বাজে পিচেই রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম শ্রেণির ক্রিকেটে উদ্বোধনী জুটিতে ওয়াহিদ মির্জা-মনসুর আখতারের (পাকিস্তান) রেকর্ড ৫৬১ রানের জুটিটি ভেঙে দিতে রায়ান কার্টারস-অ্যারন ফিঞ্চ জুটির আর দরকার ছিল ৫৯ রান। নতুন রেকর্ড করতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে উদ্বোধনী জুটিতে তারা গড়েছেন ৫০৩ রানের নতুন অস্ট্রেলিয়ান রেকর্ড। আগের দিনই উঠেছিল ৩৭৬ রান। কাল বিচ্ছিন্ন হওয়ার আগে আরও ১২৭ রান করে কার্টারস (২০৯)-ফিঞ্চ (২৮৮*) ছাড়িয়ে গেলেন আর্নি মেইন ও বিল পন্সফোর্ডের গড়া আগের ৪৫৬ রানের অস্ট্রেলিয়ান রেকর্ড। তবে কাল লাঞ্চের আগে কার্টারসের আউটের পর পরই ম্যাচ বাতিল হয়ে যায়। কারণ পিচ খেলার অনুপোযোগী হয়ে পড়েছিল। পুকুরের তলা শুকোলে যেমন দেখায়, সিডনির ব্ল্যাকটাউন স্পোর্টসপার্কের পিচের অবস্থাও ছিল সে রকম। ৫ নভেম্বর ব্রিসবেনে প্রথম টেস্ট শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটিতে ব্যাটিং প্র্যাকটিসের সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ নিউজিল্যান্ড দল। এএফপি, রয়টার্স।