বাজে আচরণের জন্য আল-আমিনের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিসিএলের ম্যাচে খারাপ আচরণের জন্য জরিমানা গুনছেন আল–আমিন। ছবি: প্রথম আলো
বিসিএলের ম্যাচে খারাপ আচরণের জন্য জরিমানা গুনছেন আল–আমিন। ছবি: প্রথম আলো

আচরণবিধি ভাঙার দায়ে জাতীয় দলের ক্রিকেটার আল–আমিনকে জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে ম্যাচে বাজে ভাষা ও অসংগত শরীরী আচরণের জন্য তাঁকে এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি।

চট্টগ্রামে বিসিএলের ফাইনালে পুর্বাঞ্চলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ। কাল দক্ষিণের হয়েই আচরণবিধি ভেঙেছেন পেসার আল–আমিন। ম্যাচ চলাকালে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে আউট করে তাঁর সঙ্গে বাজে ভাষায় কথা বলেছেন তিনি, শরীরী ভাষাও ঠিক ছিল না।

দক্ষিণাঞ্চলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, ম্যাচ রেফারির কাছে আল–আমিন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির দরকার হয়নি। তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে—এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

আচরণবিধি লেভেল ১ ধারায় (২.৫) দোষী সাব্যস্ত হয়েছেন আল–আমিন। এ ধারায় আনুষ্ঠানিকভাবে তিরস্কার হলো সর্বনিম্ন শাস্তি। সর্বোচ্চ শাস্তি হলো ম্যাচ ফির ৫০ শতাংশ অর্থ জরিমানা। সে হিসাবে সর্বোচ্চ শাস্তিই পেলেন আল–আমিন।