বাটলার-ঝড়ে সিরিজ ইংল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ডের পক্ষে দ্রুততম সেঞ্চুরির পর বাটলার l ক্রিকইনফো
ইংল্যান্ডের পক্ষে দ্রুততম সেঞ্চুরির পর বাটলার l ক্রিকইনফো

ইংল্যান্ডের হয়ে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডটা তাঁর দখলেই ছিল। সেটিকে আবার নতুন করে লিখলেন জস বাটলার। কাল দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৬ বলে করলেন সেঞ্চুরি। তাঁর ব্যাটিং ঝড়েই সিরিজের শেষ ওয়ানডেতে ৩৫৫ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। যার নিচে চাপা পড়ে ৮৪ রানে ম্যাচ হেরেছে পাকিস্তান। ৪ ম্যাচের সিরিজ হার ৩-১ ব্যবধানে।
৫৪ রানে অ্যালেক্স হেলসকে হারালেও ইংল্যান্ডকে বড় রানের ভিত্তি গড়ে দেয় জেসন রয় ও জো রুটের ১৪০ রানের দ্বিতীয় উইকেট জুটি। ১১৭ বলে ৮ চার ও ১ ছক্কায় ১০২—আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ওপেনার রয়ের। ৭১ বলে ৭১ করেছেন রুট। দুজনে ৭ রানের ব্যবধানে আউট হয়ে গেলে স্কোরবোর্ডে ইংল্যান্ড ২০১/৩। এরপর ২২৭ রানে এউইন মরগান ফিরে গেলে বাটলার ঝড়ের শুরু। উইকেটের অন্য প্রান্তে টেলরকে দর্শক বানিয়ে তাণ্ডব চালালেন বাটলার। শেষ ১০ ওভারে ১২৯ রান তুলেছে ইংলিশরা। ১০ চার এবং ৮ ছক্কায় বাটলার ৫২ বলে ১১৬* করে দলকে তুলে দিয়েছেন রানের পাহাড়ে। তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পাওয়া বাটলার শুরু করেছিলেন রয়েসয়েই। প্রথম ১৯ বলে ১৭, সেই ব্যাটসম্যানই পরের ৩৩ বলে করলেন ৯৯ রান।
রান তাড়া করতে আসা পাকিস্তান শেহজাদ (১৩), আজহার (৪৪) ও হাফিজকে (৩৭) হারিয়ে ২৫ ওভারে ১৭৬ রান করেছিল। এ সময় মনে হয়েছিল, জয়ের সঠিক পথেই আছে তারা। তবে এরপর সময় যত গড়িয়েছে, ম্যাচ ততই হেলে পড়েছে ইংল্যান্ডের দিকে। ৩৪ বলে ৩টি চার ও ২টি ছয়ে ইনিংস সর্বোচ্চ ৫২ করেন শোয়েব মালিক। ৫১ বলে ৫১ বাবর আজম। ৪৩ রানে শেষ পাঁচ উইকেট হারিয়ে ৪০.৪ ওভারে পাকিস্তান অলআউট ২৭১ রানে।

দুই দলের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি হবে ২৬ নভেম্বর, দুবাইয়ে। ক্রিকইনফো।

ইংল্যান্ডের পক্ষে দ্রুততম ওয়ানডে সেঞ্চুরি

বল  ব্যাটসম্যান            বিপক্ষ          ভেন্যু       সাল

৪৬ জস বাটলার           পাকিস্তান      দুবাই       ২০১৫

৬১  জস বাটলার            শ্রীলঙ্কা         লর্ডস       ২০১৪

৬৬  জস বাটলার           নিউজিল্যান্ড   এজবাস্টন   ২০১৫

৬৯  কেভিন পিটারসেন    দ. আফ্রিকা    ইস্ট লন্ডন  ২০০৫      

৭১  জো রুট               নিউজিল্যান্ড    এজবাস্টন   ২০১৫