে যেতে পারত অনায়াসে, সেটাকেই মিরাজ বানিয়ে দিলেন ক্যাচ। স্মিথের পরে ঝড় তোলার পরিকল্পনাও ব্যর্থ হয়ে গেল। ৪৩ রানের জয়ে অধিনায়কের ক্যাচের মূল্যটা তাই বেড়ে গেল বহুগুণ।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিভি প্রোমোতে বারবার দেখানো যায় এমন একটা দৃশ্যও উপহার দিলেন। সালেহ আহমেদের করা ইনিংসের ৪৫তম ওভারের দ্বিতীয় বলে সেঞ্চুরি করলেন স্মিথ। দক্ষিণ আফ্রিকার তখন দরকার আর ৬৪ রান। বল পুষিয়ে নেওয়া ঝড় স্মিথ তুললে ঝামেলায় পড়ে যাবে বাংলাদেশ। ঝড় তোলার জন্য স্মিথ হয়তো এক বল বাদে স্ট্রাইকে ফিরেওছিলেন। কিন্তু ওই বলেই সেই দুর্দান্ত ক্যাচ!
এমনিতে তাঁকে অনেক পরিচয়ে ডাকা হয়। অধিনায়কত্বের কারণে মাশরাফি বিন মুর্তজার সঙ্গে তাঁর মিল খুঁজে ফেরা হয়, স্পিনিং অলরাউন্ডার হওয়ায় আগামীর সাকিব বলে তো তাঁকে খেতাব দিয়ে দেওয়া হয়েছে আইসিসি অফিশিয়াল ভিডিওতেই। আজ মিরাজ বুঝিয়ে দিলেন তিনি ‘সাব্বির-নাসির’ও হয়ে যেতে পারেন ফিল্ডিংয়ে!