বাজে ব্যাটিংয়ের সঙ্গে 'দুর্ভাগ্যও'!

কম কথায় উত্তর দেন। ইমরুল কায়েসের সংবাদ সম্মেলন সে কারণে সাধারণত দীর্ঘ হয় না। এমনকি খুলনায় যে টেস্ট ক্রিকেটে নিজের সর্বোচ্চ রানের ইনিংসটা খেললেন, তার পরও এমন লম্বা সংবাদ সম্মেলন করেননি, যতটা লম্বা হলো সাংবাদিকদের সঙ্গে তাঁর কালকের প্রশ্নোত্তর পর্ব।
প্রশ্ন অনেক। কেন এই ব্যাটিং বিপর্যয়? এটা কি পাকিস্তানের বোলারদের ভালো বলের কারণে নাকি স্রেফ ব্যাটসম্যানদের ভুলের মাশুল! পাকিস্তান যে প্রথম ইনিংসে ৫৫৭ রান করে ফেলল, সেটি বাংলাদেশি বোলারদের ব্যর্থতা কিনা। তৃতীয় দিনে কি লক্ষ্য নিয়ে খেলবেন ব্যাটসম্যানরা, এই টেস্ট কি আদৌ বাঁচানো সম্ভব ইত্যাদি ইত্যাদি। স্বভাবে লাজুক ইমরুল সব প্রশ্নেরই খুব গোছানো উত্তর দিলেন। এমনকি শেষ প্রশ্নের জবাবে রসিকতা করে যা বললেন, সেটিও অনেক অর্থবহ, ‘আবহাওয়ার ওপর তো আর আমাদের হাত নেই। বৃষ্টি যদি হতে থাকে হতে থাক...অসুবিধা কী?’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কাল দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার একটু পরই বৃষ্টি নেমেছে। ইমরুল যখন সংবাদ সম্মেলনে, তখনো বৃষ্টি ঝরছিল টিপ টিপ। সন্ধ্যার আগেই তা থেমে গেলেও আশা করতে তো দোষ নেই! দ্বিতীয় দিন শেষেই বোঝা যাচ্ছিল ঢাকা টেস্টে একমাত্র বৃষ্টিই হতে পারে বাংলাদেশের রক্ষাকবচ। ইমরুলের রসিকতা হয়তো সে প্রত্যাশা থেকেই। অবশ্য আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী টেস্টের বাকি দিনগুলোয় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খেলায় বড় বাধা হওয়ার কথা নয়।
বৃষ্টি নিয়ে ইমরুলের শেষ কথায় হাসির রোল উঠেছে। তবে সংবাদ সম্মেলনের আগের প্রশ্নগুলো ছিল মোটামুটি ধারালো। মাঠের ফর্মটা ইমরুল যেন ধরে রাখলেন এখানেও! পাকিস্তানের বোলারদের যেমন কৃতিত্ব দিলেন, তামিম ইকবালের আউটটা নিয়ে মৃদু সন্দেহ প্রকাশ করে ব্যাটিং ব্যর্থতার অন্য কারণও যেন তুলে ধরতে চাইলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে তামিমের আউটটা নিয়ে একটু সন্দেহ ছিল। হয়তো আম্পায়ার্স কল ছিল বলেই আউট হয়েছে। সেটা না হলে এখন খেলার চেহারা অন্য রকম থাকত।’
তামিমের আউট নিয়ে নাহয় সন্দেহ আছে, কিন্তু ওই একটা আউটেই তো আর এলোমেলো হয়ে যায়নি বাংলাদেশের ইনিংস! পরের দিকে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়েও দিয়ে এসেছেন অকাতরে। ইমরুল তা মেনেও জাগিয়ে রাখছেন আশা, ‘কিছু বাজে শট বা যেকোনো কারণেই বলুন না কেন আমরা আউট হয়ে গেছি। আর সেটাই আমাদের জন্য চাপ হয়ে গিয়েছিল। তবে সামনে যে ব্যাটসম্যানরা আছে, তারা একটু দায়িত্ব নিতে পারলে আমরা ইনশা আল্লাহ ম্যাচে ফিরতে পারব।’
ইমরুলের দৃঢ় বিশ্বাস, ৫ উইকেটে ১০৭ রান থেকেও ‘অন্য রকম’ করে ফেলা সম্ভব খেলার চেহারা। সে জন্য ব্যাটসম্যানদের প্রেরণা নিতে বললেন খুলনা টেস্ট থেকে, ‘গত টেস্টেও কিন্তু আমরা দুজন খেলোয়াড় মিলে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছিলাম দলকে। ক্রিকেটে যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের আরও ব্যাটসম্যান আছে। সৌম্য আছে, সাকিব এখনো ব্যাটিং করছে। যেকোনো দুজন ব্যাটসম্যান যদি সেট হয়ে যায়, বড় ইনিংস খেলতে পারে, আমার মনে হয় এখনো ভালো কিছু হতে পারে।’ সেই ‘ভালো কিছু’ আপাতত ফলোঅন এড়ানো। তারপর সম্ভব হলে আরও সামনে যাওয়া। ইমরুলের ভাষায়, ‘দিনটা ছিল আমাদের জন্য নেতিবাচক। তবে এ নিয়ে চিন্তা করলে আমরা আরও ব্যাকফুটে চলে যাব। ইতিবাচক চিন্তা করতে হবে।’
টসে জিতে মুশফিকুর রহিম ফিল্ডিং কেন নিলেন, দ্বিতীয় দিনের প্রশ্নের তালিকায় ঘুরেফিরে সেটিও এল। দলে আসা-যাওয়ার মধ্যে থাকলেও আন্তর্জাতিক ক্রিকেটে দিনে দিনে বেলা যে কম হয়নি, এই প্রশ্নের উত্তরেও তা বুঝিয়ে দিলেন বাংলাদেশ দলের বাঁহাতি ওপেনার, ‘প্রথম দিন উইকেটে কী ছিল, পাকিস্তানের ব্যাটসম্যানরা হয়তো তা বুঝেছে। আমরাও বুঝতে পারছিলাম উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। এ জন্যই হয়তো কোচ-অধিনায়ক ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন।’ বাংলাদেশ থিঙ্ক ট্যাঙ্কের দৃষ্টিতে সেই ‘পেসবান্ধব’ উইকেটটাকে প্রথম দিন কাজে লাগাতে না পারার কারণ হিসেবে ইমরুল বললেন ভাগ্যের কথা, ‘দুর্ভাগ্য শাহাদাত চোট পেয়েছে। প্রথম দিন উইকেটে যে মুভমেন্ট ছিল, সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারলে ভালো হতো। আপনারা দেখেছেন নো বলের কারণে দুটি আউট হয়নি। এগুলো না হলে তাদের এত রান না-ও হতে পারত।’
বাংলাদেশ দল কি পারবে ভাগ্যের সঙ্গে লড়াইয়ে জিততে? নাকি তাকিয়ে থাকতে হবে আকাশের দিকেই!