বাটের লিখিত স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপের স্বীকারোক্তি সালমান বাট আগেই করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক এবার পিসিবির কাছে লিখিতভাবে স্বীকার করলেন স্পট ফিক্সিংয়ে তিনি জড়িত ছিলেন। পরশু পিসিবি-প্রধান শাহরিয়ার খান জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডই স্বীকারপত্রটি তৈরি করে বাটকে দেয় তাতে স্বাক্ষর করার জন্য। কালবিলম্ব না করে সই করে দিয়েছেন ক্রিকেটে ফিরতে মরিয়া ‘কলঙ্কিত নায়ক’।
কেন এই স্বীকারোক্তি, বার্তা সংস্থাগুলোর কাছে পরশু ব্যাখ্যাও করেছেন ৩১ বছর বয়সী বাট, ‘আমি স্বীকারোক্তিমূলক চিঠিতে সই করেছি, কারণ আমি ঘরোয়া ক্রিকেটে খেলতে চাই। আগামী মৌসুমের জন্য বেশ কটি দল আমাকে নেওয়ার প্রস্তাব দিয়েছে।’ বাজিকরদের কাছ থেকে টাকা নিয়ে ২০১০ সালে লর্ডস টেস্টে মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফকে দিয়ে ইচ্ছাকৃতভাবে তিনটি নো-বল করিয়েছিলেন বাট। পাঁচ বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ মোট ১০ বছর নিষিদ্ধ হওয়া বাট ২০১৩ সালে প্রথম প্রকাশ্যে দোষ স্বীকার করে নেন। তবে পিসিবি মৌখিক সেই স্বীকারোক্তি আমলে নেয়নি। এখন লিখিত স্বীকারোক্তি দেওয়ায় আগামী ১ সেপ্টেম্বর উঠে যাওয়ার কথা তাঁর পাঁচ বছরের নিষেধাজ্ঞা। এএফপি।