বাটকে পাকিস্তান দলে দেখতে চান ওয়াকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান বাট: আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়। ছবি: এএফপি।
সালমান বাট: আছেন জাতীয় দলে ফেরার অপেক্ষায়। ছবি: এএফপি।

যথেষ্ট শিক্ষা হয়েছে। ঘরোয়া ক্রিকেটেও খেলছেন চমৎ​কার। একটি সুযোগ তো তাঁকে দেওয়াই যায়— সালমান বাটের বিষয়ে ওয়াকার ইউনিসের ভাবনাটা এ রকমই। ওয়াকারের মতে, স্পট ফিক্সিংয়ের দায়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফেরা বাট পাকিস্তান দলে একটা সুযোগ পেতেই পারেন।
২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েছিলেন বাট। সেই সময়ের পাকিস্তান দলের অধিনায়কের সঙ্গে এতে জড়িত ছিলেন দুই ফাস্ট বোলার মোহাম্মদ আমির ও আসিফ। পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এরই মধ্যে আবার পাকিস্তান দলে ফিরেছেন আমির। টেস্টে দলের নিয়মিত সদস্যও হয়ে উঠেছেন তিনি। আসিফ আর বাট এখনো ব্রাত্য জাতীয় দলে। নির্বাচকেরা যেন উপেক্ষাই করছেন তাদের।
বাটের অপেক্ষার পালাটা অবশ্য লম্বা নাও হতে পারে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে লম্বা দৈর্ঘ্যের ম্যাচের টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে ভালো পারফর্ম করেছেন। ফাইনালের দুই ইনিংসে সেঞ্চুরি করে ওয়াপদাকে এনে দিয়েছেন এই টুর্নামেন্টে প্রথম শিরোপা। দলটিকে নেতৃত্বও দিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর বাটের হয়ে কথা বললেন ২০১০ সালের সেই সফরে পাকিস্তানের কোচ ওয়াকার, ‘সে সত্যি খুব ভালো খেলছিল। সে শাস্তির মেয়াদও শেষ করেছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, সবারই সুযোগ পাওয়ার অধিকার আছে।’
কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল শেষে ক্রিকইনফোকে নিজের মনের কথা বলেছিলেন বাট। তাঁর সেই সময়ের কথায় ফুটে উঠেছিল আবার পাকিস্তানের হয়ে মাঠে নামার আকুতি। জীবনে যথেষ্ট শিক্ষা পেয়েছেন বলেও উল্লেখ করেছিলেন তিনি। নিজেকে শুধরে নিয়ে এক মানুষ হয়ে ওঠার গল্পও বলেছেন বাট। সূত্র: ক্রিকইনফো