ইউনিস-মিসবাহ-আজহাররা যখন ব্যাট করলেন, উইকেট তখন ব্যাটিংয়ের স্বর্গরাজ্য। কিন্তু একই উইকেটে নরক যন্ত্রণা ভোগ করতে হলো অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। যেমন বাজে ব্যাটিং, তেমনি বাজে বোলিং। দুইয়ে মিলে নিজেদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বাজে সিরিজটাই খেলে ফেলল অস্ট্রেলিয়া। চার ইনিংসে ২৪.৬২ গড়ে ব্যাটসম্যানরা করেছেন ৯৮৫ রান। বোলাররা প্রতিটি উইকেট নিয়েছেন ৭৬.৭০ গড়ে। ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য-৫২.০৭। ব্যাটিং-বোলিং গড়ের পার্থক্যে এর আগে অস্ট্রেলিয়ার সবচেয়ে বাজে সিরিজ গেছে ১৯৮২-৮৩ মৌসুমে। সেবারও প্রতিপক্ষ ছিল পাকিস্তান, গড়ের পার্থক্যটা ছিল -৪০.৮১। টেস্ট ইতিহাসে একটি নির্দিষ্ট সিরিজে ব্যাটে-বলে সবচেয়ে বেশি পর্যুদস্ত দলের নাম বাংলাদেশ। ২০০১ সালে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং গড়ের পার্থক্য ছিল -১৬৫.৩৯। ১৬.৬০ গড়ে ৬৬৪ রান করা বাংলাদেশ ১৮২ গড়ে নিয়েছিল মাত্র ৬ উইকেট।