বাতাসের নগরে ক্রিকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমনই বাতাস, একটা পলিথিন উড়ে এসে পড়ল স্টাম্পের কাছে। আরেকবার তো আম্পায়ারের হ্যাটই মাথা থেকে খুলে পড়ে গেল! কাল ওয়েলিংটনে l ছবি: বিসিবি, এএফপি
এমনই বাতাস, একটা পলিথিন উড়ে এসে পড়ল স্টাম্পের কাছে। আরেকবার তো আম্পায়ারের হ্যাটই মাথা থেকে খুলে পড়ে গেল! কাল ওয়েলিংটনে l ছবি: বিসিবি, এএফপি

লোকটা মূকাভিনয় করছেন না তো! ওয়েলিংটনের রাস্তায় পথ চলতে কারও শরীরী ভাষা দেখে সে রকম মনে হতে বাধ্য। হাঁটার ভঙ্গিতে অদ্ভুত কিছু ব্যাপার...শরীর একবার ডানে দুলছে, তো একবার বাঁয়ে। বাতাসে হাতের ভর দিয়ে ভারসাম্য রক্ষার চেষ্টা। হাত নেড়ে, পা তুলে সামনে এগোনোর ভঙ্গি, কিন্তু এগোচ্ছেন না। পদক্ষেপগুলো এক জায়গাতেই আটকে থাকছে। চেহারায় দাঁত-মুখ খিঁচিয়ে কঠিন কিছু করার চেষ্টা। শরীর বাঁকা হয়ে যাচ্ছে ধনুকের মতো।

মুখে রং-টং লাগিয়ে দিলে ওয়েলিংটনের রাস্তায় আটকে যাওয়া এই লোকগুলোকে মূকাভিনেতাই মনে হবে। বাস্তবে এঁরা সব বাতাসের কাছে হার মানা মানুষ। এই শহরে বাতাসের সঙ্গে লড়াই করে জিতেছেন, এমন লোক খুঁজে পাওয়া কঠিন।

এত কথা বলার চেয়ে সরাসরি বলে দেওয়া ভালো—ওয়েলিংটন হচ্ছে বাতাসের নগর, পৃথিবীর সবচেয়ে বাতাসবহুল শহর। বাতাসের গতি এখানে যতটা তীব্র, তা আর কোথাও নেই। ভৌগোলিক অবস্থানের কারণেই শহরের এই বৈশিষ্ট্য। সমুদ্র থেকে নর্থ ও সাউথ আইল্যান্ডের মাঝের ‘করিডর’ দিয়ে ঢোকা প্রচণ্ড বাতাস ওয়েলিংটনে সব সময়ই ‘হাওয়া মে উড়তা যায়ে’ পরিস্থিতি সৃষ্টি করে রাখে। এই কারও মাথার ক্যাপ উড়ে যাচ্ছে তো, কারও হাত থেকে ছুটে যাচ্ছে ব্যাগ। কেউ হয়তো বাতাসে ভাসতে থাকা মূল্যবান কোনো কাগজের পেছনে ছুটছেন। বাতাসের জোর কম থাকলে শরীর ঠেলে হাঁটা যায়, কিন্তু সেটা দেখেও মনে হতে পারে যে, আপনি কোনো মহাকাশযানের ভেতরে আছেন।

এখানকার মানুষ নতুন কারও সঙ্গে কুশল বিনিময়ের জন্য যে কথাগুলো বলেন, তার একটা হলো, ‘আজ বাতাস কেমন লাগছে?’ বেশির ভাগ সময়ই উত্তর হয়, ‘ভেরি উইন্ডি...।’ গত দুই দিনের পরিস্থিতি এই ‘ভেরি উইন্ডি’কেও হার মানিয়েছে। কাল ওয়েলিংটনের ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৬০ কিলোমিটারের মতো। এখানকার মানুষই বলছেন, গতিটা স্বাভাবিকের চেয়ে বেশি।

বাতাসের তাণ্ডব টের পাওয়া যাচ্ছিল পরশু রাত থেকেই। শহরময় শোঁ শোঁ শব্দ। সমুদ্র থেকে ধেয়ে আসা বাতাস দালানকোঠার চক্করে পড়ে যেন পাগলের মতো ঘুরছে। রিজেস ওয়েলিংটন হোটেলের দশম তলার জানালা দিয়ে সেই ‘পাগল’টাকে খুঁজতে চেয়েও পেলাম না। তবে তার অশরীরী উপস্থিতি টের পেলাম। উল্টো দিকের ভবনে ঝোলানো কোকা-কোলার বিশাল ব্যানার দেয়াল থেকে প্রায় খুলেই আসছিল, সড়কবিভাজকের ঝোপের মতো গাছগুলো মাথা সোজা রাখছিল অনেক যুদ্ধ করে।

ওয়েলিংটন টেস্টের প্রথম দিনে অস্বাভাবিক বাতাসের ঝাপটা সামলাতে হয়েছে ক্রিকেটারদেরও। তামিম ইকবালের অভিজ্ঞতা, ‘ব্যাপারটা অনেকটা এমন যে আপনি ব্যাটিং করছেন, আর পেছন থেকে কেউ আপনাকে টেনে ধরছে। খুব ভারী বাতাস। ম্যাচ অফিশিয়ালরা আগেই বলে দিয়েছিলেন, খুব জোরে বাতাস এলে আমরা খেলা থামিয়ে দিতে পারব।’ মাঠে একটু বাতাস থাকলেই সেটা খেলায় প্রভাব ফেলে। আর ওয়েলিংটনের বাতাস তো রীতিমতো খেলার একটা অস্ত্র। উইকেটের মতো ব্যাটসম্যান, বোলাররা বাতাসকে কতটা কাজে লাগাতে পারলেন, তার ওপরও নির্ভর করে ম্যাচের ফল। কাল তো সেটা টেলিভিশন সম্প্রচারেও ব্যাঘাত ঘটাল। ক্যামেরা রাখা ঝুঁকিপূর্ণ ছিল বলে খেলা দেখানো হলো শুধু এক প্রান্ত থেকে।

ওয়েলিংটনের সবকিছুর মধ্যেই বাতাসের শক্তি টের পাওয়া যায়। রাস্তায় গাড়ির দরজা খুলে বের হওয়ার সময় যেমন অদৃশ্য বাধা পাবেন, তেমনি মাউন্ট ভিক্টোরিয়া লুকআউটে উঠেও বুঝবেন—এই শহরে সবচেয়ে শক্তিশালী হলো বাতাস। শহরের মধ্যেই থাকা উঁচু এই পাহাড়ের ওপর থেকে ওয়েলিংটনকে মনে হবে ক্যানভাসে আঁকা একটা ছবি। বাতাসের ঝাপটায় যে ছবি রং বদলায় প্রতিমুহূর্তে। বাতাসই ক্যানভাসে উড়িয়ে আনছে মেঘের ছায়া, বাতাসই মেঘ সরিয়ে শহরটাকে দিচ্ছে সোনালি রোদ্দুর।