বাজেট-সংকটে জাতীয় লিগ!
বিসিবির টুর্নামেন্ট কমিটি নতুনত্ব আনছে জাতীয় লিগে। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু এবারের লিগ হবে দ্বিস্তরের। প্রথম স্তরের ম্যাচ ফি বেশি, দ্বিতীয় স্তরের কম। কাজেই প্রথম স্তরে থাকার উদ্দেশ্যে সবাই ভালো খেলতে চাইবে। পিকনিক ক্রিকেটের আমেজ থেকে বেরিয়ে জাতীয় লিগ হয়ে উঠবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক আসর। এই হলো দ্বিস্তরবিশিষ্ট জাতীয় লিগের পেছনে ভাবনা।
পরিকল্পনায় বিচক্ষণতার ছাপ আছে। কিন্তু বাস্তবায়নে? প্রথম স্তরে ম্যাচ ফি বেশি হলেও সেই ‘বেশি’র পরিমাণ মাত্র এক হাজার টাকা! গতবার ম্যাচ ফি ছিল ২০ হাজার টাকা। দ্বিতীয় স্তরে এবারও সেটা রেখে প্রথম স্তরের ম্যাচ ফি করা হয়েছে ২১ হাজার টাকা। মিরপুরে কাল ১৭তম জাতীয় লিগের স্পনসর ঘোষণার সংবাদ সম্মেলনে তথ্যটা জানিয়ে প্রশ্নবাণে জর্জরিত হলেন টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান। ম্যাচ ফিতে মাত্র এক হাজার টাকার পার্থক্য কী এমন মর্যাদার ব্যবধান গড়বে দুই স্তরের মধ্যে? বাড়তি এক হাজার টাকা কতটুকুই বা বাড়তি অনুপ্রেরণা?
ব্যবধানটা যথেষ্ট নয় বলে মেনে নিয়েছেন আকরাম খানও। ভবিষ্যতে সেটা বাড়ানোর চিন্তাভাবনাও নাকি আছে। সন্ধ্যায় অবশ্য জানা গেল, প্রথম স্তরের ম্যাচ ফি বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হতে পারে। প্রথম স্তরের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২০ লাখ টাকা, রানার্সআপ পাঁচ লাখ টাকা। দ্বিতীয় স্তরের চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ টাকা, রানার্সআপ দলের কোনো প্রাইজমানি নেই। দুই স্তরেই খেলোয়াড়দের দৈনিক ভাতা থাকছে আগের মতো এক হাজার টাকাই।
টাকাপয়সা নিয়ে অতৃপ্তি আছে টুর্নামেন্ট কমিটির প্রধানেরও। বাজেটস্বল্পতাই নাকি এর কারণ। অঞ্চলভিত্তিক চারটি দল নিয়ে আগামী মাসে চট্টগ্রামে অনূর্ধ্ব-১৯ পর্যায়ের একটা তিন দিনের ম্যাচের টুর্নামেন্ট হবে। সেটার জন্যও টাকা খরচ করতে হচ্ছে বলেই প্রত্যাশা অনুযায়ী বাড়ানো যাচ্ছে না জাতীয় লিগের ম্যাচ ফি।
গতবারের তুলনায় জাতীয় লিগের বাজেট অবশ্য এবার একটু বাড়ছে। ৩ কোটি ৯৭ লাখ টাকা বেড়ে হচ্ছে ৪ কোটি ৩ লাখ টাকা। বিস্ময়কর হলো পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের কাছ থেকে পাওয়া যাচ্ছে মাত্র ৪০-৪৫ লাখ টাকা! আকরাম টাকার অঙ্কটা নিশ্চিত না করলেও বলেছেন, ‘জাতীয় লিগের জন্য স্পনসর খোঁজার চেষ্টা করেও আমরা আশাব্যঞ্জক সাড়া পাই না। শেষ মুহূর্তে ওয়ালটনকে অনুরোধ করলে তারা এগিয়ে আসে।’
এ দিক দিয়ে বিসিবির ধন্যবাদই প্রাপ্য ওয়ালটনের। একটা সময়ে ইস্পাহানী মির্জাপুর চা ছিল জাতীয় লিগের নিয়মিত পৃষ্ঠপোষক। তারা সরে যাওয়ার পর এক-দুই মৌসুম পৃষ্ঠপোষক ছাড়াই হয়েছে লিগ। এরপর এগিয়ে আসে ওয়ালটন এবং এ নিয়ে টানা পঞ্চমবারের মতো জাতীয় লিগের সঙ্গে থাকছে তাদের নাম।
কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে যখন বাংলাদেশের নামটা সম্মানের সঙ্গে উচ্চারিত হচ্ছে, তখনো কেন ক্রিকেট বিপণনে ব্যর্থ বিসিবি? দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেটের আসরের জন্য কেন মিলবে না উপযুক্ত পৃষ্ঠপোষক? প্রশ্নটার উত্তর সবচেয়ে ভালো দিতে পারতেন বিসিবির বিপণন ও বাণিজ্য বিভাগের প্রধান কাজী ইনাম আহমেদ। কিন্তু স্পনসরের নাম ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি অনুপস্থিত। পরে মুঠোফোনে বেশ কয়েকবার চেষ্টা করেও পাওয়া গেল না তাঁকে। সংবাদ সম্মেলনে আকরাম খানের সঙ্গে ছিলেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এবং ওয়ালটনের তিন কর্মকর্তা এস এম জাহিদ হাসান, উদয় হাকিম ও ফিরোজ আলম।