বাদ পড়া চান্ডিমালই এখন শ্রীলঙ্কার নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থারাঙ্গাকে ওয়ানডে আর চান্ডিমালকে টেস্ট দলের দায়িত্ব দিল শ্রীলঙ্কা। ফাইল ছবি
থারাঙ্গাকে ওয়ানডে আর চান্ডিমালকে টেস্ট দলের দায়িত্ব দিল শ্রীলঙ্কা। ফাইল ছবি

এই সিরিজে কেন ছিলেন না দিনেশ চান্ডিমাল? কেউ দেখাচ্ছেন চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর বাজে ফর্মের কারণ। কেউ বলছেন, এর পেছনে আছে রাজনীতি। যদি পরেরটাই আসল কারণ হয়ে থাকে, তবে রাজনীতির ময়দানে পাশার ছক যেভাবে পাল্টে যায়, শ্রীলঙ্কার ক্রিকেটেও ঠিক তেমন এক পালাবদল যেন হলো। জিম্বাবুয়ে সিরিজে জায়গা না পাওয়া চান্ডিমালই এখন দেশটির অধিনায়ক। অবশ্য তাঁকে দেওয়া হয়েছে টেস্ট দলের দায়িত্ব। টেস্টে তাঁর ফর্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছেন উপুল থারাঙ্গা।

গত দুদিনে শ্রীলঙ্কার ক্রিকেটে কিছু নাটকীয় ঘটনা ঘটল। জিম্বাবুয়ের কাছে ঘরের মাটিতে সিরিজ হার। পরশু জিম্বাবুয়ের কাছে হারার পর অ্যাঞ্জেলো ম্যাথুস বলেছিলেন, অধিনায়কের পদ থেকে সরে যাওয়ার চিন্তা এখনই করছেন না। এ নিয়ে ভাববেন, নির্বাচকদের সঙ্গে কথা বলবেন। এই খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরেই খবর আসে, ম্যাথুস সরে দাঁড়িয়েছেন। সেটিও গতকাল রাতের ঘটনা, সারা দিনে এর আঁচ পাওয়া যায়নি। পর্দার আড়ালে কী ঘটেছে, সে ব্যাপারে এখনো পরিষ্কার ধারণা পাওয়া যায়নি।

ম্যাথুস অবশ্য দাবি করেছেন, তাঁর মনের মধ্যেই দ্বিধা কাজ করছিল বলে সিদ্ধান্তহীনতায় ছিলেন, ‌‘চোখে পড়ার মতো খারাপ খেলা আমরা খেলেছি। এটা আমাকে স্বীকার করতেই হবে। এর আগেও আমি সরে যেতে চেয়েছিলাম বেশ কবার। কিন্তু সে সময় চাইনি দলের ওপর এর প্রভাব পড়ুক। মূল কারণ ছিল, অধিনায়কের দায়িত্ব নেওয়ার মতো কেউ ছিল না। ব্যক্তিগত চাওয়ার চেয়ে দলীয় স্বার্থকে বড় করে দেখেছিলাম। আমার মাথায় দুটি ভাবনা চলছিল। এটাই কি সঠিক সময়? এখন আমার মনে হচ্ছে, যোগ্য পরিবর্ত আমরা পেয়ে গেছি, যারা আমার বদলে দায়িত্ব নিতে পারবে। তারা আমার চেয়ে সফল ও ভালো অধিনায়ক হবে, আমি নিশ্চিত। তা ছাড়া আমি নতুন অধিনায়ককে আগামী বিশ্বকাপের জন্য তার দল গড়ে তুলতে যথেষ্ট সময়ও দিতে চেয়েছিলাম। এই দুটিই আমার সরে যাওয়ার মূল কারণ।’

টেস্ট অধিনায়ক হিসেবে চান্ডিমালের অভিষেক হয়ে যাচ্ছে দ্রুতই। আগামী শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট শুরু। এরপর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ আছে শ্রীলঙ্কার।