বাদ পড়লেন লিটন

চার বছর পর টি-টোয়েন্টি খেলতে নামছেন ইমরুল কায়েস। ২০১১ সালের নভেম্বরের পর আরেক নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পাচ্ছেন ওয়ানডেতে দুই ইনিংসে দারুণ ব্যাটিং করা ইমরুল। আর তাঁকে জায়গা দিতে বাদ পড়েছে লিটন দাস।
৯ ওয়ানডেতে ১৫.৫০ গড়ে ১২৪ রান, ৩টি টি-টোয়েন্টিতে ১৬.৩৩ গড়ে ২২ রান, সব ধরনের ফরম্যাটে ১৫ ইনিংস খেলে মাত্র একটি ফিফটি। এমনিতেই লিটনের ওপর চাপ তৈরি হচ্ছিল। তবে অধিনায়ক মাশরাফি বরাবরই সমর্থন দিয়ে গেছেন লিটনকে। গত জুনে অভিষেকের পর এই প্রথম দল থেকে বাদ পড়লেন তিনি।
আজ লিটনকে সাময়িকভাবে দল থেকে বাদ দেওয়া হলো কি না, সেই ব্যাখ্যা জানা যায়নি। তবে সামনের বিপিএলে দারুণ কিছু না করতে পারলে সামনের বড় দুটো টি-টোয়েন্টি টুর্নামেন্ট এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে লিটনের দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
একাদশে আছে আরেকটি পরিবর্তন। গত ম্যাচে অভিষিক্ত জুবায়ের হোসেনের জায়গায় খেলছেন আরাফাত সানি। গত ম্যাচটি ছিল যেকোনো পর্যায়ের স্বীকৃত ক্রিকেটেই জুবায়েরের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এর আগে ঘরোয়া টি-টোয়েন্টিতেও জায়গা হয়নি এই লেগ স্পিনারের।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।