বাজে উইকেটের শাস্তি
তিন সংস্করণের ক্রিকেটকেই আরও আকর্ষণীয় করার জন্য বেশ কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে সম্প্রতি দুবাইয়ে শেষ হয়েছে আইসিসির সভা। যে পরিবর্তনগুলোর একটি, বাজে উইকেট ও বাজে মাঠের জন্য ডিমেরিট পয়েন্টের প্রস্তাব। প্রতিটি ডিমেরিট পয়েন্ট থাকবে পাঁচ বছরের জন্য। কোনো ভেন্যু পাঁচটি ডিমেরিট পয়েন্ট পেলে সেটি এক বছরের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অধিকার হারাবে। দশ ডিমেরিট পয়েন্ট হলে এই নিষেধাজ্ঞা হবে ২৪ মাসের।
আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, যদি কোনো ভেন্যু আন্তর্জাতিক ম্যাচের জন্য অনিরাপদ মনে হয় অথবা সেখানে বরাবরই বাজে কন্ডিশন থাকে, সেটার ফলও ভোগ করতে হবে। বাজে উইকেট বানানোর জন্য ভর্ৎসনা করা হবে কিউরেটরদেরও।
তবে এই বাজে কন্ডিশন কী, সেটা নিয়ে একটা বিতর্ক হতে পারে। উপমহাদেশের স্পিনিং উইকেটে এশিয়ার বাইরের দলগুলো এসে যখন তিন দিনে টেস্ট হেরে যায়, সেটাকে কি বাজে কন্ডিশন বলা হবে? গত বছর যেমন শ্রীলঙ্কা সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে টেস্ট হেরে গেছে। গলে ওই সিরিজের দ্বিতীয় টেস্টটা শেষ হয়েছিল মাত্র আড়াই দিনে। ওই টেস্টের উইকেট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। এর আগে ২০১১ সালেও গলে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া টেস্টের উইকেটকে খুবই বাজে বলেছিলেন ব্রড।
আইসিসির নিয়মানুযায়ী এখন এ রকম কিছু হলে ওই ভেন্যু ডিমেরিট পয়েন্ট পাবে। শুধু তা-ই নয়, প্রতিটি ম্যাচ শেষেই ওই ভেন্যুর রেটিং করবেন ম্যাচ রেফারি, যেটি প্রকাশও করা হবে। কিউরেটরদের ওপর চাপ একটু বেড়ে গেল বৈকি! সিডনি মর্নিং হেরাল্ড।