বাটলারের ব্যাটে পাঁচ রেকর্ড...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জস বাটলারের সেঞ্চুরিটি শুক্রবার বিধ্বস্ত করেছে পাকিস্তানকে। তাঁর ব্যাটেই ইংল্যান্ডের স্কোরটা ফুলে-ফেঁপে এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যেখান থেকে লড়াইটা কঠিনই হয়ে গিয়েছিল পাকিস্তানের জন্য। বাটলারেরর ব্যাট থেকে মাত্র ৫২ বলে আসা ১১৬ রানের ইনিংসটি অবশ্যই ম্যাচজয়ী; কিন্তু এই ইনিংস পরিসংখ্যানবিদদের কাজ শুক্রবার রাতে একটু কঠিনই করে তুলেছিল। বাটলার নিজেও হয়তো ড্রেসিং রুমে ফিরে অবাক হয়েছেন, নিজের অর্জনগুলো দেখে...
জস বাটলার
জস বাটলার

* জস বাটলার শুক্রবার পাকিস্তানের বিপক্ষে তাঁর সেঞ্চুরিটি করেছেন মাত্র ৪৬ বলে। ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে এটি দ্রুততম সেঞ্চুরি। ইংল্যান্ডের পক্ষে এর আগে সবচেয়ে দ্রুত দুটি সেঞ্চুরিও কিন্তু বাটলারেরই ছিল। গত বছর লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে ৬১ বলে আর এ বছর জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ বলে। কাল ৪৬ বলে তাঁর এই সেঞ্চুরিটি পাকিস্তানের বিপক্ষেও দ্রুততম সেঞ্চুরি। ১৯৯৬ সালে সিঙ্গাপুরে সনৎ জয়াসুরিয়া পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ৪৮ বলে। সংযুক্ত আরব আমিরাতের মাঠেও দ্রুততম সেঞ্চুরি এটি। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে পাকিস্তানের বাসিত আলীর ৬৭ বলে সেঞ্চুরিটিই মরু-প্রান্তরে দ্রুততম সেঞ্চুরি ছিল।

* ইনিংসের ২৫ তম ওভারের পর ব্যাট করতে নেমে এ নিয়ে দ্বিতীয়বার সেঞ্চুরি করলেন জস বাটলার। কালকের ম্যাচে ৩৬ তম ওভারে ব্যাট করতে নেমে তিনি ১১৬ রান করেন ৫২ বলে। এর আগে লর্ডসের ওই ম্যাচে ২৯ তম ওভারে ব্যাট করতে নেমে তিনি করেছিলেন ৭৪ বলে ১২১। ২৫ তম ওভারের পর ব্যাটিংয়ে নেমে বাটলারের চেয়ে বেশি সেঞ্চুরি করেছেন শুধু দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সই (৫ টি)। ২৫ তম ওভারের পর নেমে দুটি সেঞ্চুরি আছে ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলিরও।

* কালকের ম্যাচে বাটলারের স্ট্রাইকরেট ছিল ২২৩.০৭। যা পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। আরও নির্দিষ্ট করে বললে বাটলারের এই দুই শ ছাড়ানো স্ট্রাইকরেট পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র। এর আগে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা ইংলিশ ব্যাটসম্যানদের সর্বোচ্চ স্ট্রাইকরেট ছিল এউইন মরগানের—১৯৭.০৫। ২০০৯ সালে সেঞ্চুরিয়নে মরগান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪ বলে করেছিলেন ৬৭ রান। বাটলারের এই স্ট্রাইকরেট আরও একটি জায়গায় ছাড়িয়ে গেছে অন্য সবাইকে। চার নম্বরে ব্যাট হাতে মাঠে নামে শতরান করা ব্যাটসম্যানদের মধ্যে তিনিই এই মুহূর্তে সর্বোচ্চ স্ট্রাইকরেটের অধিকারী। ২০০৬-০৭ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে মার্ক বাউচার শতরান করেছিলেন ২১৬.১৭ স্ট্রাইকরেটে। গত মাসে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ডি ভিলিয়ার্সের ঝড়ের তাণ্ডবও ছিল শুক্রবারের বাটলারের চেয়ে কম (১৯৫.০৮)।

* শুক্রবার পাকিস্তানের বিপক্ষে মোট ৮টি ছয় মেরেছেন বাটলার। এক ইনিংসে কোনো ইংলিশ ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এটি। এর আগে, ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে অ্যান্ড্রু ফ্লিনটফের মেরেছিলেন সাতটি ছক্কা।

* বাটলারের অনবদ্য সেঞ্চুরিতে শুক্রবার ৫ উইকেট ৩৫৫ রান করে ইংল্যান্ড, বিদেশের মাটিতে যেটি তাদের সর্বোচ্চ স্কোর। এর আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ২০০৭-০৮ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে, ৬ উইকেটে ৩৪০। কালকের ৩৫৫ রান সংযুক্ত আরব আমিরাতে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে শারজায় ৭ উইকেটে ৩৬৪ করেছিল পাকিস্তান—যা আজও আমিরাতের মাটিতে কোনো দলের সর্বোচ্চ সংগ্রহ।