বাজে ব্যাটিংয়ে ইংল্যান্ডের কাছে সিরিজ হার শ্রীলঙ্কার
কার্ডিফে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে ভালো করতে পারেনি শ্রীলঙ্কা। ম্যাচটা সহজেই জিতে তিন ম্যাচ সিরিজে এগিয়ে ছিল ইংল্যান্ড। আজ সেই কার্ডিফেই দ্বিতীয় ম্যাচে আবারও আগে ব্যাট করল শ্রীলঙ্কা, কিন্তু পাল্টায়নি ব্যাটিংয়ের চিত্র।পাল্টায়নি ইংল্যান্ডের জয়েরও ধারাও।
প্রথম ম্যাচে ৭ উইকেটে ১২৯ রান তোলে শ্রীলঙ্কা। আজ সফরকারি দলের ব্যাটসম্যানরা সে তুলনায় আরও খারাপ করেছেন। পুরো ২০ ওভার খেলে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১১১।
তাড়া করতে নেমে ডি/এল নিয়মে ১১ বল হাতে রেখে ৫ উইকেটে জেতে ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করল এউইন মরগানের দল।
সোফিয়া গার্ডেনসের পিচ পুরো ব্যাটিংবান্ধব না হলেও ব্যাটসম্যানদের জন্য বধ্যভূমি নয়। কিন্তু ইংল্যান্ডের বোলারদের সামনে পুরো সময়ই ভুগেছে লঙ্কান ব্যাটিং।
ব্যাটসম্যানদের মধ্যে শুধু দুজন একটি করে মোট দুটো চার মারতে পেরেছেন! এই প্রথমবারের মতো শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা পাওয়ার প্লে-র প্রথম ছয় ওভারে কোনো চার-ছক্কা মারতে পারেননি।
কুশল মেন্ডিসের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৯ বলে ৩৯ রান। ২১ রান করেন অধিনায়ক কুশল পেরেরা। আটে নামা পেসার ইসুরু উদানা ১৪ বলে অপরাজিত ১৯ রান না করলে শ্রীলঙ্কার সংগ্রহ এক শ পার হতো কি না সন্দেহ! ইংল্যান্ডের হয়ে ২টি করে উইকেট পেসার মার্ক উড ও স্পিনার আদিল রশিদের।
এই স্বল্প রান তাড়া করতে নেমে ইংল্যান্ডও বিপদে পড়েছিল। ৬.৩ ওভারের মধ্যে ৩৬ রানে ৪ উইকেট হারায় তারা। তখন গুড়িগুড়ি বৃষ্টিতে জয়ের সুবাস পাচ্ছিল শ্রীলঙ্কা। কিন্তু লিয়াম লিভিংস্টোন (২৬ বলে ২৯) ও স্যাম বিলিংস (২৯ বলে ২৪) দৃঢ়তা দেখিয়ে বিপদ এড়ান।
দুজনে উইকেটে থাকতে ১২ ওভারে ইংল্যান্ডের স্কোর যখন ৪ উইকেটে ৬৯ রান, তখন হানা দেয় বৃষ্টি। এরপর ডি/এল নিয়মে ইংল্যান্ডের লক্ষ্যস্থির করা হয় ১৮ ওভারে ১০৩। ১৬ রানে অপরাজিত থাকা স্যাম কারেন ১৭তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে জয় তুলে নেন ইংল্যান্ডের। শ্রীলঙ্কার হয়ে ২ উইকেট নেন ওয়ানিদু হাসারাঙা।