বাটলারের ব্যাটে এবারের আইপিএলের প্রথম শতক

শতকের পর বাটলারছবি: আইপিএল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলের নিজের প্রথম ম্যাচে ৩৫ রানের ছোট্ট ইনিংসেই ছন্দে থাকার আভাস দিয়েছিলেন জস বাটলার। বোঝাই যাচ্ছিল, ব্যাটিং পাওয়ার–প্লে শেষে মাঝের ওভারগুলো টিকে গেলেই হয়তো বড় ইনিংসের দেখা পেয়ে যাবেন রাজস্থান রয়্যালসের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

বাটলারের অপেক্ষাটা দীর্ঘ হয়নি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে রাজস্থানের দ্বিতীয় ম্যাচেই বাটলার করে ফেলেছেন এবারের আইপিএলের প্রথম ও  তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় শতক। তাঁর ঠিক ১০০ রানের ইনিংসে রাজস্থান ১৯৩ রানের বড় স্কোর গড়ে। ঈশান কিষান ও তিলক ভার্মার জোড়া ফিফটির পরও যে রান টপকাতে পারেনি মুম্বাই। ২৩ রানের জয়ে আইপিএল পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে রাজস্থান।

৩৩ বলে ৬১ রান করেছেন তিলক
ছবি: আইপিএল

ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বাইয়ের আমন্ত্রনে ব্যাট করতে নেমেই বাটলার–ঝড়ের মুখে পড়ে রোহিত শর্মার দল। ৩২ বলে অর্ধশত করে একই গতিতে তিন অঙ্কের দিকে এগিয়েছেন বাটলার। ১৯তম ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ৬৮ বলে করেছেন ১০০, যাতে ছিল ১১টি চার ও ৫টি ছয়। অধিনায়ক সঞ্জু স্যামসন ভালোই সঙ্গ দিয়েছেন তাঁকে। তৃতীয় উইকেটে দুজন যোগ করেছেন ৮২ রান, যা এসেছে মাত্র ৫০ বলে। ২১ বল খেলে ৩০ রান করে স্যামসন আউট হলেও খুব একটা ক্ষতি হয়নি রাজস্থানের। শিমরন হেটমায়ার যে ক্রিজে এসেই শুরু করেছেন তাণ্ডব।

পোলার্ড প্রত্যাশা পূরণ করতে পারেননি। ২৪ বলে করেছেন ২২ রান
ছবি: আইপিএল

যে তাণ্ডব থামিয়েছেন যশপ্রীত বুমরাহ। ১৯তম ওভারে এসে চার বলের মধ্যে বাটলার ও হেটমায়ারকে ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার। ওই ওভারেই ৬৬ বলে শতক পূর্ণ করেন বাটলার। পরের বলেই বাটলারকে বোল্ড করে দেন বুমরাহ। হেটমেয়ার আউট হন ১৪ বলে ৩৫ করে। ওই ওভারেরই শেষ বলে রবিচন্দ্রন আশ্বিন রান আউট হলে ২ রানের মধ্যে ৩ উইকেট হারায় রাজস্থান। তবে মুম্বাইয়ের সর্বনাশ যা হওয়ার তা আগেই হয়ে গেছে। শেষ দুই ওভারে মাত্র ১১ রান তোলার পরও রাজস্থানের সংগ্রহ দাঁড়ায় ১৯৩।

ব্যাটিংয়ে শতকের পর দুটি ক্যাচও নিয়েছেন বাটলার। এর মধ্যে স্যামসকে ফিরিয়ে দেওয়া ক্যাচটা ছিল দুর্দান্ত
ছবি: আইপিএল

দলটা মুম্বাই ইন্ডিয়ান্স বলেই এই রানকেও নিরাপদ বলা যাচ্ছিল না। রোহিত ১০ রান করে আউট হয়ে যাওয়ায় অবশ্য শুরুতেই বড় একটা ধাক্কা খায় তারা। ঈশান ও তিলক জুটি গড়ে মুম্বাইকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখেন। দুজনই অর্ধশত করেছেন। কিন্তু অন্তত একজনের ইনিংসের শেষ পর্যন্ত টিকে থাকা দরকার ছিল। ট্রেন্ট বোল্ট ও রনিচন্দ্রন অশ্বিন সেটি হতে দেননি। দুই থিতু ব্যাটসম্যানকে হারিয়ে বেশিদূর যেতে পারেনি মুম্বাই। শেষ পর্যন্ত ৮ উইকেটে মুম্বাই করেছে ১৭০ রান।