বাজল ঘণ্টা, থামল খেলা, জ্বলল না আগুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হঠাৎ পাওয়া ছুটিটা মাঠে বসেই পার করলেন খেলোয়াড়-ম্যাচ অফিশিয়ালরা। ছবি: এএফপি
হঠাৎ পাওয়া ছুটিটা মাঠে বসেই পার করলেন খেলোয়াড়-ম্যাচ অফিশিয়ালরা। ছবি: এএফপি

ডানেডিন টেস্ট যেন ঠিক করে রেখেছে টানা দুই দিন কাউকে নায়কের আসনে বসতে দেবে না। প্রথম দিনটা প্রশ্নাতীতভাবে ছিল ডিন এলগারের, দ্বিতীয় দিনটা কেন উইলিয়ামসনের। আগের দিনের অপরাজিত ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে দলকে লিড এনে দেওয়ার পরও তৃতীয় দিনটা উইলিয়ামসনের হলো না। তৃতীয় দিনের সবচেয়ে আলোচিত চরিত্র যে উইলিয়ামসন নন! একটা ফায়ার অ্যালার্ম!

‘আগুনে’ কাণ্ডের আগে-পরে সৌম্য-শান্ত ভঙ্গিতেই এগিয়েছে ডানেডিন টেস্ট। ঠিক খেলার মধ্যে তেমন বারুদ-আগুন ছিল না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১ উইকেটে ৩৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ৩৩ রানের ঘাটতি কাটিয়ে ৫ রানের লিডও নিয়ে নিয়েছে সফরকারীরা। এলগার অপরাজিত আছেন ১২ রানে, হাশিম আমলা ২৩ রানে। উত্তেজনা যা ছড়ানোর সেই আগুনের সংকেতই ছড়াল।
শেষ বিকালের কথা। নিউজিল্যান্ডকে ৩৪১ রানে অলআউট করে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে স্টিভেন কুককে হারিয়ে ফেলেছে সফরকারীরা। প্রথম ছয় ওভারে কিউইদের সঙ্গে রানের ব্যবধানটা ৩৩ থেকে কমিয়ে ১৯-এ নামিয়ে আনলেন এলগার ও আমলা। ট্রেন্ট বোল্টের চতুর্থ ওভারের পঞ্চম বলটা শেষ হতেই বিকট শব্দে বেজে উঠল আগুনের সতর্ক সংকেত। সঙ্গে সঙ্গে মাঠ খালি করে দেওয়ার ঘোষণা এল।
খেলোয়াড়দের সবাই জমা হলেন মাঠের মাঝখানে। ম্যাচ রেফারি, টিভি আম্পায়ারদেরও বের হতে হলো নিজ নিজ ঘর থেকে। ধারাভাষ্যকার, ক্যামেরা ক্রু সবাইকেই মাঠ ছাড়তে হয়েছে কিছুক্ষণের জন্য। নিউজিল্যান্ড ক্রিকেট টুইট করল, ‘ইউনিভার্সিটি অব ওটাগো ওভালের পুরো মাঠ খালি করে দেওয়া হচ্ছে। গ্র্যান্ড স্ট্যান্ডে ফায়ার অ্যালার্ম বাজছে, কারণ এখনো জানা যায়নি। তাই যা যা করণীয় সব ঠিকমতো অনুসরণ করা হচ্ছে।’
কারণ জানা না গেলেও দিনের প্রথম থেকেই নাকি মাতাল সমর্থকেরা অনেক ঝামেলা করেছেন কর্মকর্তাদের সঙ্গে। এ বিষয়টিও উঠে এসেছে আলোচনায়।
দৃশ্যত কোথাও আগুন কিংবা ধোঁয়া দেখা না যাওয়ায়, ২০ মিনিট পরেই আবার খেলা শুরু হয়েছে। ১১ ওভারের বেশি খেলা হলেও ধারা পাল্টায়নি, সেই ধীর তালেই ২৪ রান এসেছে দিনের শেষ বেলাতে। তবে আধো আলো-আধো অন্ধকারে আর কোনো উইকেট হারাতে হয়নি, এতেই আজ সন্তুষ্ট থাকার কথা দক্ষিণ আফ্রিকার।
আলোচনায় মধ্যমণি থাকার কথা ছিল উইলিয়ামসনের। অধিনায়কোচিত ১৩০ রানের ইনিংস প্রোটিয়া বোলারদের সব প্রচেষ্টা গুঁড়িয়ে দিয়েছে। দলীয় ২৭৭ রানে উইলিয়ামসন আউট হওয়ার পর অবশ্য একটা ধাক্কা খেয়েছিল নিউজিল্যান্ড। ২৭ রানের মাঝে ৩ উইকেট তুলে স্বাগতিকদের রানটা নিজেদের ৩০৮ রানের আশপাশেই থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু নিল ওয়াগনারের ৩২ বলে ৩২ ও নবম উইকেট পতনের পর চোট ভুলেই ব্যাটিংয়ে নামা রস টেলর স্বাগতিকদের এনে দিয়েছেন ৩৩ রানের মহা গুরুত্বপূর্ণ লিড।
ওয়াগনারকে আউট করে ক্যারিয়ারে প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ।