বাদ তানভীর, এলেন তাইজুল
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এবার টি-টোয়েন্টি পরীক্ষা। কাল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ জনের দলে সুযোগ পেয়েছেন তাইজুল ইসলাম। এই দলে আছেন শুভাগত হোমও।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড থেকে পরিবর্তন এসেছে দুটি। ওয়ানডে সিরিজে অভিষিক্ত লেগ স্পিনার তানভীর হায়দার ও অক্টোবরে ইংল্যান্ডের সঙ্গে টেস্টে দুর্দান্ত খেলা মেহেদী হাসান মিরাজকে রাখা হয়নি টি-টোয়েন্টি দলে। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে মুশফিকুর রহিম আগেই ছিটকে পড়েছেন। টি-টোয়েন্টি সিরিজেও মুশফিকের জায়গায় খেলবেন নুরুল হাসান।
বাংলাদেশ টেস্টে দলে নিয়মিত মুখ তাইজুল। চারটি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও আছে বাঁহাতি স্পিনারের। তবে কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি তাঁর। সৌম্য সরকার আছেন টি-টোয়েন্টি দলে। কিউইদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে একটি ম্যাচও না খেলা রুবেল হোসেন আছেন এই দলে।
মুশফিকের মতো হ্যামস্ট্রিংয়ের চোটে দল থেকে ছিটকে পড়েছেন নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। তাঁর জায়গায় কিউই টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নিল ব্রুম। আগামী পরশু সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি নেপিয়ারে। মাউন্ট মনগানুইতে পরের দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে ৬ ও ৮ জানুয়ারি।
নিউজিল্যান্ড সিরিজের টি-টোয়েন্টি দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, শুভাগত হোম ও শুভাশিস রায়।