বাটকে নিয়ে সাংবাদিকের প্রশ্নে ইনজামামের 'হুক'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটকে এখনই জাতীয় দলে নেওয়ার পক্ষে নন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। ছবি: রয়টার্স
বাটকে এখনই জাতীয় দলে নেওয়ার পক্ষে নন পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল হক। ছবি: রয়টার্স

হুক, পুল, ড্রাইভ, কাট, সুইপ, রিভার্স সুইপ—কী ছিল না ইনজামাম-উল হকের ব্যাটে! সব মিলিয়ে ছিলেন পরিপূর্ণ এক ব্যাটসম্যান। পাকিস্তানের সাবেক অধিনায়ক যে বাকপটু তার নজিরও রাখলেন লাহোরে পাকিস্তানি ক্রীড়া সাংবাদিকদের একটি অনুষ্ঠানে গিয়ে। স্পট ফিক্সিংয়ের শাস্তির মেয়াদ শেষ করে ক্রিকেটে ফেরা সালমান বাটকে দলে নেওয়ার বিষয়ে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন তাঁকে। পাকিস্তানের প্রধান নির্বাচক এর উত্তর এমনভাবে দিয়েছেন, যেন কোনো ফাস্ট বোলারের ধেয়ে আসা বাউন্সার হুক করে সীমানা ছাড়া করেছেন!
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে বাটের ফেরাটা ভালো হয়েছে বলে উল্লেখ করে ওই সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, বাটকে কবে জাতীয় দলে ডাকা হবে। পাদটীকা হিসেবে তিনি যোগ করেছিলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান তো বাটকে দলে নেওয়ার ব্যাপারে সবুজ সংকেতও দিয়েছেন। প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনেছেন ইনজামাম। উত্তরটা দিয়েছেন মজা করেই, ‘আপনি ঠিক বলেছেন! আপনি নিজেই আপনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন।’
আবার জাতীয় দলে জায়গা করে নিতে বাটকে কী করতে হবে সেই পরামর্শও বাতলে দিয়েছেন ইনজামাম। আর এ ক্ষেত্রে তিনি সাঈদ আজমলের উদাহরণ টেনেছেন, ‘পাঁচ বছর খেলার বাইরে থাকার পর দলে ফিরতে হলে আপনাকে ঘরোয়া ক্রিকেটের সম্পূর্ণ একটি মৌসুম শেষ করতে হবে। আমি (অফস্পিনার) আজমলের উদাহরণ দিতে চাই। অ্যাকশন বদলে ফেরার পর আমরা তাকে তড়িঘড়ি করে জাতীয় দলে নিয়েছিলাম। আমি মনে করি, সিদ্ধান্তটি খুব তাড়াতাড়ি নেওয়া হয়ে গিয়েছিল। ঘরোয়া ক্রিকেটে তার অন্তত ছয় মাস খেলার দরকার ছিল।’
২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছিল বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ পরে সত্য বলে প্রমাণিত হয়। ফাস্ট বোলার আমির শাস্তির মেয়াদ শেষ করে আগেই ক্রিকেটে ফিরেছেন। পাকিস্তান দলেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে এখনো জাতীয় দলে ফেরার অপেক্ষায় আছেন সাবেক অধিনায়ক বাট ও ফাস্ট বোলার আসিফ। সূত্র: জি নিউজ।